ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, মার্শাল আর্ট শুধু শারীরিক সক্ষমতা ও আত্মরক্ষার কৌশল অর্জনের মাধ্যম নয়; বরং এটি মানসিক দৃঢ়তা, বিচক্ষণতা, আত্মনিয়ন্ত্রণ এবং প্রতিকূল পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা তৈরিরও একটি কার্যকর অনুশীলন।
তিনি বলেন, মার্শাল আর্ট প্রতিযোগিতায় একজন মানুষ যেমন বিজয় উদযাপন করতে শেখে, তেমনি পরাজয় মেনে নিয়ে নতুনভাবে এগিয়ে যাওয়ার মানসিকতাও অর্জন করে। এ ধরনের খেলাধুলা তরুণদের আত্মবিশ্বাসী, শৃঙ্খলাবদ্ধ ও সক্ষম করে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
শুক্রবার বিকেলে রাজধানীর গোপীবাগে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব মাঠে ‘বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা স্মৃতি ফাইট নাইট-২০২৬ ও জাতীয় মার্শাল আর্ট পাওয়ার শো’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশন আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের সভাপতি ইশরাক হোসেন, এমপি।
বক্তব্যের শুরুতে মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতিতে ঢাকা মহানগর বিএনপিকে সুসংগঠিত করতে সাদেক হোসেন খোকার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তার নেতৃত্ব, রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা থেকে অনেকেই শিক্ষা ও অনুপ্রেরণা পেয়েছেন।
শেখ রবিউল আলম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণায় অনুপ্রাণিত হয়ে সাদেক হোসেন খোকা মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। তার জীবন ও কর্ম নতুন প্রজন্মের কাছে দেশপ্রেম, সাহস ও দায়িত্ববোধের অনুপ্রেরণা হয়ে থাকবে।
তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ, সক্ষম এবং আত্মবিশ্বাসী করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, মার্শাল আর্টসহ বিভিন্ন ক্রীড়া কার্যক্রমের প্রসার ঘটাতে হবে। খেলাধুলার মাধ্যমে তরুণদের মধ্যে শৃঙ্খলা, ধৈর্য, আত্মবিশ্বাস ও ইতিবাচক মনোভাব তৈরি করা সম্ভব।
তিনি বলেন, প্রতিযোগিতার মাঠে জয়-পরাজয় দুটিই স্বাভাবিক। একজন প্রকৃত খেলোয়াড়কে বিজয়ের আনন্দের পাশাপাশি পরাজয়কে স্বাভাবিকভাবে গ্রহণ করার মানসিকতা অর্জন করতে হয়। পরাজয় থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার এই অভ্যাস জীবনের অন্যান্য ক্ষেত্রেও কাজে আসে।
মন্ত্রী খেলোয়াড়দের ব্যক্তিগত পরিচর্যা, শারীরিক সৌন্দর্য ও উপস্থাপনযোগ্যতার প্রতিও মনোযোগী হওয়ার পরামর্শ দেন। তার মতে, খেলোয়াড়দের সুস্থ, পরিচ্ছন্ন ও আকর্ষণীয় ব্যক্তিত্ব তরুণদের কাছে তাদের আরও গ্রহণযোগ্য আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত করতে সহায়ক হবে।
অনুষ্ঠানের আয়োজক বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশন এবং এর সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে মন্ত্রী এ ধরনের উদ্যোগের ধারাবাহিকতা কামনা করেন। একই সঙ্গে অনুষ্ঠানের সভাপতি ইশরাক হোসেনের সম্পৃক্ততা ও পৃষ্ঠপোষকতার বিষয়টি উল্লেখ করেন তিনি।
শেখ রবিউল আলম বলেন, একটি সুস্থ, আত্মবিশ্বাসী, শৃঙ্খলাবদ্ধ ও সক্ষম প্রজন্ম গড়ে তুলতে ক্রীড়া কার্যক্রমের বিকল্প নেই। এ ধরনের আয়োজন তরুণদের খেলাধুলায় আগ্রহী করে তোলার পাশাপাশি তাদের মধ্যে ইতিবাচক জীবনবোধ ও দায়িত্বশীলতা বিকাশে ভূমিকা রাখবে।
বিনোদন প্রতিবেদক : পর্যটনকে জনপ্রিয় করা, পরিবেশের প্রতি সচেতনতা বাড়ানো এ...
নিউজ ডেস্কঃ ১৬ ডিসেম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগ যে ভয়ের পরি...
নিউজ ডেস্কঃ গোপালগঞ্জ ও গাজীপুরে আইনশৃঙ্খলা রক্ষায় দায়ি...
নিজস্ব ডেস্ক : স্বৈরাচারী শাসনামলে সুশাসনের অভাবে দেশের মানুষকে চড়া মূল্য দি...
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে জাত...

মন্তব্য (০)