ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক: আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে চট্টগ্রামে নিরাপত্তা জোরদার করেছে নগর পুলিশ (সিএমপি)। এরই অংশ হিসেবে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও প্রয়াত সিটি মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ।
বাড়িটি তার ছেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের।
বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নগরের দুই নম্বর গেটসংলগ্ন চশমা হিল এলাকায় অবস্থিত বাড়িটিতে এ অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে নগরীর বিভিন্ন এলাকায় নিরাপত্তা ও নজরদারি বাড়িয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সম্ভাব্য নাশকতা, সহিংসতা ও বিশৃঙ্খলা এড়াতে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। এর ধারাবাহিকতায় চশমা হিল এলাকায় নওফেলের বাড়িতে অভিযান চালানো হয়।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বাড়িটির সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত সাড়ে ৮টার দিকে কয়েকজন পুলিশ সদস্য ও সাদা পোশাকধারী ব্যক্তি বাড়ির ভেতরে প্রবেশ করছেন। এ সময় তাদের বাড়ির বিভিন্ন স্থানে তল্লাশি চালাতেও দেখা যায়।
তবে অভিযান পরিচালনার বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে জানতে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হকের সঙ্গে যোগাযোগ করা হলে প্রশ্ন শোনার পর তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এ অভিযান সম্পর্কে অবগত নন বলে জানান।
অভিযানের সময় বাড়িতে কাউকে পাওয়া গেছে কি না, কিংবা সেখান থেকে কোনো সরঞ্জাম বা নথিপত্র উদ্ধার করা হয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে বক্তব্য জানতে সিএমপির একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কেউ মন্তব্য করতে রাজি হননি।
নিউজ ডেস্ক: কিশোরগঞ্জের কটিয়াদীতে অভিযান চালিয়ে ৪০০-এর বেশি লগি-বৈঠা জব্...
নিউজ ডেস্ক: দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে চালু হচ্ছে ঢাকা-পাব...
নিউজ ডেস্ক: উত্তরের জেলা পঞ্চগড়ে ক্রমেই কমছে তাপমাত্রা। বাড়ছে শীতের দাপট...
নিউজ ডেস্ক: চট্টগ্রামের ফটিকছড়িতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা...
নিউজ ডেস্ক: মাদারীপুর শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আ...

মন্তব্য (০)