নিউজ ডেস্কঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সোমবার ফোনালাপের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, কৃষ্ণসাগর দিয়ে ‘খাদ্য করিডর’ প্রতিষ্ঠায় মধ্যস্থতা করতে প্রস্তুত ভারত।
আবুধাবিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনার এক দিন আগে এ ঘোষণা আসে। নয় মাসের বিরতির পর আবারও আলোচনার টেবিলে ফিরছে রাশিয়া ও ইউক্রেন।
এর কয়েক ঘণ্টা পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে কথা বলেন।
চলতি বছর রাশিয়া ও ইউক্রেন একে অপরের বন্দরে হামলা চালিয়েছে। এতে আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার আমদানিনির্ভর দেশগুলোর খাদ্য সরবরাহে গুরুত্বপূর্ণ শস্য ও তৈলবীজ রপ্তানি বাধাগ্রস্ত হয়েছে। পাশাপাশি সূর্যমুখী তেলের সংকটে পড়েছে ভারত।
ভারত কী প্রস্তাব দিচ্ছে, কেন এই ভূমিকা নিতে চাইছে এবং বাস্তবে তা কতটা কার্যকর করতে পারবে?
জেলেনস্কি ও মোদি কী বলেছেন?
ফোনালাপের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জেলেনস্কি বলেন, ‘খাদ্য করিডর প্রতিষ্ঠায় মধ্যস্থতা করতে প্রস্তুত ভারত। আমরা আশা করছি, এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।’
তিনি জানান, কৃষ্ণসাগর দিয়ে শস্য রপ্তানিতে রাশিয়ার বাধা দেওয়ার বিষয়টি নিয়ে দুই নেতার আলোচনা হয়েছে।
তবে মোদি তাঁর বক্তব্যে খাদ্য করিডর বা কৃষ্ণসাগরের প্রসঙ্গ উল্লেখ করেননি। তিনি শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে ‘সব ধরনের সম্ভাব্য উপায়ে’ অবদান রাখার বিষয়ে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
অন্যদিকে জয়শঙ্কর জানান, লাভরভের সঙ্গে তাঁর ফোনালাপে যুদ্ধ এবং ‘চলমান কূটনৈতিক উদ্যোগ’ নিয়ে আলোচনা হয়েছে।
ভারত কী প্রস্তাব দিচ্ছে?
নয়াদিল্লি এখনো আনুষ্ঠানিকভাবে কোনো পরিকল্পনা প্রকাশ করেনি। তবে ভারতীয় কর্মকর্তারা কয়েক সপ্তাহ ধরেই যেসব প্রস্তাব দিয়ে আসছেন, নতুন এই উদ্যোগ তারই ধারাবাহিকতা।
গত সেপ্টেম্বরে কিয়েভ সফরের সময় জয়শঙ্কর কৃষ্ণসাগরে জাহাজ চলাচল ও জ্বালানি অবকাঠামোয় হামলা সাময়িকভাবে বন্ধ রাখার সম্ভাবনা নিয়ে কথা বলেন বলে জানা গেছে। ৪ অক্টোবর তিনি জানান, জাহাজ চলাচলের নিরাপত্তা, শস্য ও জ্বালানি রপ্তানি এবং ‘হামলা না চালানোর সম্ভাবনা’ নিয়ে ভারত রাশিয়া ও ইউক্রেন উভয় দেশের সঙ্গে আলোচনা করছে।
ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের জ্যেষ্ঠ ভারতবিষয়ক বিশ্লেষক প্রবীণ দোন্থি আলজাজিরাকে বলেন, ‘সাম্প্রতিক সময়ে ভারত নীরবে সক্রিয় ভূমিকা নিতে শুরু করেছে।’
তিনি আরও বলেন, এর আগে মধ্যস্থতাকারীর ভূমিকা নেওয়ার বিষয়ে ভারত ‘সংযত’ ছিল এবং কেবল ‘কূটনীতি ও সংলাপের পক্ষে বক্তব্য’ দিয়ে আসছিল। জয়শঙ্করের সেপ্টেম্বরের সফর ছিল সেই অবস্থান থেকে এগিয়ে আসার একটি ইঙ্গিত।
অক্টোবরের শুরুর দিকে কিয়েভ ভারত, তুরস্ক, মিসর ও যুক্তরাষ্ট্রের কাছ থেকে যুদ্ধবিরতির চারটি প্রস্তাব পায়।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা ভারতের প্রস্তাবকে ‘সবচেয়ে বিস্তৃত’ বলে অভিহিত করেন। কারণ, এতে কৃষ্ণসাগর এবং জ্বালানি অবকাঠামো উভয়ই অন্তর্ভুক্ত রয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পরিকল্পনায় শুধু জ্বালানি স্থাপনায় হামলা বন্ধের প্রস্তাব রয়েছে।
কিয়েভের অবস্থান হলো, জ্বালানি অবকাঠামো ও কৃষ্ণসাগর—উভয় ক্ষেত্রেই একসঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হলেই তারা তা মেনে নেবে। তবে রাশিয়া এখন পর্যন্ত আংশিক যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে আসছে। দেশটি এর পরিবর্তে একটি পূর্ণাঙ্গ শান্তিচুক্তির ওপর জোর দিচ্ছে।
নয়াদিল্লিভিত্তিক অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের ভিজিটিং ফেলো এবং সাবেক সরকারি কর্মকর্তা রবি যোশি ডিডি ইন্ডিয়াকে বলেন, ‘অবিলম্বে একটি সমঝোতা বা যুদ্ধবিরতি গুরুত্বপূর্ণ। আর ভারত এ বিষয়েই আলোচনা করতে পারে।’
তিনি আরও বলেন, বিমার বিষয়টি এখনো একটি বড় চ্যালেঞ্জ।
যোশির ভাষায়, ‘জাহাজগুলোর পর্যাপ্ত বিমা করা হচ্ছে না। বিমা প্রতিষ্ঠানগুলো জাহাজের নিরাপত্তার নিশ্চয়তা দিচ্ছে না।’
ভারত কেন বিষয়টি গুরুত্ব দিচ্ছে?
কৃষ্ণসাগরের উত্তেজনা সরাসরি ভারতের অর্থনীতিতেও প্রভাব ফেলছে।
গত ৩ নভেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় পাঁচ ভারতীয় নাগরিক নিহত হয়েছেন এবং আরও দুজন নিখোঁজ রয়েছেন।
এ ছাড়া ভারত বিশ্বের সবচেয়ে বড় ভোজ্যতেল আমদানিকারক দেশ। দেশটি তার অধিকাংশ সূর্যমুখী তেল রাশিয়া ও ইউক্রেন থেকে আমদানি করে। সেপ্টেম্বরে ভারতের ভোজ্যতেল আমদানি ৭ শতাংশ কমে যায়।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ওই মাসে ভারতের সূর্যমুখী তেল আমদানি কমে দাঁড়ায় ১ লাখ ৮ হাজার ৮৩৭ টনে, যা ২০২২ সালের এপ্রিলের পর সর্বনিম্ন।
অক্টোবরে রাশিয়া থেকে ভারতে আসার পথে থাকা ২০ হাজার টন সূর্যমুখী তেলের একটি চালান বন্দরের অবকাঠামোর ক্ষতির কারণে বাতিল করা হয়। এ ছাড়া আরও প্রায় ৬০ হাজার টন তেলের চালান বিলম্বিত হয়।
ফরেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের ফেলো ম্যাক্সিমিলিয়ান হেস আলজাজিরাকে বলেন, ‘ভারতের জন্য এটি একটি অগ্রাধিকার। কারণ, এর ফলে শস্যের দামে ওঠানামা এবং মূল্যবৃদ্ধি ঘটেছে। এ ক্ষেত্রে উভয় পক্ষের স্বার্থের মিল রয়েছে।’
ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের দোন্থির মতে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘রাশিয়ার কাছ থেকে তেল কেনার মাধ্যমে রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টায় অর্থায়নের অভিযোগ ভারতের বিরুদ্ধে তুলেছেন।’
দোন্থি বলেন, ‘কিছু সুনির্দিষ্ট প্রস্তাব নিয়ে যুদ্ধে মধ্যস্থতা করার মাধ্যমে ভারত ভূরাজনৈতিক প্রভাব ও বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারে। এতে সাম্প্রতিক অতীতে ভারতের বিরুদ্ধে ওঠা কিছু অযৌক্তিক সমালোচনার প্রভাবও কমতে পারে।’
তিনি আরও বলেন, ‘গত এক বছরে ভারতের আন্তর্জাতিক ভাবমূর্তিতে যে কিছুটা ভাটা পড়েছে, এ উদ্যোগ তা কাটিয়ে বৈশ্বিক পরিসরে দেশটির মর্যাদা বাড়াতে পারে।’
আলজাজিরার আগের এক প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর আগে বিশ্বের মোট শস্য রপ্তানির প্রায় এক-তৃতীয়াংশ কৃষ্ণসাগর দিয়ে পরিবাহিত হতো। বিশ্বে মোট গম রপ্তানির এক-দশমাংশ এবং ভুট্টার ১৫ শতাংশ সরবরাহ করত ইউক্রেন।
এই সরবরাহে বিঘ্ন ঘটলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় খাদ্য আমদানিনির্ভর দেশগুলো, বিশেষ করে আফ্রিকা ও এশিয়ার কয়েকটি অঞ্চল।
চলতি বছর কৃষ্ণসাগরকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি বন্দরে হামলার ঘটনা ঘটছে।
রাশিয়া ইউক্রেনের ওদেসা বন্দরে হামলা জোরদার করেছে। সাধারণত দেশটির প্রায় ৯০ শতাংশ শস্য চালান এই বন্দরগুলো দিয়ে পরিবাহিত হয়। অন্যদিকে ইউক্রেন রাশিয়ার শস্য টার্মিনালগুলোতে হামলা চালিয়েছে।
আরবিসি-ইউক্রেনের প্রতিবেদন অনুযায়ী, গত আগস্টে ইউক্রেনের কৃষি মন্ত্রণালয় ২০২৬-২৭ বিপণন বছরে কৃষিপণ্য রপ্তানির পূর্বাভাস অর্ধেকেরও বেশি কমিয়ে প্রায় ২ কোটি ৯৬ লাখ টনে নামিয়ে আনে।
রয়টার্সের তথ্য অনুযায়ী, আগস্টের মাঝামাঝি সময়ের মধ্যে জাহাজ চলাচলে হামলার কারণে আজভ ও কৃষ্ণসাগরীয় অঞ্চলে রাশিয়া ও ইউক্রেনের শস্য রপ্তানি সক্ষমতার ৯৭ শতাংশেরও বেশি বন্ধ হয়ে যায়।
এ ধরনের সর্বশেষ চুক্তি ছিল জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় হওয়া ‘ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভ’। ২০২২ সালের জুলাই থেকে কার্যকর হওয়া ওই চুক্তির আওতায় ইউক্রেনের তিনটি বন্দর দিয়ে প্রায় ৩ কোটি ৩০ লাখ টন খাদ্যশস্য রপ্তানি সম্ভব হয়েছিল। তবে এক বছর পর রাশিয়া চুক্তি থেকে সরে যায়।
ভারতকে বিশ্বাসযোগ্য মধ্যস্থতাকারী মনে করার কারণ কী?
বিশ্বের অল্প কয়েকটি বড় শক্তির মধ্যে ভারত অন্যতম, যাদের মস্কো ও কিয়েভ উভয়ের সঙ্গেই কার্যকর কূটনৈতিক সম্পর্ক রয়েছে।
রবি যোশি বলেন, ভারতের কৌশলগত স্বায়ত্তশাসনের অবস্থান দেশটিকে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার সুযোগ করে দিয়েছে। কারণ, নয়াদিল্লির ‘উভয় পক্ষের সঙ্গেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে’।
ভারত উভয় পক্ষের ক্ষেত্রেই ভারসাম্যপূর্ণ অবস্থান বজায় রেখেছে।
গত জুলাইয়ে একটি বাণিজ্যিক জাহাজে রাশিয়ার হামলার প্রতিবাদ জানাতে দেশটির চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে ভারত। ওই হামলায় চার ভারতীয় নাবিকসহ মোট ১০ জন নিহত হন।
এর কয়েক দিন পর ইউক্রেনের ড্রোন হামলায় এমভি ওমরফি নামের একটি জাহাজে এক ভারতীয় নাবিক নিহত হওয়ার ঘটনায় ইউক্রেনের রাষ্ট্রদূতকেও তলব করে নয়াদিল্লি। প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) এ তথ্য জানিয়েছে।
এ ছাড়া ভারত এমন একটি ক্রেতা, যাকে রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষেরই প্রয়োজন।
ভারতীয় সলভেন্ট এক্সট্র্যাক্টরস অ্যাসোসিয়েশনের (এসইএ) তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ বিপণন বছরে ভারত রাশিয়া থেকে ১৪ লাখ ৬০ হাজার টন এবং ইউক্রেন থেকে ৪ লাখ ৪৩ হাজার টন সূর্যমুখী তেল আমদানি করেছে। পাশাপাশি রাশিয়া থেকে বিপুল পরিমাণ অপরিশোধিত তেলও আমদানি করেছে দেশটি।
ফরেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের হেস বলেন, জেলেনস্কি ভারতের সঙ্গে যোগাযোগ করেছেন, ‘কারণ, মস্কোর ওপর ভারতের প্রভাব রয়েছে এবং দেশটি রাশিয়ার তেলের হাতে গোনা কয়েকটি বড় ক্রেতার অন্যতম, যারা এখনো তেল কিনছে।’
তিনি আরও বলেন, রাশিয়ার বিপুল পরিমাণ অর্থ ভারতের আর্থিক ব্যবস্থায় জমা রয়েছে, যার ওপর প্রবেশাধিকার বজায় রাখতে চায় মস্কো।
ভারতের সামনে কী বাধা রয়েছে?
প্রথমত, নয়াদিল্লি এখনো প্রকাশ্যে এই প্রস্তাবের বিষয়টি নিশ্চিত করেনি। মোদি কেবল শান্তিপূর্ণ সমাধানে অবদান রাখার কথা বলেছেন। ফলে এ বিষয়ে ভারতের অঙ্গীকার নিয়ে প্রশ্ন রয়ে গেছে।
এ ছাড়া ভারতের নিরপেক্ষতা নিয়েও কিয়েভের সংশয় রয়েছে। রাশিয়ার কাছ থেকে ভারতের তেল কেনার বিষয়ে ইউক্রেন বারবার নয়াদিল্লির কাছে আপত্তি জানিয়েছে। তবে গত সেপ্টেম্বরে ভারত সফরের সময় জয়শঙ্কর এ অবস্থানের পক্ষে যুক্তি দিয়ে বলেছিলেন, রাশিয়া থেকে ভারতের তেল কেনা যুদ্ধের গতিপথ নির্ধারণ করবে না।
হেস বলেন, জেলেনস্কি ‘ভারতকে বোঝাতে চান, মস্কোর সঙ্গে তাদের অংশীদারত্বের বর্তমান অবস্থা নতুন করে বিবেচনা করা উচিত’।
তিনি আরও বলেন, ‘রাশিয়া যে বিশ্বাসযোগ্য অংশীদার নয়, তা সবাইকে দেখানো ইউক্রেনের জন্য গুরুত্বপূর্ণ।’
এ ছাড়া কৃষ্ণসাগরীয় অঞ্চলে ভারতের সরাসরি কোনো ভৌগোলিক উপস্থিতি নেই।
২০২২ সালের শস্য চুক্তির ক্ষেত্রে তুরস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। বসফরাস প্রণালির ওপর নিয়ন্ত্রণ থাকায় কৃষ্ণসাগরে প্রবেশের পথ নিয়ন্ত্রণ করে দেশটি। এ ছাড়া চুক্তির যৌথ পরিদর্শন কেন্দ্রও ইস্তাম্বুলে স্থাপন করা হয়েছিল। নতুন কোনো করিডর প্রতিষ্ঠা করতে হলে জাহাজ, বিমা এবং পরিদর্শনব্যবস্থা প্রয়োজন হবে, যা ভারত একা সরবরাহ করতে পারবে না।
এ ছাড়া এ উদ্যোগে প্রতিযোগীও রয়েছে অনেক।
তুরস্ক, মিসর ও যুক্তরাষ্ট্র ইতিমধ্যে নিজ নিজ প্রস্তাব দিয়েছে। অন্যদিকে ক্রেমলিন জানিয়েছে, আবুধাবির আলোচনা হবে ত্রিপক্ষীয়, যেখানে একমাত্র মধ্যস্থতাকারী হিসেবে থাকবে ওয়াশিংটন।
সবচেয়ে বড় বিষয় হলো, নতুন করিডর প্রতিষ্ঠা করতে হলে এবার উভয় পক্ষকেই হামলা বন্ধ করতে হবে। ২০২২ সালের পরিস্থিতির সঙ্গে বর্তমানের পার্থক্য হলো, ইউক্রেনও এখন রাশিয়ার শস্য টার্মিনালগুলোতে হামলা চালাচ্ছে। অন্যদিকে রাশিয়া ২০২৩ সালে সর্বশেষ শস্য চুক্তি থেকে সরে গিয়েছিল।
হেস বলেন, পৃথকভাবে একটি করিডর প্রতিষ্ঠার আগের প্রচেষ্টাগুলো ব্যর্থ হয়েছিল, ‘কারণ রাশিয়া ইউক্রেনের বন্দরগুলোতে হামলা চালিয়ে যাচ্ছিল’। তাঁর মতে, ইউক্রেন নৌ-ড্রোন ব্যবহার করে রাশিয়ার নৌবহরকে দূরে সরিয়ে দেওয়ার পরই কেবল জাহাজ চলাচল আবার স্বাভাবিক হয়েছিল।
এরপর কী ঘটতে পারে?
মঙ্গলবার ও বুধবার আবুধাবিতে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদলের বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে ভূখণ্ডের মালিকানা নিয়ে বিরোধের কারণে আলোচনা আটকে আছে। রবি যোশির মতে, এ বিষয়টি ‘আলোচনার মাধ্যমে সমাধান করা অসম্ভব’।
হেস বলেন, ‘রাশিয়া এখনো কোনো ছাড় দেওয়ার প্রস্তাব দেয়নি। বরং কিছু ক্ষেত্রে নিজেদের দাবিদাওয়া আরও বাড়িয়েছে। আলোচনা এবং এসব প্রস্তাবের লক্ষ্য প্রকৃতপক্ষে কোনো চুক্তিতে পৌঁছানোর চেয়ে ভিন্ন। বরং এর উদ্দেশ্য অন্য দেশগুলোর চিন্তাভাবনা ও অবস্থানকে প্রভাবিত করা।’
তিনি বলেন, সেনা হতাহতের সংখ্যা রেকর্ড পর্যায়ে পৌঁছানোয় রাশিয়ার সরকার অভ্যন্তরীণ চাপের মুখে পড়তে পারে।
হেসের ভাষায়, ‘ইউরোপ ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় যুক্ত হওয়ার পেছনে রাশিয়ার মূল উদ্দেশ্য হলো বিভক্ত করে জয় করা।’
তিনি আরও বলেন, ‘রাশিয়ার কাছে বিষয়টি হলো, ইউক্রেনীয়দের ওপর দায় চাপানোর চেষ্টা করা। অন্যদিকে ইউক্রেনের লক্ষ্য হলো, রাশিয়া যে অসৎ উদ্দেশ্য নিয়ে কাজ করছে, তা অন্যদের সামনে তুলে ধরা।’
মন্তব্য (০)