ছবিঃ সংগৃহীত
তথ্যপ্রযুক্তি ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) উন্নয়নের গতি নিয়ন্ত্রণে নতুন একটি মাপকাঠি ব্যবহারের প্রস্তাব দিয়েছেন ওপেনএআইয়ের প্রধান বিজ্ঞানী জ্যাকব পাখোচকি। তার মতে, ‘পারপ্লেক্সিটি’ নামের একটি পরিমাপের মাধ্যমে এআই মডেলের অগ্রগতি মূল্যায়ন করা যেতে পারে। এ মাপকাঠি ব্যবহার করে এআই কোম্পানিগুলো উন্নয়নের একটি অভিন্ন সীমাও নির্ধারণ করতে পারবে।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সম্প্রতি এআইয়ের দ্রুত উন্নয়ন নিয়ে উদ্বেগ বেড়েছে। ওপেনএআই ও অ্যানথ্রপিকের সাবেক এক গবেষক প্রতিষ্ঠান দুটির এআই উন্নয়নের প্রতিযোগিতাকে মানুষের জীবন নিয়ে জুয়া খেলার সঙ্গে তুলনা করেছেন। অন্যদিকে অ্যানথ্রপিকের শেয়ারবাজারে তালিকাভুক্তির নথিতেও এ প্রযুক্তির কারণে সমাজে বড় ধরনের বিপর্যয় বা অস্তিত্বসংকট তৈরির ঝুঁকির কথা উল্লেখ করা হয়েছে।
এ পরিস্থিতিতে অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী কর্মকর্তা দারিও আমোদেই এআই উন্নয়নের গতি নিয়ন্ত্রণে একটি পরিকল্পনা প্রকাশ করেন। এতে এআই কোম্পানিগুলোর মধ্যে অভিন্ন নিরাপত্তা মানদণ্ড এবং নিয়ন্ত্রণহীন উন্নয়নের গতি সীমিত করার বিষয়ে সমঝোতার প্রস্তাব দেওয়া হয়। ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যানও পরিকল্পনাটিকে সমর্থন করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে এআই উন্নয়নের গতি সীমিত করতে হলে প্রথমে সেই গতি পরিমাপের একটি অভিন্ন পদ্ধতি ঠিক করা প্রয়োজন। ওপেনএআইয়ের প্রধান বিজ্ঞানী জ্যাকব পাখোচকি তার ব্লগ পোস্টে এ ক্ষেত্রে পারপ্লেক্সিটি ব্যবহারের প্রস্তাব দিয়েছেন। বিষয়টি একই নামের এআই সার্চ কোম্পানি পারপ্লেক্সিটির সঙ্গে সম্পর্কিত নয়।
পারপ্লেক্সিটি মূলত একটি ভাষাভিত্তিক এআই মডেল পরবর্তী শব্দ বা টোকেন কতটা নির্ভুলভাবে অনুমান করতে পারে তা পরিমাপ করে। এ মান যত কম হয়, মডেলের পূর্বাভাস দেওয়ার সক্ষমতা তত ভালো বলে বিবেচিত হয়।
পাখোচকির মতে, এআইয়ের সক্ষমতা যাচাইয়ের প্রচলিত পরীক্ষাগুলো দ্রুত পুরোনো হয়ে যাচ্ছে। কারণ, নতুন মডেলগুলো আগের তুলনায় অনেক বেশি দক্ষ হয়ে উঠছে। তবে পারপ্লেক্সিটি এখনো মডেলের অগ্রগতি বোঝার ক্ষেত্রে কার্যকর।
তিনি জানান, জিপিটি-৪ মডেলের পারপ্লেক্সিটি ছিল প্রায় ০.৯১। ওই পর্যায়ে মডেলটি ধাপে ধাপে যুক্তি প্রয়োগ করে জটিল সমস্যা সমাধানে দক্ষতা দেখাতে শুরু করে। পরবর্তী সময়ে এ ধরনের সক্ষমতার ভিত্তিতেই আধুনিক রিজনিং মডেলের বিকাশ ঘটে। পারপ্লেক্সিটি ০.৮-এর নিচে নামার পর সাইবার নিরাপত্তা ও গণিতের মতো ক্ষেত্রে আরও উন্নত সক্ষমতা দেখা যাচ্ছে।
পাখোচকির প্রস্তাব অনুযায়ী, পারপ্লেক্সিটিকে এআইয়ের সাধারণ বুদ্ধিমত্তা পরিমাপের একটি অভিন্ন মানদণ্ড হিসেবে ব্যবহার করা যেতে পারে। এ মাপকাঠির ভিত্তিতে কোম্পানিগুলো উন্নয়নের একটি নির্দিষ্ট সীমা নির্ধারণ করতে পারবে। এআইয়ের আচরণ বোঝা ও নজরদারির সক্ষমতা নির্দিষ্ট পর্যায়ে না পৌঁছানো পর্যন্ত সেই সীমা অতিক্রম না করার বিষয়ে তারা সম্মত হতে পারে।
ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান পাখোচকির লেখাটিকে সাম্প্রতিক সময়ে প্রতিষ্ঠানটির প্রকাশিত গুরুত্বপূর্ণ লেখাগুলোর একটি বলে মন্তব্য করেছেন।
নিউজ ডেস্কঃ তথ্যপ্রযুক্তি ও বিজনেস প্রসেস আউটসোর্সিং (ব...
নিউজ ডেস্কঃ আমাদের চেনা চাঁদের পাশে মহাকাশে এখন যেন লুক...
তথ্যপ্রযুক্তি ডেস্ক: ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যের সুরক্ষা ন...
নিউজ ডেস্কঃ পুরোনো মোবাইল ফোন, কম্পিউটার ও সার্কিট বোর্...
তথ্যপ্রযুক্তি ডেস্কঃ প্রযুক্তির ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্...

মন্তব্য (০)