ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : ডায়াবেটিস শুধু রক্তে শর্করার মাত্রা বাড়ায় না, নীরবে কিডনিরও ক্ষতি করতে পারে। রোগের প্রাথমিক পর্যায়ে সাধারণত তেমন কোনো লক্ষণ দেখা যায় না। ফলে অনেকেই বুঝতে পারেন না যে তার কিডনি ধীরে ধীরে কার্যক্ষমতা হারাচ্ছে। চিকিৎসকদের মতে, দীর্ঘদিন রক্তে শর্করার মাত্রা বেশি থাকলে কিডনির সূক্ষ্ম রক্তনালি ও ছাঁকনি ক্ষতিগ্রস্ত হয়। সময়মতো শনাক্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে পরিস্থিতি গুরুতর হয়ে ডায়ালাইসিস কিংবা কিডনি প্রতিস্থাপনের প্রয়োজন হতে পারে।
কিডনির ক্ষতি যেভাবে হয়
চিকিৎসকদের মতে, মানুষের কিডনিতে নেফ্রন নামে লাখ লাখ অতি ক্ষুদ্র ছাঁকনি রয়েছে। এগুলো রক্ত থেকে বর্জ্য পদার্থ ছেঁকে শরীরের বাইরে বের করতে সাহায্য করে। দীর্ঘদিন রক্তে শর্করার মাত্রা বেশি থাকলে এসব সূক্ষ্ম গঠন শক্ত ও ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। একই সঙ্গে উচ্চ রক্তচাপ থাকলে কিডনির কার্যকর টিস্যু নষ্ট হওয়ার প্রক্রিয়া আরও দ্রুত হয়।
শুরুতে প্রস্রাবের সঙ্গে অল্প পরিমাণ প্রোটিন বের হতে পারে। কিন্তু বিষয়টি অবহেলা করলে দীর্ঘদিনের মধ্যে তা কিডনি বিকল হওয়ার পর্যায়ে পৌঁছাতে পারে। তখন ডায়ালাইসিস কিংবা কিডনি প্রতিস্থাপনের প্রয়োজন হতে পারে।
পা ফুলে যাওয়া, প্রস্রাবে অতিরিক্ত ফেনা এবং ক্ষুধামন্দার মতো লক্ষণ দেখা দেওয়ার সময় অনেক ক্ষেত্রেই ডায়াবেটিসজনিত কিডনি রোগ (ডায়াবেটিক নেফ্রোপ্যাথি) অনেকটা অগ্রসর হয়ে যায়।
তবে শুরুতেই রোগ শনাক্ত করা গেলে এ ধরনের জটিলতা প্রতিরোধ বা নিয়ন্ত্রণ করা সম্ভব বলে জানিয়েছেন চিকিৎসক। এজন্য ডায়াবেটিসের প্রাথমিক পর্যায় থেকেই বছরে অন্তত একবার কয়েকটি পরীক্ষা করার পরামর্শ দেন তারা।
প্রয়োজনীয় পরীক্ষা
১. ইউরিন অ্যালবুমিন-টু-ক্রিয়েটিনিন রেশিও (ইউএসিআর): প্রস্রাবের সঙ্গে অতি সামান্য পরিমাণ প্রোটিন বের হচ্ছে কি না, তা শনাক্ত করে। কিডনির প্রাথমিক ক্ষতির ইঙ্গিত পাওয়া যায় এ পরীক্ষায়।
২. সিরাম ক্রিয়েটিনিন ও ইজিএফআর: রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা এবং কিডনির আনুমানিক ছাঁকনক্ষমতা পরিমাপের মাধ্যমে কিডনি কতটা কার্যকরভাবে বর্জ্য পদার্থ বের করতে পারছে, তা বোঝা যায়।
কিডনি ভালো রাখতে চার অভ্যাস
- লবণ নিয়ন্ত্রণ: খাবারে অতিরিক্ত লবণ এড়িয়ে চলতে হবে। সুষম খাবারের পাশাপাশি উদ্ভিজ্জ খাবার বেশি রাখতে হবে। চিকিৎসকের পরামর্শ ছাড়া অতিরিক্ত প্রোটিনসমৃদ্ধ খাদ্যাভ্যাস গ্রহণ করা উচিত নয়।
নিয়মিত ব্যায়াম: সপ্তাহে অন্তত ১৫০ মিনিট দ্রুত হাঁটা বা সাঁতারের মতো মাঝারি মাত্রার ব্যায়াম করা প্রয়োজন। এতে ইনসুলিনের কার্যকারিতা বাড়ে এবং রক্তনালির স্বাস্থ্য ভালো থাকে।
- ওজন নিয়ন্ত্রণ: অতিরিক্ত ওজন কিডনির কার্যক্ষমতা কমিয়ে দিতে পারে। তাই স্বাভাবিক বিএমআই বজায় রাখার চেষ্টা করতে হবে।
- নিজে নিজে ওষুধ নয়: চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যথানাশক ওষুধ, বিশেষ করে এনএসএআইডি গ্রুপের ওষুধ এবং অনির্ভরযোগ্য ভেষজ চিকিৎসা গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে। এসব কিডনির আকস্মিক ক্ষতি করতে পারে।
চিকিৎসকদের পরামর্শ, নিয়মিত পরীক্ষা এবং স্বাস্থ্যকর জীবনযাপনের মাধ্যমে ডায়াবেটিসজনিত কিডনি জটিলতার ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। তাই লক্ষণ প্রকাশের অপেক্ষা না করে শুরু থেকেই কিডনির যত্ন নেওয়া জরুরি।
সূত্র: হিন্দুস্তান টাইমস
নিউজ ডেস্ক : ক্যানসার চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলতে যা...
নিউজ ডেস্ক : মূত্রথলির ক্যানসার শনাক্ত করতে এত দিন সিস্টোস্ক...
নিউজ ডেস্ক : জনসংখ্যা বৃদ্ধি যেকোনো উন্নয়নশীল দেশের জন্য একট...
নিউজ ডেস্ক : স্বাস্থ্যের জন্য এলাচের বেশ কিছু উপকারিতার রয়েছ...
নিউজ ডেস্ক : রাতে ঠিকঠাক ঘুমানোর পরও সকালে শরীরে ক্লান্তি থেকে যাচ্ছে? স...

মন্তব্য (০)