ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ টানা বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন এলাকার কাঁচাবাজারে সবজির দাম আবারও ঊর্ধ্বমুখী। সরবরাহ কমে যাওয়ায় অধিকাংশ সবজির দাম সেঞ্চুরির কোঠায়। আর কাঁচা মরিচ বিক্রি হচ্ছে প্রতি কেজি ২৪০ টাকায়। সরবরাহ ব্যাহত হওয়ায় এক সপ্তাহের ব্যবধানে বেগুন, শসাসহ বিভিন্ন সবজির দাম কেজিপ্রতি ৪০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে।
বুধবার (২২ জুলাই) সকালে রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা যায়, বর্তমানে রাজধানীর বাজারে প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ১২০ টাকায়। করলার দাম ১০০ থেকে ১২০ টাকা, পটল ৮০ টাকা, ঢ্যাঁড়স ১০০ টাকা, ঝিঙা ১০০ টাকা, চিচিঙ্গা ৮০ থেকে ১০০ টাকা এবং শসা ১২০ থেকে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। কয়েক দিন আগের তুলনায় এসব সবজির দাম কেজিপ্রতি ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে। লাউ, যা এক সপ্তাহ আগেও ৬০ টাকায় বিক্রি হচ্ছিল, এখন বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়।
বাজারে কাঁচা মরিচের দামও বেড়েছে। কয়েক দিন আগে এক কেজি কাঁচা মরিচ ১২০ টাকায় কেনা যেত। বর্তমানে প্রতি কেজি সাধারণ মানের কাঁচা মরিচ ২৪০ টাকায় খুচরা বিক্রি হচ্ছে। তবে পেঁপের দাম তুলনামূলক কম রয়েছে। প্রতি কেজি পেঁপে বিক্রি হচ্ছে ৪০ টাকায়। আর গাজর ১৬০ টাকা কেজি বিক্রি হচ্ছে। কাঁকরোল ৯০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজার ঘুরে আরও দেখা যায়, প্রায় সব ধরনের সবজির দামই বেড়েছে। বর্তমানে টমেটো ১২০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া, মিষ্টি কুমড়া পিস ৪০ থেকে ৫০ টাকা, চাল কুমড়া ৬০ থেকে ৮০ টাকা এবং কাঁচা কলা প্রতি হালি ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে।
বিক্রেতারা বলছেন, টানা বৃষ্টিতে অনেক এলাকায় খেত থেকে সবজি সংগ্রহ করা সম্ভব হচ্ছে না। বৃষ্টির কারণে বাজারে সরবরাহ কমে যাওয়ায় দাম বাড়ছে। ব্যবসায়ীদের আশা, আবহাওয়া স্বাভাবিক হলে এবং বাজারে সরবরাহ বাড়লে সবজির দাম আবারও কমতে শুরু করবে। তবে বৃষ্টি অব্যাহত থাকলে আগামী কয়েক দিন বাজারে দামের চাপ আরও বাড়তে পারে।
রাজধানীর এক ক্রেতা বলেন, কয়েক দিন আগেও যে সবজি ৬০ থেকে ৭০ টাকায় কিনেছি, এখন সেটি ১০০ টাকার কাছাকাছি। বিশেষ করে কাঁচা মরিচের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে।
এ বিষয়ে মোহাম্মদপুর টাউন হলের এক জন সবজি ব্যবসায়ী বলেন, ভারী বৃষ্টিতে অনেক এলাকায় সবজির খেত পানিতে তলিয়ে যাওয়ায় উৎপাদনও ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে বাজারে সরবরাহ সংকট আরও বেড়েছে।
নিউজ ডেস্কঃ বাংলাদেশে বাধ্যতামূলক ‘এক দেশ, এক কিউ...
নিউজ ডেস্ক : চলতি আগস্ট মাসের প্রথম ২২ দিনে দেশে ২১৪ কোটি ৮০ লাখ ম...
নিউজ ডেস্কঃ দেশের জুয়েলারি খাতকে আধুনিক ও রপ্তানিমুখী শ...
নিউজ ডেস্কঃ মাছ-মাংসের চড়া দামের পর রাজধানীর সবজির বাজারেও ত...
নিউজ ডেস্কঃ দেশের বৈদেশিক মুদ্রার মোট বা গ্রস রিজার্ভ আরও বে...

মন্তব্য (০)