নিউজ ডেস্কঃ জাতীয় নিরাপত্তা ও রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষায় সাইবার নিরাপত্তা জোরদার এবং এ খাতে দক্ষ জনশক্তিকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, নাগরিকদের ব্যক্তিগত তথ্য, জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ তথ্য অন্য দেশের হাতে চলে যাওয়া শুধু ব্যক্তিগত গোপনীয়তার বিষয় নয়, বরং তা জাতীয় নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি। এ ধরনের ঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় আইন প্রণয়ন, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং দক্ষ জনশক্তিকে কাজে লাগানো জরুরি।
রোববার (১৫ নভেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের কাউন্সিল হলে ‘প্রযুক্তি বিপ্লবে জাতীয় সুরক্ষা : সাইবার নিরাপত্তায় বাংলাদেশের প্রস্তুতি ও করণীয়’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী আইসিটি ফোরাম (এনআইসিটিএফ) এ সেমিনারের আয়োজন করে।
রুহুল কবির রিজভী বলেন, দেশের নাগরিকদের এনআইডিসহ ব্যক্তিগত তথ্য হ্যাক করে পার্শ্ববর্তী দেশে নিয়ে যাওয়ার বিষয়টি উদ্বেগজনক। উপযুক্ত আইনগত সুরক্ষা এবং প্রযুক্তিগত সক্ষমতা থাকলে এ ধরনের ঘটনা প্রতিরোধ করা সম্ভব হতো বলে তিনি মনে করেন।
তিনি বলেন, ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা বিঘ্নিত হওয়া শুধু একজন নাগরিকের গোপনীয়তার লঙ্ঘন নয়, এর সঙ্গে দেশের সামরিক ও জাতীয় নিরাপত্তার বিষয়টিও জড়িত। এনআইডির তথ্য অন্য দেশের হাতে চলে গেলে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা ও জাতীয় নিরাপত্তা কতটা ঝুঁকির মধ্যে পড়তে পারে, তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, দেশে অনেক বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে। এ বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করছেন অনেকে। বিদেশেও অসংখ্য মেধাবী বাংলাদেশি রয়েছেন। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে এসব দক্ষ ও মেধাবী মানুষকে কাজে লাগিয়ে সাইবার নিরাপত্তায় নিজেদের সক্ষমতা গড়ে তোলা।
তিনি বলেন, প্রযুক্তিগত উৎকর্ষতার সঙ্গে নৈতিকতার সমন্বয় ঘটাতে হবে। প্রযুক্তি মানুষের কল্যাণে ব্যবহৃত হওয়ার কথা। কিন্তু নৈতিকতা ও যথাযথ নিয়ন্ত্রণের অভাবে এই প্রযুক্তিই সমাজ ও রাষ্ট্রের জন্য বিপদের কারণ হয়ে উঠতে পারে।
প্রযুক্তির অপব্যবহার ও ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে রুহুল কবির রিজভী বলেন, বর্তমানে হোয়াটসঅ্যাপকে অনেকে সবচেয়ে নিরাপদ যোগাযোগমাধ্যম মনে করেন। কিন্তু এরপরও বিভিন্ন সময় ব্যক্তিগত কথোপকথন ফাঁস হওয়ার ঘটনা ঘটছে। সাধারণ মানুষের ব্যক্তিগত আবেগ, অনুভূতি ও ঘনিষ্ঠজনদের সঙ্গে কথোপকথনে অন্য কারও হস্তক্ষেপের অধিকার নেই। এটি মানবাধিকারের পরিপন্থী।
তিনি বলেন, প্রযুক্তি যেমন মানুষের সামনে বিশ্বকে উন্মুক্ত করেছে, তেমনি এর অপব্যবহার মানুষের নৈতিক ও ব্যক্তিগত পরিসরকে বিপন্ন করছে। তাই প্রযুক্তির উন্নয়নের পাশাপাশি এর নৈতিক ব্যবহার ও কার্যকর নিয়ন্ত্রণ নিশ্চিত করতে হবে।
সাইবার অপরাধ মোকাবিলায় প্রয়োজনীয় আইন প্রণয়নের ওপর গুরুত্বারোপ করে রিজভী জানান, তিনি অনেক আগে এলএলবি সম্পন্ন করেছেন এবং ২০২২ সালের দিকে এলএলএম পরীক্ষার প্রস্তুতির সময় সাইবার আইন বিষয়ে পড়াশোনা করেছেন। সেখানে বিভিন্ন ধরনের সাইবার অপরাধ এবং এসব অপরাধের শাস্তি সম্পর্কে জেনেছেন। এ বিষয়ে আরও বেশি আলোচনা এবং প্রয়োজনীয় আইন প্রণয়ন করা দরকার।
তিনি বলেন, প্রযুক্তির উন্নয়নকে যথাযথভাবে কাজে লাগাতে না পারলে রাষ্ট্র ও সমাজ নানা ধরনের নিরাপত্তা ঝুঁকিতে পড়বে। সাইবার বুলিং ও সাইবার যুদ্ধ মোকাবিলা করে দেশের ভৌগোলিক অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা সুরক্ষিত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সেমিনারের আয়োজকদের উদ্দেশে তিনি বলেন, এ ধরনের আলোচনা শুধু সেমিনারের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। আলোচনায় অংশগ্রহণকারীদের গুরুত্বপূর্ণ বক্তব্য ও সুপারিশের একটি সমন্বিত সারসংক্ষেপ বা কার্যবিবরণী তৈরি করে তা প্রধানমন্ত্রীর কাছে এবং নীতিনির্ধারণী পর্যায়ে পাঠানো প্রয়োজন।
তিনি বলেন, এ ধরনের সুপারিশমালা তার কাছেও দেওয়া হলে তিনি তা যথাযথ পর্যায়ে পাঠানোর উদ্যোগ নিতে পারবেন। জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব ও স্বাধীনতা সুরক্ষায় এসব সুপারিশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সেমিনারের আয়োজকদের ধন্যবাদ জানিয়ে রিজভী বলেন, দেশের প্রতি দায়বদ্ধতা ও দেশপ্রেম থেকেই আয়োজকেরা এ ধরনের উদ্যোগ নিয়েছেন। বিভিন্ন পেশায় নিয়োজিত থাকলেও দেশের ও সমাজের কল্যাণে তাদের সম্মিলিতভাবে কাজ করার উদ্যোগ প্রশংসনীয়।
জাতীয়তাবাদী আইসিটি ফোরামের সভাপতি প্রকৌশলী রাফেল কবিরের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (অ্যাব) আহ্বায়ক ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি এ কে এম ওয়াহিদুজ্জামান।
এ সময় আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস-এর পরিচালনা বোর্ডের পরিচালক ও আইসিটি ফোরামের সহ-সভাপতি প্রকৌশলী রুপম রাজ্জাক।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয়তাবাদী আইসিটি ফোরামের দপ্তর সম্পাদক মো. মিজানুর রহমান মুন। প্রবন্ধে তিনি বিদ্যুৎ, জ্বালানি, ব্যাংকিং, টেলিযোগাযোগ, পরিবহন, স্বাস্থ্যসেবা ও সরকারি ডিজিটাল সেবার মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোর সাইবার নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দেন। পাশাপাশি সাইবার হুমকি মোকাবিলায় নিয়মিত নিরাপত্তা নিরীক্ষা, দক্ষ বিশেষজ্ঞ তৈরি এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইসিটি ফোরামের উপদেষ্টা মারুফ মল্লিক, সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. মামুন অর রশিদ সহ দেশের বিশিষ্ট প্রযুক্তিবিদ, প্রকৌশলী ও সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা।
মন্তব্য (০)