নিউজ ডেস্কঃ বিশ্বমঞ্চে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েছে পাকিস্তান। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় মধ্যস্থতাকারী হিসেবে নিজেদের ভূমিকা নিয়ে দেশটির বড় বড় দাবি এখন অনেকটাই ম্লান হয়ে গেছে। উপসাগরীয় সংকট শুরুর পরপরই কূটনৈতিক অঙ্গনে পাকিস্তান যে ফানুস উড়িয়েছিল, তা শেষ পর্যন্ত ফেটে গেছে। ইরান শুধু ইসলামাবাদের নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা নিয়েই প্রশ্ন তোলেনি, প্রতিবেশী আফগানিস্তানের সঙ্গে চলমান সংঘাত বন্ধ করতেও পাকিস্তানকে আহ্বান জানিয়েছে। একই সঙ্গে এই সংঘাত নিরসনে সহায়তার প্রস্তাবও দিয়েছে তেহরান। নিজেদের সফল মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরতে ইসলামাবাদের প্রচেষ্টায় এটি বড় ধরনের ধাক্কা হয়ে এসেছে।
আফগানিস্তান-পাকিস্তান সংঘাত নিয়ে ইরানের রাজনীতিবিদ, বিশেষজ্ঞ এমনকি দেশটির সরকারের ধারাবাহিক মন্তব্য পাকিস্তানের সক্ষমতা, সামর্থ্য এবং মধ্যস্থতাকারী হিসেবে নিজেদের তৈরি করা ভাবমূর্তিতে প্রশ্ন তুলেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় মধ্যস্থতা করতে যে পাকিস্তান বেশ ঘটা করে এগিয়ে এসেছিল, সেই দেশকে আফগানিস্তানের সঙ্গে তুলনামূলক ছোটখাটো বিরোধ মেটাতে সহায়তার প্রস্তাব দেওয়ার চেয়ে ইসলামাবাদের জন্য আর কী বেশি বিব্রতকর হতে পারে? আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্ব পাওয়ার প্রাথমিক উচ্ছ্বাস এখন পাকিস্তানের প্রকৃত প্রভাব এবং দেশটির তৈরি করা কূটনৈতিক ফানুস নিয়ে অস্বস্তিকর প্রশ্নে রূপ নিয়েছে।
ইরানের সংসদ সদস্য মোহসেন জাঙ্গানেহ মধ্যস্থতা এবং শান্তিচুক্তি সম্পাদনে ভূমিকা রাখার দাবি নিয়ে প্রকাশ্যে পাকিস্তান ও দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে উপহাস করেছেন। জাঙ্গানেহ বলেন, ওয়াশিংটনের দেওয়া নির্দেশনা অনুযায়ী কাজ করেছে ইসলামাবাদ। পাকিস্তানের নিরপেক্ষ মধ্যস্থতাকারী হওয়ার দাবিকে বিদ্রূপ করে তিনি বলেন, ‘এমনকি তাদের টুইটটিও আমেরিকানরা লিখে দিয়েছিল।’ জাঙ্গানেহ বলেন, শরিফের লেখা প্রথম টুইটটি তাঁকে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ পাঠিয়ে দিয়েছিলেন।
কী অদ্ভুত পরিহাস! আন্তর্জাতিক অঙ্গনের দুই গুরুত্বপূর্ণ প্রতিপক্ষের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরের আকাঙ্ক্ষা পোষণ করা দেশটিকেই এখন মধ্যস্থতার প্রয়োজন পড়েছে। সামরিক শ্রেষ্ঠত্ব এবং তালেবানকে বন্ধুত্বপূর্ণ মিত্র হিসেবে পাওয়ার যে প্রত্যাশা পাকিস্তানের ছিল, তা ইসলামাবাদের পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়িত হয়নি। দেশটির সীমিত রাজনৈতিক প্রভাব, ত্রুটিপূর্ণ আফগানিস্তান নীতি এবং আগ্রাসী সামরিক পদক্ষেপ উল্টো তাদের জন্য বিপর্যয় ডেকে এনেছে। বিমান হামলার মাধ্যমে বেসামরিক এলাকাকে লক্ষ্যবস্তু করে সীমান্ত সংকট সমাধানের সুযোগ নষ্ট করেছে ইসলামাবাদ। এতে আফগানিস্তানে ক্ষোভ ক্রমেই বেড়েছে।
সংকট নিরসনের লক্ষ্যে অনুষ্ঠিত কোনো বৈঠকই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি কিংবা যৌথ বিবৃতি দিতে পারেনি। এসব ঘটনা পাকিস্তানের দর-কষাকষির সক্ষমতা নিয়ে গুরুতর সংশয় তৈরি করেছে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা সহজতর করে ইসলামাবাদ আন্তর্জাতিক মনোযোগ পেয়ে থাকতে পারে। তবে কাবুলের সঙ্গে নিজেদের বিরোধ নিরসনে ব্যর্থতা দায়িত্বশীল, কৌশলী ও দক্ষতার সঙ্গে কাজ করার ক্ষেত্রে দেশটির অক্ষমতাই তুলে ধরছে। এমন পরিস্থিতিতে পাকিস্তানকে কীভাবে শান্তির মধ্যস্থতাকারী হিসেবে দেখা যেতে পারে?
ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পাকিস্তান যে অপরিহার্য মধ্যস্থতাকারী নয়, তা স্পষ্ট করে দিয়েছে তেহরান। একই সময়ে কাতারের মতো অন্যান্য দেশ এই প্রক্রিয়ায় যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ায় যুক্তরাষ্ট্রও পাকিস্তানের গুরুত্ব কমিয়ে দিয়েছে। ফলে ইসলামাবাদ কার্যত আড়ালে চলে গেছে। গত আগস্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে বলেছিলেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও কাতার ইরানের সঙ্গে আলোচনায় সমর্থন দিচ্ছে। সেখানে পাকিস্তানের কোনো উল্লেখ ছিল না।
শিগগিরই শান্তিচুক্তি স্বাক্ষরিত হবে বলে ইসলামাবাদ বারবার দাবি করলেও শেষ পর্যন্ত তা হয়নি। এতে অবাক হওয়ার কিছু নেই যে যুক্তরাষ্ট্র একই সময়ে একাধিক কূটনৈতিক যোগাযোগের পথ খুলে রেখেছিল। আর এতে গুরুত্ব বেড়েছে কাতারের। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পাকিস্তানের কথা উল্লেখ না করে বলেছেন, কাতারের নেতৃত্বে আলোচনা চলছিল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিও বলেছেন, হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে কাতারের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চলছিল।
ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে। ইসলামাবাদের নীতিনির্ধারকদের ১৯৭১ সালের ঘটনা মনে রাখা উচিত। সে সময় যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সম্পর্কোন্নয়নে ভূমিকা রেখেছিল পাকিস্তান, যা তখন ছিল একটি বড় ঘটনা। কিন্তু সেই কূটনৈতিক সাফল্য দেশের অভ্যন্তরীণ সংকট সমাধানে ইসলামাবাদের সক্ষমতায় রূপ নেয়নি। পাকিস্তান ভেঙে বাংলাদেশের জন্ম হয়। তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণের সঙ্গে আলোচনার মাধ্যমে সংকট সমাধানে ব্যর্থ হয়েছিল ইসলামাবাদ।
বর্তমানে পাকিস্তানের বিভিন্ন প্রদেশের মানুষ ইসলামাবাদের আধিপত্যবাদী নীতি এবং মৌলিক অধিকারের দাবিতে আন্দোলনকারীদের ওপর বলপ্রয়োগের প্রতিবাদ জানাচ্ছেন। আফগানিস্তান সংকটও এখনো উত্তপ্ত। ইতিহাস যেন আবারও ফিরে আসছে। তবে নতুন কূটনৈতিক পরিচয় নিয়ে উচ্ছ্বাস দেখাচ্ছে ইসলামাবাদ। যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগের মাধ্যমে দেশটিকে প্রভাবশালী ভূরাজনৈতিক শক্তি হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন সেনাপ্রধান আসিম মুনির।
তবু যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নিরসনে এখন পর্যন্ত কোনো অগ্রগতি অর্জন করতে পারেনি পাকিস্তান। দেশটির নিজেদের সীমাবদ্ধতা বোঝা উচিত। একজন প্রকৃত ও দক্ষ মধ্যস্থতাকারীকে বিচার করা হয় তার ওপর থাকা আস্থার ভিত্তিতে এবং তার সহায়তায় সম্পাদিত চুক্তির মাধ্যমে। যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের বিষয়টি বাদ দিলেও ইসলামাবাদ নিজেদের অভ্যন্তরীণ প্রাদেশিক সংকট এবং আফগানিস্তানের সঙ্গে বিরোধ নিরসনে ব্যর্থ হয়েছে। ইরানের দেওয়া সহায়তার প্রস্তাব মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ভূমিকা পালনের সক্ষমতা নিয়ে ইসলামাবাদের সামনে অস্বস্তিকর প্রশ্ন তুলে দিয়েছে। তবে এটি এমন এক বাস্তবতা, যা ইসলামাবাদকে মেনে নিতে হবে।
মন্তব্য (০)