ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ ইসরাইলে ক্ষমতা বদলের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই ইরানে ফের সামরিক হামলা চালানোর পরিকল্পনা শুরু করেছেন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই উদ্দেশ্যে তিনি পরবর্তী সরকার গঠনের দায়িত্ব পাওয়া গাদি আইজেনকোটের সঙ্গে গোপন বৈঠক করেছেন। তবে এই পুরো প্রক্রিয়ায় তৈরি হয়েছে নানা নাটকীয়তা ও ধোঁয়াশা।
ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর খবর অনুযায়ী, গত বৃহস্পতিবার নেতানিয়াহু ও আইজেনকোটের মধ্যে এই বৈঠকটি হয়। সেখানে নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে কিছু গোপন গোয়েন্দা তথ্য তুলে ধরে আইজেনকোটকে বোঝানোর চেষ্টা করেন যে কেন ইরানে পুনরায় হামলা চালানো জরুরি। তবে আশ্চর্যের বিষয় হলো, মোসাদ প্রধান রোমান গোফমান যে এই একই ইস্যুতে ওয়াশিংটন সফরে গেছেন, সে বিষয়ে বিন্দুমাত্র ধারণাই ছিল না আইজেনকোটের। তাকে ইচ্ছাকৃত অন্ধকারে রাখা হয়েছিল কি না, তা পরিষ্কার না হলেও বিষয়টি রাজনৈতিক মহলে বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে। অথচ এর আগেই নতুন সরকার গঠনের আগে নেতানিয়াহুকে কোনো ধরনের অপ্রয়োজনীয় সামরিক পদক্ষেপ না নেওয়ার জোরালো সতর্কবার্তা দিয়েছিলেন আইজেনকোট।
এদিকে হামলার সময় বা ক্ষণ নিয়ে ইসরাইলি সামরিক বাহিনীর ভেতরেও মতপার্থক্য রয়েছে। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ‘কান’-এর তথ্যমতে, সেনাপ্রধান ইয়াল জামির ইরানের বিরুদ্ধে হামলার পক্ষে থাকলেও এখনই উপযুক্ত সময় বলে মনে করছেন না। তিনি চান যুক্তরাষ্ট্রের সঙ্গে ভালোভাবে আলোচনা করে, সঠিক সময় ও পরিস্থিতি বুঝে তারপর পদক্ষেপ নিতে। সেনাবাহিনীর নিরাপত্তা সূত্র পরিষ্কার জানিয়েছে, এই মুহূর্তে ইরানের দিক থেকে এমন কোনো বড় হুমকি নেই যার জন্য তড়িঘড়ি করে আক্রমণ চালাতে হবে। উল্টো একটি দীর্ঘমেয়াদি যুদ্ধে জড়িয়ে পড়ার বিপদ সম্পর্কে সতর্ক করে তারা জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে নতুন করে কোনো যুদ্ধ শুরুর সম্ভাবনা নেই। এর আগে সেনাপ্রধান ও নেতানিয়াহুর মধ্যকার মতপার্থক্যের খবর ছড়ালেও প্রধানমন্ত্রীর কার্যালয় তা অস্বীকার করেছিল।
অন্যদিকে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সমর্থন পেতে কোমর বেঁধে নেমেছে ইসরাইল। তারই অংশ হিসেবে মোসাদ প্রধান রোমান গোফমান ওয়াশিংটনে সিআইএ প্রধান জন র্যাটক্লিফের সঙ্গে বৈঠক করেছেন এবং মার্কিন দূত স্টিভ উইটকফের সঙ্গেও তার বসার কথা রয়েছে। সংবাদমাধ্যম চ্যানেল ১৩ জানাচ্ছে, গোফমান ওয়াশিংটনকে বোঝানোর চেষ্টা করছেন যে ইরান পরমাণু চুক্তি ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির শর্ত ভঙ্গ করছে। তবে এই সফর নিয়ে মার্কিন বা ইসরাইলি সরকারের পক্ষ থেকে মুখ খুলে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি।
বিশ্লেষকরা বলছেন, মূলত ইসরাইলের ভেতরে একধরনের ভয় কাজ করছে যে—যুক্তরাষ্ট্র ও ইরান গোপনে কোনো সমঝোতায় পৌঁছে যেতে পারে, যেখানে ইরানের পরমাণু বা ক্ষেপণাস্ত্র কার্যক্রমের সমাধান ছাড়াই তেহরানের ওপর থেকে চাপ কমিয়ে দেওয়া হতে পারে। আর এই আশঙ্কা থেকেই তড়িঘড়ি করে আক্রমণ চালাতে চাইছেন নেতানিয়াহু। তবে ক্ষমতা হস্তান্তরের এই সংবেদনশীল সময়ে এমন সামরিক সিদ্ধান্ত আগামী দিনে নতুন সরকার গঠনকে কীভাবে প্রভাবিত করবে, তা নিয়ে ইসরাইলের বিরোধী দলগুলোর মনে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে।
নিউজ ডেস্কঃ হাঙ্গেরির সাবেক প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের শাস...
নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের জব্দ করা অস্ত্র ও সামরিক সরঞ...
নিউজ ডেস্কঃ পতিতাবৃত্তির দায়ে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প...
আন্তর্জাতিক ডেস্ক : জর্ডানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ...
নিউজ ডেস্কঃ বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা &lsq...

মন্তব্য (০)