ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ দেশের মৎস্য খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগাতে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি রপ্তানি বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এ খাতের বিদ্যমান সমস্যা ও চ্যালেঞ্জ চিহ্নিত করে তা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার (২২ নভেম্বর) রাজধানীর মৎস্য ভবনে বিশ্ব মৎস্য দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, মাছ বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি ও খাদ্যাভ্যাসের অবিচ্ছেদ্য অংশ। বর্তমানে দেশে বছরে প্রায় ৫১ লাখ মেট্রিক টন মাছ উৎপাদিত হচ্ছে। অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি এ খাত থেকে রপ্তানি আয় বাড়ানোরও যথেষ্ট সুযোগ রয়েছে। একসময় তৈরি পোশাক খাতের পর মৎস্য খাতের রপ্তানি আয় ছিল উল্লেখযোগ্য। বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও এ খাতে প্রত্যাশিত অগ্রগতি না হওয়ার কারণ পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
মাছের স্বাদ ও গুণগত মান কমে যাওয়ার কারণ অনুসন্ধানের ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, মাছের প্রাকৃতিক আবাসস্থল ও বেড়ে ওঠার পরিবেশ সংরক্ষণ জরুরি। নদী-খালের নাব্যতা কমে যাওয়া, পানিদূষণ এবং শিল্পকারখানার বর্জ্য জলাশয়ে মিশে যাওয়ায় মাছের উৎপাদন ও স্বাভাবিক বৃদ্ধি বাধাগ্রস্ত হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় শিল্পবর্জ্য পরিশোধন নিশ্চিত করার পাশাপাশি নদী-খালের দূষণ রোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও নদী পুনঃখননের ঘোষণা দিয়েছেন। এ উদ্যোগ বাস্তবায়িত হলে পানিপ্রবাহ ও জলজ পরিবেশের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। বিশেষ করে ইলিশের প্রজনন ও বিচরণক্ষেত্রের নদী-মোহনায় নাব্যতা ফিরিয়ে আনতে কার্যকর উদ্যোগ প্রয়োজন। নদী ও খালের স্বাভাবিক পরিবেশ পুনরুদ্ধার করা গেলে মাছের প্রজনন ও উৎপাদন বাড়বে।
প্রতিমন্ত্রী আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে খাল খননের মাধ্যমে মৎস্যসম্পদ উন্নয়নে যে উদ্যোগ নেওয়া হয়েছিল, সেই অভিজ্ঞতাও কাজে লাগানো যেতে পারে।
মৎস্য খাতের উন্নয়নে গবেষক, বিশেষজ্ঞ, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের জনশক্তিকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে। প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করলে এ খাতের চ্যালেঞ্জ মোকাবিলা করে উৎপাদন, রপ্তানি ও কর্মসংস্থান বাড়ানো সম্ভব।
মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনকের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ মামুন চৌধুরী, নৌবাহিনী ও কোস্ট গার্ডের প্রতিনিধি, উন্নয়ন সংস্থার প্রতিনিধি এবং মৎস্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক : দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে দু...
নিউজ ডেস্ক : হাতের স্মার্টফোন কিংবা কম্পিউটারে এনআইডির কপি খ...
নিউজ ডেস্কঃ পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে শ্...
নিউজ ডেস্কঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ...
নিউজ ডেস্ক : ডিসেম্বরকে কেন্দ্র করে সীমান্তপথে অবৈধ অনুপ্রবে...

মন্তব্য (০)