• আন্তর্জাতিক

ইরানের সঙ্গে স্থায়ী চুক্তি চান ট্রাম্প, মানতে হবে যে শর্ত

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সঙ্গে স্থায়ী চুক্তি করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন চুক্তি করতে চান, যাতে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্টই ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ দিতে না পারেন। তবে ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী হলেও নতুন করে যুদ্ধ শুরু হবে না—এমন নিশ্চয়তা চায় তেহরান।

শনিবার (২১ নভেম্বর) ফক্স নিউজকে টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন। 

ট্রাম্প বলেন, ইরান বারবার চুক্তি ভঙ্গ করেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর পরদিনই তারা সেই চুক্তি থেকে সরে যায় বলেও অভিযোগ করেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা একটি চুক্তি করি, আর পরদিনই তারা সেটি ভেঙে ফেলে।’ তাই এবার এমন একটি সমঝোতা করতে চান, যা হবে স্থায়ী।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ফক্স নিউজকে ট্রাম্প বলেছেন, ‘আমি এমন একটি চুক্তি করতে যাচ্ছি, যা স্থায়ী হবে।’

তিনি আরও বলেন, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের কোনো প্রশাসন যেন নীতির পরিবর্তন করে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দিতে না পারে, তা নিশ্চিত করতে চান তিনি।

ইরানে সরকার পরিবর্তনের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়েও কথা বলেন ট্রাম্প। তিনি দাবি করেন, এরই মধ্যে ইরানের নেতৃত্বের একাধিক গোষ্ঠীর সঙ্গে যুক্তরাষ্ট্রকে কাজ করতে হয়েছে।

ট্রাম্প বলেন, ‘আমরা এখন তৃতীয় গোষ্ঠীর সঙ্গে কাজ করছি। এটিকে আপনারা চূড়ান্ত সরকার পরিবর্তনও বলতে পারেন।’

ইরানের বর্তমান নেতৃত্ব আগের তুলনায় আলোচনার ক্ষেত্রে কিছুটা বেশি বাস্তববাদী হতে পারে বলে মন্তব্য করেন তিনি। তবে তাদের সঙ্গে সমঝোতায় পৌঁছানো এখনো কঠিন বলে জানান মার্কিন প্রেসিডেন্ট।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আগ্রহ দেখিয়েছে ইরানও। তবে নতুন করে যুদ্ধ শুরু হবে না—এমন নিশ্চয়তা চায় তেহরান।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরান ডেইলিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে বার্তা আদান-প্রদান অব্যাহত রয়েছে।

তিনি বলেন, তেহরান এমন একটি চুক্তি চায়, যা ভবিষ্যতে আর কোনো যুদ্ধের আশঙ্কা তৈরি করবে না।

আরাগচি জানান, আলোচনায় এগিয়ে যাওয়ার আগে যুক্তরাষ্ট্র যে সত্যিকার অর্থেই সমঝোতায় আগ্রহী, তার নিশ্চয়তা চায় ইরান। এ বিষয়ে আস্থা তৈরির বিভিন্ন পদক্ষেপ নিয়েও মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা হয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের পারমাণবিক নীতিতে পরিবর্তনের বিষয়ে অভ্যন্তরীণভাবে আলোচনা চলছে। তবে এ বিষয়ে চীন ও রাশিয়া পরিবর্তনের বিরোধিতা করছে।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরান ডেইলিকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, বিষয়টি অত্যন্ত বিস্তৃত ও গুরুত্বপূর্ণ। এ নিয়ে ইরানের ভেতরেও সমর্থক ও বিরোধী—দুই পক্ষ রয়েছে।

আরাগচি জানান, ইরানের অন্যতম প্রধান শর্ত হলো উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের ভেতরেই রাখা। তবে এ বিষয়ে একটি ন্যায্য সমাধানে পৌঁছানো সম্ভব বলে মনে করেন তিনি।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলোচনায় ইরান প্রস্তুত। তবে দেশের মর্যাদা ক্ষুণ্ন হয় কিংবা যুদ্ধের ময়দানে অর্জিত সাফল্য নষ্ট হয়—এমন কোনো চুক্তি মেনে নেবে না তেহরান।

আরাগচির ভাষায়, ‘আমরা একটি ভালো, সম্মানজনক ও মর্যাদাপূর্ণ চুক্তি চাই। এমন চুক্তি চাই, যা ভবিষ্যতে আর কোনো যুদ্ধের পথ বন্ধ করবে।’

 

 

মন্তব্য (০)





image

নেতানিয়াহুকে বাদ দিয়ে ঐক্য সরকার গঠনে একমত বেনেট

১

নিউজ ডেস্কঃ ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু...

image

দিল্লিতে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

২

আন্তর্জাতিক ডেস্ক :  বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সম্মান ও মর্যাদা সমুন্নত র...

image

বাল্টিক সাগরে ড্রোন হামলায় রাশিয়ার জাহাজে আগুন

৩

নিউজ ডেস্কঃ  বাল্টিক সাগরে ড্রোন হামলার শিকার হয়ে আগুনে...

image

মধ্যরাতে বাহরাইনে মিসাইল ড্রোন ছুড়ল ইরান

৪

আন্তর্জাতিক ডেস্ক :  বাহরাইনে নতুন করে আবারও হামলা চালিয়েছে ইরানের ইসলাম...

image

ইরানের পরমাণু নীতি পরিবর্তনের বিপক্ষে চীন ও রাশিয়া: আরাগচি

৫

নিউজ ডেস্ক : অভ্যন্তরীণ চাপ সত্ত্বেও ইরানের পরমাণু নীতি পরিব...

  • company_logo