নিউজ ডেস্কঃ আর মাত্র এক সপ্তাহ পরই অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এবারের নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ সেনাবাহিনী। এর আগে নির্বাচনী প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে সমন্বয় সভার আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) গুলিস্তানের জাতীয় স্টেডিয়ামে অবস্থিত সেনা ক্যাম্পে এই সভা অনুষ্ঠিত হয়। এদিন ক্যাম্প পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। পরিদর্শনকালে অসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভায় মিলিত হন তিনি।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন জাতীয় নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে এই সমন্বয় সভার আয়োজন করা হয়। সেনাপ্রধান সভায় উপস্থিত কর্মকর্তাদের আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
জাতীয় স্টেডিয়ামের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় সেনাবাহিনী প্রধান জাতীয় দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা ও ধৈর্যের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। নিয়োজিত সেনাসদস্যদের জনগণের প্রতি নাগরিকবান্ধব আচরণ বজায় রেখে কাজ করার নির্দেশ দেন তিনি।
‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’ এর আওতায় বর্তমানে সারাদেশে মোতায়েনকৃত সেনাসদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং নির্বাচনী পরিবেশ নিয়ন্ত্রণে রাখতে সম্ভাব্য সকল পদক্ষেপ গ্রহণের তাগিদ দেন। মূলত একটি ভীতিমুক্ত ও স্বচ্ছ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করাই সেনাবাহিনীর এই তৎপরতার মূল লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।
পরিদর্শনকালে সেনাপ্রধানের সঙ্গে সেনাবাহিনীর ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি, ৯ পদাতিক ডিভিশনের জিওসি ও সাভার এরিয়া কমান্ডারসহ সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া অসামরিক প্রশাসনের পক্ষে ঢাকার বিভাগীয় কমিশনারসহ বিভাগীয় ও জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পর্যায়ের প্রধানগণ সভায় অংশগ্রহণ করেন। সভায় নির্বাচনের দিন ভোটকেন্দ্রের নিরাপত্তা ও আইনশৃঙ্খলার সম্ভাব্য চ্যালেঞ্জগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং সব সংস্থার মধ্যে কাজের সমন্বয় নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়।
নির্বাচনী প্রস্তুতি জোরদার করার লক্ষ্যে সেনাবাহিনী প্রধান গত ২২ জানুয়ারি ২০২৬ তারিখ থেকে নিরলসভাবে দেশের বিভিন্ন অঞ্চল সফর করছেন। এরই ধারাবাহিকতায় তিনি ইতোমধ্যে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, রংপুর, বগুড়া, বরিশাল, যশোর, কক্সবাজার, সিলেট, ঘাটাইল ও সাভার এরিয়ার ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সম্পন্ন করেছেন।
সকল বিভাগ ও জেলার প্রশাসনের সঙ্গে এই সমন্বিত আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার লক্ষে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। প্রতিটি পরিদর্শনকালে তিনি স্থানীয় প্রেক্ষাপট বিবেচনা করে প্রয়োজনীয় কৌশলগত নির্দেশনা প্রদান করেছেন।
মন্তব্য (০)