• শিক্ষা

এক বছরেও লিফট চালু হয়নি, ১০ তলা হলে ছাত্রীদের দুর্ভোগ

  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ১০ তলাবিশিষ্ট বেগম খালেদা জিয়া মহিলা হল চালুর এক বছর পার হলেও এখনো লিফট সুবিধা পুরোপুরি চালু হয়নি। প্রায় এক হাজার শিক্ষার্থীর এই হলে প্রতিদিন সিঁড়ি দিয়ে ১০ তলা পর্যন্ত ওঠানামা করতে হচ্ছে।

এতে দৈনন্দিন যাতায়াতের পাশাপাশি অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসা নিতে যাওয়ার ক্ষেত্রেও ভোগান্তিতে পড়তে হচ্ছে বলে অভিযোগ করেছেন হলের আবাসিক শিক্ষার্থীরা।

হলের ৮ম তলায় থাকা পশুপালন অনুষদের দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী বলেন, ক্লাশ শেষে অনেক ক্লান্ত থাকি। এরপর এত উপরে উঠতে গিয়ে আরও কাহিল হয়ে পড়ি। অনেক সময় ক্লাশের ফাঁকে এক-দুই ঘণ্টা বিরতি থাকলেও রুমে ফিরতে পারি না। তাত্ত্বিক ও ব্যবহারিক ক্লাশ দিনে দুই সময় হওয়ায় হলে আসা-যাওয়া করতে অনেক কষ্ট হয়। আমাদের ক্যান্টিনও নিচতলায়। খাবার নিতে নিচতলা পর্যন্ত যেতে হয়, যা আমাদের জন্য অনেক কষ্টের।

১০ম তলায় থাকা প্রথম বর্ষের এক শিক্ষার্থী বলেন, ১০ তলায় সিট বরাদ্দ পাওয়ায় অনেক ভোগান্তির শিকার হচ্ছি। একবার ওপরে উঠলে আবার নিচে নামতে ইচ্ছা করে না। এ কারণে অনেক সময় দিনে একবেলা খাবার খাই। একবার নিচে নেমে খাবার নিয়ে আসি। সকালের খাবার তো খাওয়াই হয় না। বিশেষ করে শুক্রবার ও শনিবার বিশ্ববিদ্যালয়ের ক্লাশ বন্ধ থাকায় খাবারের কষ্ট আরও বেশি হয়। এছাড়া আমাদের রান্না করার কোনো সুযোগ নেই। জরুরি পরিস্থিতিতে কিছু রান্না করে খাওয়ারও উপায় থাকে না। তাই অনেক সময় না খেয়েই থাকতে হয়।

হলের আরেক শিক্ষার্থী বলেন, কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের ১০ তলা আবাসিক হলে লিফট নেই—এমনটা দেখিনি। লিফট না থাকায় শিক্ষার্থীদের দৈনন্দিন জীবন চরম দুর্ভোগের হয়ে উঠেছে। প্রতিদিন সকাল ও বিকালে ক্লাশ শেষে এবং তিনবেলা খাবারের প্রয়োজনে দীর্ঘ সিঁড়ি ভাঙা কষ্টকর। তবে সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয় ১০ তলার কোনো শিক্ষার্থী অসুস্থ হলে। তাকে সিঁড়ি দিয়ে নিচে নামিয়ে হেলথকেয়ারে নেওয়া এবং চিকিৎসা শেষে আবার উপরে তুলে আনা অনেক কষ্টসাধ্য। শিক্ষার্থীদের স্বাভাবিক জীবনযাত্রার স্বার্থে ভবনে লিফট সুবিধা নিশ্চিত করা জরুরি।

শিক্ষার্থীদের উদ্বেগের বিষয়ে হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন বলেন, শিক্ষার্থীদের মাঝে এ বিষয়ে উদ্বেগ থাকাটা স্বাভাবিক। এ সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দিয়েছেন।

তিনি বলেন, নতুন দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা শিক্ষক ও হাউস টিউটররা দফায় দফায় মিটিং করেছি। লিফট স্থাপনের কাজ দ্রুত এগিয়ে চলছে। আমি আশা করছি, আগামী এক সপ্তাহের মধ্যে অন্তত একটি লিফট চালু হয়ে যাবে। লিফট চালু হলে ছাত্রীদের ওঠানামার কষ্ট অনেকখানি কমে যাবে। ১০ তলা পর্যন্ত সিঁড়ি দিয়ে ওঠানামা করা কতটা কষ্টের এবং অমানবিক, তা আমরা অভিভাবক ও শিক্ষক হিসেবে গভীরভাবে অনুভব করি।

লিফট চালুর অগ্রগতি সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী মুহ. এনামুল হক বলেন, খালেদা জিয়া হলের জাপানি প্রযুক্তির নতুন লিফটটির মেশিনসহ স্থাপনের যাবতীয় কাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনতলা পর্যন্ত পরীক্ষামূলকভাবে চালু রয়েছে। কাজ পুরোপুরি শেষ হতে প্রায় এক সপ্তাহ সময় লাগবে। শিক্ষার্থীরাও পরীক্ষামূলকভাবে এটি ব্যবহার করার পর লিফটটি স্থায়ীভাবে চালু করা হবে।

তিনি আরও বলেন, আপাতত একটি লিফট চালু করার সিদ্ধান্ত নিয়েছি। অন্য লিফটগুলোর যন্ত্রাংশ এলেও কাজ শুরু হয়নি। নিয়মিত সার্ভিসিং বজায় রেখে একটি লিফট চালুর বিষয়টিকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।

মন্তব্য (০)





image

২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম চালু হবে: শিক্ষামন্ত্রী

১

নিউজ ডেস্ক : শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম...

image

প্রাথমিক শিক্ষকদের বদলিসহ ৯ দাবি

২

নিউজ ডেস্ক : প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন স্কে...

image

‎দেশে দক্ষ মানবসম্পদ তৈরিতে ঘাটতির বড় কারণ একাডেমিয়া-ইন্ড...

৩

‎নিউজ ডেস্কঃ শিক্ষাঙ্গন ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যক...

image

৩০ নভেম্বরের মধ্যে শতভাগ বই উপজেলায় পৌঁছাবে সরকার, মান রক...

৪

নিউজ ডেস্কঃ ২০২৭ শিক্ষাবর্ষ শুরুর আগেই দেশের প্রায় ৪ কোটি শি...

image

জাবিপ্রবির নতুন কোষাধ্যক্ষ হলেন ড. মোহাম্মদ আলী হোসেন

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্য...

  • company_logo