আন্তর্জাতিক ডেস্ক : আর মাত্র ৯ বছর পরই বিশ্বে মুসলিমদের সংখ্যা হবে সবচেয়ে বেশি, আর বিশ্বের বৃহত্তম ধর্ম তথা সবচেয়ে বেশি অনুসারীর ধর্ম হতে পারে ইসলাম। ২০৩৫ সালের মধ্যে খ্রিস্টধর্মকে ছাড়িয়ে ইসলাম বিশ্বের বৃহত্তম ধর্মে পরিণত হওয়ার এই পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার।
সংস্থাটির এক গবেষণায় বলা হয়েছে, মুসলিম নারীদের সন্তান জন্মদানের হার বেশি হওয়ায় বিশ্বে মুসলিম জনসংখ্যা বাড়ছে অন্য ধর্মীয় জনগোষ্ঠীর তুলনায় দ্রুত। এই প্রবণতা অব্যাহত থাকলে আগামী কয়েক দশকে বিশ্বের ধর্মীয় জনসংখ্যার চিত্রে বড় পরিবর্তন আসতে পারে। আর ২০৭০ সালের মধ্যে ইন্দোনেশিয়াকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশ হয়ে উঠতে পারে পাকিস্তান।
সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, গত মঙ্গলবার (১৭ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে মুসলিম জনসংখ্যার সম্ভাব্য প্রবৃদ্ধি বিশ্লেষণ করেছে মার্কিন এই গবেষণা প্রতিষ্ঠানটি। এতে বলা হয়েছে, আগামী কয়েক দশকে মুসলিম ও খ্রিস্টান—উভয় সম্প্রদায়ের জনসংখ্যাই বাড়বে। তবে মুসলিম জনসংখ্যা বাড়বে তুলনামূলক দ্রুত গতিতে।
গবেষণায় ২০১টি দেশ ও অঞ্চলের তথ্য বিশ্লেষণ করা হয়েছে। এসব দেশ ও অঞ্চলে বিশ্বের মোট জনসংখ্যার ৯৯ দশমিক ৯৮ শতাংশ মানুষের বসবাস। ২০২০ থেকে ২০৭০ সাল পর্যন্ত সাতটি ধর্মীয় গোষ্ঠী ও ধর্মীয় পরিচয়ের অনুসারীদের ভৌগোলিক বিস্তার এবং সম্ভাব্য পরিবর্তন নিয়ে এ বিশ্লেষণ করা হয়েছে। এসব গোষ্ঠীর মধ্যে রয়েছে মুসলিম, খ্রিষ্টান, ইহুদি, হিন্দু, বৌদ্ধ এবং অন্যান্য ধর্মীয় পরিচয়ের মানুষ।
পিউ-টেম্পলটন গ্লোবাল রিলিজিয়াস ফিউচারস প্রকল্পের অংশ হিসেবে এ গবেষণা করা হয়েছে। বিশ্বে ধর্মীয় পরিবর্তন এবং এর প্রভাব বিশ্লেষণ করাই এ প্রকল্পের লক্ষ্য। তবে গবেষণা প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই পূর্বাভাসের উদ্দেশ্য ভবিষ্যতে বিশ্বে কী কী পরিবর্তন আসতে পারে, তার সবকিছু অনুমান করা নয়। আর্থসামাজিক পরিস্থিতি, প্রাকৃতিক দুর্যোগ ও যুদ্ধের মতো নানা ঘটনা মানুষের ধর্মীয় পরিচয়ে প্রভাব ফেলতে পারে।
প্রতিবেদনে বলা হয়েছে, মুসলিম নারীদের সন্তান জন্মদানের হার সবচেয়ে বেশি। পিউ রিসার্চের মতে, মুসলিম জনগোষ্ঠী বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল ধর্মীয় গোষ্ঠী হওয়ার পেছনে এটি অন্যতম কারণ। গবেষণায় দেখা গেছে, একজন মুসলিম নারী গড়ে ৩ দশমিক ১টি সন্তানের জন্ম দেন। সন্তান জন্মদানের হারে দ্বিতীয় অবস্থানে থাকা খ্রিস্টান নারীদের ক্ষেত্রে এ সংখ্যা ২ দশমিক ৫।
সাধারণত একজন নারীপ্রতি গড়ে ২ দশমিক ১টি সন্তান জন্মদানের হার থাকলে একটি প্রজন্মের জনসংখ্যা আগের প্রজন্মের সমান থাকে। পিউ রিসার্চের পূর্বাভাস অনুযায়ী, মুসলিম ও খ্রিস্টান—উভয় জনগোষ্ঠীর জনসংখ্যা বৃদ্ধির হার বিশ্বের সামগ্রিক জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে চলবে।
প্রাকৃতিক জনসংখ্যা বৃদ্ধির ফলে মুসলিম জনগোষ্ঠীতে আরও ১৬০ কোটি মানুষ যুক্ত হতে পারে। অন্যদিকে খ্রিস্টান জনগোষ্ঠীতে এ সংখ্যা হতে পারে ৭৯ কোটি ২০ লাখ।
এছাড়া ধর্ম পরিবর্তন করে অন্য ধর্ম গ্রহণ কিংবা ধর্মীয় পরিচয় ত্যাগের কারণে খ্রিস্টানদের তুলনায় মুসলিম জনগোষ্ঠীর জনসংখ্যা কমার পরিমাণ অনেক কম হবে বলে ধারণা করা হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়েছে, পূর্বাভাসের সময়কালে ইসলাম গ্রহণকারীর সংখ্যা এবং ইসলাম ত্যাগকারীর সংখ্যার পার্থক্যের ফলে মুসলিম জনগোষ্ঠীর মোট জনসংখ্যা ৮০ লাখ কমতে পারে। অন্যদিকে খ্রিস্টানদের ক্ষেত্রে এই নিট ঘাটতি হতে পারে ১০ কোটি ৫০ লাখ।
খ্রিস্টধর্ম ত্যাগকারীদের কেউ কেউ পরে কোনো ধর্মের অনুসারী হিসেবে নিজেদের পরিচয় দেবেন না। তাদের মধ্যে নাস্তিক ও অজ্ঞেয়বাদীরাও (সৃষ্টিকর্তা আছেন কি নেই, সে বিষয়ে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয় বলে মনে করা ব্যক্তি) থাকতে পারেন।
তবে গবেষণায় দেখা গেছে, ইসলামের সম্ভাব্য জনসংখ্যা বৃদ্ধির কারণ খ্রিস্টানদের ইসলাম গ্রহণ নয়। বরং ইসলাম থেকে খ্রিস্টধর্ম গ্রহণ করতে পারেন—এমন মানুষের সম্ভাব্য সংখ্যা, খ্রিস্টধর্ম থেকে ইসলাম গ্রহণকারীর সংখ্যার চেয়ে সামান্য বেশি।
পিউ রিসার্চ জানিয়েছে, ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে বিশ্বের মুসলিম জনসংখ্যার অধিকাংশ প্রবৃদ্ধি ঘটবে এমন দেশগুলোতে, যেখানে ইতোমধ্যে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ।
২০৭০ সালের মধ্যে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের মোট জনসংখ্যার ৯৫ শতাংশ মুসলিম হতে পারে। অন্যদিকে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মুসলিম জনসংখ্যা ধর্মীয় পরিচয়হীন মানুষের সংখ্যাকে ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।
২০২০ সালে বিশ্বের ৫৩টি দেশে মুসলিমরা ছিল সংখ্যাগরিষ্ঠ। ২০৭০ সালের মধ্যে এসব দেশে আরও ১২০ কোটি মুসলিমের বসবাস হতে পারে। বিশ্বে মুসলিম জনসংখ্যার পূর্বাভাসিত মোট প্রবৃদ্ধির ৭৪ শতাংশই হবে এসব দেশে।
উদাহরণ হিসেবে পাকিস্তানের কথা বলা হয়েছে। দেশটির মুসলিম জনসংখ্যা ২০২০ সালের ২২ কোটি ৭০ লাখ থেকে বেড়ে ২০৭০ সালে ৪৬ কোটি ১০ লাখে পৌঁছাতে পারে। পিউ রিসার্চের পূর্বাভাস অনুযায়ী, তখন ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশে পরিণত হবে পাকিস্তান।
অন্যদিকে খ্রিস্টান জনসংখ্যার প্রবৃদ্ধিও মূলত এমন ১২০টি দেশে কেন্দ্রীভূত থাকবে, যেখানে বর্তমানে খ্রিস্টানরা সংখ্যাগরিষ্ঠ। সব মিলিয়ে এসব দেশে খ্রিস্টান জনসংখ্যা ৬৩ কোটি বাড়তে পারে। অর্থাৎ বিশ্বে খ্রিস্টান জনসংখ্যার সম্ভাব্য মোট প্রবৃদ্ধির ৯২ শতাংশই ঘটবে এসব দেশে।
মন্তব্য (০)