ছবিঃ সিএনআই
নিজস্ব প্রতিবেদক : বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে গবেষণার ওপর আরও গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
রোববার বগুড়ায় পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) আয়োজিত ৪৫তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, আমরা এখন ‘গ্লোবাল ভিলেজে’ বসবাস করছি। প্রতিনিয়ত আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতার মুখোমুখি হতে হচ্ছে। এ প্রতিযোগিতায় টিকে থাকতে হলে গবেষণার পরিধি ও মান বাড়াতে হবে। এ সময় তিনি শিক্ষকদের আরও উন্নত ও মানসম্মত গবেষণায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, আগামী দিনের শিক্ষাব্যবস্থা একটি বৈশ্বিক চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর ব্যবহার বাড়াতে হবে। তবে এআইয়ের অপব্যবহার রোধেও সবাইকে সতর্ক থাকতে হবে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষাব্যবস্থার উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য শিক্ষা আনন্দময় করে তুলতে সরকার কাজ করছে। একই সঙ্গে শিক্ষকদেরও আনন্দময় পরিবেশে পাঠদান নিশ্চিত করতে হবে। শিক্ষকদের প্রশিক্ষণ কারিকুলামকে যুগোপযোগী করতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও তথ্যপ্রযুক্তির ব্যবহার আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
আগামীর বাংলাদেশ গড়ে তোলা এবং দেশের শিক্ষাব্যবস্থার সার্বিক উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।
নায়েমের মহাপরিচালক অধ্যাপক ড. ওয়াসীম মো. মেজবাহুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্যা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক, পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ) ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. আব্দুল মজিদ প্রামাণিক এবং নায়েমের পরিচালক অধ্যাপক মো. শাহজাহান।
নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান সম...
নিজস্ব প্রতিবেদক : গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের...
নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে...
নিউজ ডেস্কঃ চলতি ২০২৬-২৭ অর্থবছরের আমন মৌসুমে সরক...
নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের স্পিকার ও কার্য উপদেষ্টা কমিট...

মন্তব্য (০)