ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে বিভিন্ন তৈরি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে- সম্প্রতি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন খবরকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে পোশাক খাতের দুই শীর্ষ সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ।
সংগঠন দুটির পক্ষ থেকে জানানো হয়, উৎপাদন পুরোপুরি বন্ধ হয়নি, বরং সরকারি ছুটি, সাপ্তাহিক ছুটি এবং শ্রমিকদের আবেদনের পরিপ্রেক্ষিতে কিছু কারখানায় সাময়িক ছুটির সমন্বয় করা হয়েছে।
সোমবার পৃথক বিবৃতিতে বিজিএমইএ ও বিকেএমইএ জানায়, বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের মধ্যেও সদস্যভুক্ত অধিকাংশ কারখানা উৎপাদন চালিয়ে যাচ্ছে। সরকারের সহযোগিতায় অধিকাংশ কারখানা ৬০ থেকে ৭০ শতাংশ উৎপাদন সক্ষমতা বজায় রেখেছে।
বিজিএমইএ জানায়, ৫ আগস্টের সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটির সঙ্গে সমন্বয় করে কয়েকটি কারখানা অতিরিক্ত ছুটি ঘোষণা করেছে। পরে শ্রম আইন অনুযায়ী সাধারণ ডিউটির মাধ্যমে এ ছুটি সমন্বয় করা হবে। এটি শিল্প খাতে প্রচলিত একটি স্বাভাবিক ব্যবস্থাপনা, কারখানা বন্ধ হওয়ার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।
একই ধরনের ব্যাখ্যা দিয়ে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, গাজীপুর ও নারায়ণগঞ্জের কয়েকটি সদস্য কারখানা টানা তিন থেকে চার দিনের ছুটি দিয়েছে। সামনে সরকারি ও সাপ্তাহিক ছুটি থাকায় এবং শ্রমিকদের অনুরোধের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অতিরিক্ত ছুটির দিনগুলো পরবর্তী সময়ে সাধারণ ডিউটির মাধ্যমে সমন্বয় করা হবে, ফলে শ্রমিক বা মালিক-কোনো পক্ষই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে না।
তিনি আরও বলেন, এ সময় ডাইং ইউনিটগুলো কার্যক্রম চালিয়ে যেতে পারলে গ্যাসের সীমিত সরবরাহের মধ্যেও কিছু ফ্যাব্রিক উৎপাদন সম্ভব হবে, যা শিল্পের জন্য সহায়ক হবে।
বিজিএমইএ সতর্ক করে বলেছে, যাচাই-বাছাই ছাড়া কারখানা বন্ধের মতো স্পর্শকাতর সংবাদ প্রকাশ দেশি-বিদেশি ক্রেতা ও অংশীদারদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। এতে বাংলাদেশের তৈরি পোশাক খাতের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি শিল্পের ওপর নির্ভরশীল লাখো শ্রমিকের কর্মসংস্থানও ঝুঁকির মুখে পড়তে পারে।
তৈরি পোশাক শিল্প দেশের প্রধান রপ্তানি খাত উল্লেখ করে সংগঠনটি শিল্পসংশ্লিষ্ট বিষয়ে বস্তুনিষ্ঠ ও যাচাইকৃত তথ্য প্রকাশে গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছে।
নিউজ ডেস্কঃ দেশের টেকসই উন্নয়ন, পরিবেশ সুরক্ষা এবং নাগরিকদের...
নিউজ ডেস্কঃ আদালতের নির্দেশ অনুযায়ী ক্ষমতাচ্যুত সাবেক প...
নিউজ ডেস্কঃ রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক গণভবনে নির্মিত &ls...
নিউজ ডেস্কঃ আগামী এক বছরের মধ্যে জুলাই হত্যা মামলার সমস্ত বি...
নিউজ ডেস্কঃ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রংপুর, ঢাকা,...

মন্তব্য (০)