• জাতীয়

হাসিনাকে ঘিরে চলছে বাংলাদেশ-ভারতের ‘ছায়াযুদ্ধ’

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ  বন্দুক, যুদ্ধবিমান কিংবা বোমা ছাড়াই ভারত ও বাংলাদেশের মধ্যে এক ধরনের সংঘাত চলছে। এই লড়াইয়ের কেন্দ্রে রয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যদিকে, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এই লড়াইয়ে রাজনৈতিক প্রতিপক্ষ। আর শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ক্রমেই অস্বস্তিকর অবস্থায় পড়ছে নয়াদিল্লি।

২০২৪ সালের ৫ আগস্ট সামরিক বিমানে ঢাকা ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর থেকে ৭৯ বছর বয়সি এই সাবেক প্রধানমন্ত্রীকে ভারতের অজ্ঞাত একটি স্থানে কঠোর নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে। রাজনৈতিকভাবে তিনি অনেকটা বিচ্ছিন্ন এবং সাবেক সহকর্মীদের সঙ্গেও তার যোগাযোগ সীমিত রয়েছে।

হাসিনার ঘনিষ্ঠ সূত্রগুলো জানাচ্ছে, তিনি দেশে ফিরতে চান। পাসপোর্ট নবায়ন এবং জাতীয় পরিচয়পত্র পাওয়ার জন্য তার সাম্প্রতিক তৎপরতার খবরও দেশে ফেরার ইচ্ছার বিষয়টি স্পষ্ট করেছে। তবে বাংলাদেশে তার নিরাপত্তা নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ, হাসিনাবিরোধী ব্যাপক গণবিক্ষোভের মধ্য দিয়েই দেশটিতে ক্ষমতার পরিবর্তন ঘটেছিল।

অন্যদিকে, তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারও হাসিনাকে দেশে ফিরিয়ে নিতে চায়। তবে সেটি প্রত্যর্পণের মাধ্যমে। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দিয়েছেন।

ফলে ভারত এখন একসঙ্গে তিনটি কূটনৈতিক জটিলতায় পড়েছে—হাসিনার নিরাপত্তা, তার দেশে ফেরার আকাঙ্ক্ষা এবং তারেক রহমান সরকারের রাজনৈতিক অবস্থান।

জ্যেষ্ঠ কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে এশিয়ান এইজের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনাকে অন্য কোনো দেশে সরিয়ে নেওয়ার সম্ভাবনাও খতিয়ে দেখেছে নয়াদিল্লি। কিন্তু তাকে গ্রহণ করতে রাজি এমন দেশ খুঁজে পাওয়া কঠিন হয়েছে।

আরেকটি বিকল্প হিসেবে বাংলাদেশকে সরাসরি বার্তা দিয়েছে ভারত। বার্তাটি হলো, বাংলাদেশই হাসিনাকে ভারতে পাঠিয়েছিল, তাই এখন তাকে ফিরিয়ে নেওয়ার দায়িত্বও বাংলাদেশের।

হাসিনার ঘনিষ্ঠ সূত্রগুলোর দাবি, মৃত্যুদণ্ড কার্যকর করা হবে না—এমন নিশ্চয়তা দিয়ে তাকে দেশে ফেরানোর বিষয়ে ঢাকার সঙ্গে আলোচনার উদ্যোগ নিতে নয়াদিল্লির প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

চীনের সঙ্গে তারেক রহমানের ঘনিষ্ঠতা, উদ্বেগে ভারত

এসব ঘটনার মধ্যেই চীন, পাকিস্তান ও তুরস্কের সঙ্গে সম্পর্ক জোরদারে উদ্যোগী হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বিষয়টি নয়াদিল্লির উদ্বেগের কারণ হয়ে উঠেছে।

পাকিস্তানের সামরিক প্রতিনিধিদল বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সঙ্গে গোয়েন্দা তথ্য আদান-প্রদান, সীমান্ত নিরাপত্তা, যৌথ সামরিক মহড়া এবং প্রশিক্ষণ নিয়ে আলোচনা করেছে।

১৯৭১ সালে বাংলাদেশের জন্মের মধ্য দিয়ে পাকিস্তানের সঙ্গে যে ঐতিহাসিক বিচ্ছেদ ঘটেছিল, তা এখন দুই দেশের সামরিক যোগাযোগের পথে আর বাধা হয়ে থাকছে না। ফলে বাড়তি চাপের মুখে পড়েছে ভারতের কূটনৈতিক প্রশাসন।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রিকে কঠিন পরিস্থিতি সামাল দিতে হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, গুজরাটি থেকে বাঙালি হওয়া ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী পররাষ্ট্র মন্ত্রণালয়কে পাশ কাটিয়ে সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রতিবেদন পাঠাচ্ছেন বলে সূত্রের দাবি।

এই লড়াইয়ের গুরুত্ব অনেক। এটি এক ধরনের ‘ছায়াযুদ্ধ’—যেখানে গুলি নেই, ঘোষিত কোনো শত্রু নেই; কিন্তু দক্ষিণ এশিয়ায় প্রভাব, নিরাপত্তা এবং ভবিষ্যৎ শক্তির ভারসাম্য নিয়ে চলছে প্রতিযোগিতা।

 

 

 

 

মন্তব্য (০)





image

‎প্রতিটি শিশুর নিরাপদ ভবিষ্যৎ গড়তে বাংলাদেশ বদ্ধপরিকর: ডা...

১

নিউজ ডেস্কঃ নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক...

image

গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কে ৭ স্থানে অবরোধ, থানা-সড়কে ধ্বংস...

২

নিউজ ডেস্কঃ টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘট...

image

একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন

৩

নিউজ ডেস্কঃ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ...

image

শ্রমিকদের আন্দোলন: সাভারে ২৫ কারখানায় উৎপাদন বন্ধ

৪

নিউজ ডেস্কঃ সাভার আশুলিয়া শিল্পাঞ্চল শ্রমিকদের আন্দোলনক...

image

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের বৈঠক

৫

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের চলতি অধিবেশনের শেষ দিনে বিএনপি...

  • company_logo