• লাইফস্টাইল

‎আজ শুভ দাম্পত্য দিবস, জীবনসঙ্গীকে দিন একটু বাড়তি সময়

  • লাইফস্টাইল

ছবিঃ সংগৃহীত

‎লাইফস্টাইল ডেস্ক: দাম্পত্য জীবনে ভালোবাসা, বিশ্বাস আর পারস্পরিক বোঝাপড়ার গুরুত্ব অনেক। ব্যস্ত জীবনের নানা দায়িত্বের ভিড়ে অনেক সময় জীবনসঙ্গীকে আলাদা করে সময় দেওয়া হয়ে ওঠে না। একে ওপরের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের সেই সুযোগ করে দিতেই প্রতিবছর ২২ নভেম্বর উদযাপন করা হয় ‘শুভ দাম্পত্য দিবস’।
‎
‎জাপানে দিনটি ‘ইই ফুফু নো হি’ নামে পরিচিত। মূলত বিবাহিত দম্পতিদের সম্পর্কের বন্ধনকে সম্মান জানানো এবং স্বামী-স্ত্রীর মধ্যে ভালোবাসা ও সম্প্রীতি বাড়ানোই এই দিবসের মূল উদ্দেশ্য। ২০২৬ সালে দিনটি পড়েছে রোববার।
‎
‎যেভাবে শুরু হয়েছিল দিবসটি
‎
‎শুভ দাম্পত্য দিবসের সূচনা ১৯৮৮ সালে। জাপানের উৎপাদনশীলতা কেন্দ্র দিবসটি চালু করে। ২২ নভেম্বর তারিখটি বেছে নেওয়ার পেছনেও রয়েছে মজার কারণ। জাপানি ভাষায় তারিখটির সংখ্যাগুলোকে এমনভাবে উচ্চারণ করা যায়, যা ‘ইই ফুফু’ শব্দের সঙ্গে মিলে যায়। এর অর্থ ‘ভালো দম্পতি’।
‎
‎এই শব্দের সঙ্গে মিল রেখেই দিনটি দাম্পত্য জীবনের সৌন্দর্য ও পারস্পরিক সম্পর্ক উদযাপনের উপলক্ষ হয়ে ওঠে।
‎
‎যেভাবে উদযাপন করেন দম্পতিরা
‎
‎দিনটি উপলক্ষে জাপানের অনেক দম্পতি একসঙ্গে সময় কাটান। কেউ প্রিয়জনকে উপহার দেন, কেউ বাইরে ঘুরতে যান, আবার কেউ একান্তে সময় কাটিয়ে পুরোনো স্মৃতি মনে করেন। জীবনসঙ্গীর প্রতি ভালোবাসা, কৃতজ্ঞতা ও সম্মান প্রকাশেরও বিশেষ সুযোগ হিসেবে দেখেন দিনটিকে।
‎
‎দাম্পত্য জীবনে ছোট ছোট যত্ন ও আন্তরিকতার গুরুত্ব অনেক। তাই এই দিনে অনেকেই সঙ্গীর প্রতি নিজের অনুভূতি প্রকাশ করেন, ভুল বোঝাবুঝি দূর করার চেষ্টা করেন এবং সম্পর্ককে আরও সুন্দর করে তোলার প্রতিশ্রুতি দেন।
‎
‎জাপান ছাড়িয়ে বিশ্বজুড়ে গুরুত্ব
‎
‎শুভ দাম্পত্য দিবস মূলত জাপানকেন্দ্রিক হলেও বিশ্বের বিভিন্ন দেশের দম্পতিরাও দিনটির ভাবনার সঙ্গে নিজেদের মিল খুঁজে পান। কারণ, ভালোবাসা, বিশ্বাস, সম্মান ও বোঝাপড়া—সুস্থ দাম্পত্য জীবনের এই ভিত্তিগুলো সব দেশেই সমান গুরুত্বপূর্ণ।
‎
‎দিনটি মনে করিয়ে দেয়, সুন্দর দাম্পত্য জীবন গড়ে ওঠে শুধু বড় কোনো আয়োজন বা উপহারে নয়; বরং প্রতিদিনের ছোট ছোট যত্ন, একে ওপরের কথা শোনা এবং কঠিন সময়ে পাশে থাকার মধ্য দিয়ে।

‎তাই আজকের দিনে জীবনসঙ্গীকে একটু বেশি সময় দেওয়া, মনের কথা বলা কিংবা একটি আন্তরিক ধন্যবাদ জানানোই হতে পারে সম্পর্কের বন্ধন আরও দৃঢ় করার সুন্দর উপলক্ষ।

মন্তব্য (০)





image

ফ্যাটি লিভার-ক্যানসারের জন্যও দায়ী প্রদাহ, এই ৩ লক্ষণে আজ...

১

নিউজ ডেস্ক : সকালবেলা ঘুম থেকে উঠেও শরীরজুড়ে ক্লান্তি, ঘন ঘন...

image

জ্বর হলেই ওষুধ নয়, ডেঙ্গু-ম্যালেরিয়া শনাক্তে যেসব লক্ষণে ...

২

নিউজ ডেস্ক : ঋতু পরিবর্তনের প্রভাবে বাড়ছে জ্বর, সর্দি, কাশি,...

image

‎টানা ৩০ দিন সকালের নাশতায় চা-বিস্কুট খেলে শরীরে হতে পারে...

৩

লাইফস্টাইল ডেস্ক: সকালে ঘুম থেকে উঠে কর্মস্থলে যাওয়ার তাড়া। ...

image

আজ বিশ্ব টেলিভিশন দিবস

৪

নিজস্ব ডেস্ক: টেলিভিশন আধুনিক জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। বিনোদন, শিক্ষা, তথ্য ...

image

ধোঁয়াশার মৌসুমে ফুসফুস সুস্থ রাখতে মেনে চলুন ৭টি পরামর্শ

৫

নিউজ ডেস্ক : বায়ুদূষণের মাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে চারপাশে ধোঁ...

  • company_logo