• আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান যুদ্ধ থামাতে চায় ডেমোক্র্যাটরা, কিন্তু নীতি কি আসলেই বদলাবে?

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান নয় মাসের যুদ্ধ নিয়ে আমেরিকানদের মধ্যে ক্ষোভ বাড়ছে। যুদ্ধের কারণে বিশ্বজুড়ে তেলের দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ বেশ চাপে আছেন। এই অসন্তোষের প্রভাব পড়েছে চলতি মাসের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে, যেখানে বড় জয় পেয়েছে ডেমোক্রেটিক পার্টি। জয়ের পরপরই দলের শীর্ষ নেতারা অবিলম্বে এই যুদ্ধ বন্ধের দাবি তুলেছেন।

সম্ভাব্য নতুন হাউস স্পিকার হাকিম জেফ্রিস জানিয়েছেন, জানুয়ারিতে দায়িত্ব নিয়েই এই ব্যয়বহুল ও অপ্রয়োজনীয় যুদ্ধ বন্ধে তারা কাজ শুরু করবেন। সিনেট নেতা চাক শুমারও বলেছেন, ইরানে আমেরিকানরা ঠিক কীসের জন্য লড়ছে, তা মানুষের বোধগম্য নয়। তবে ডেমোক্র্যাটদের এই কথায় খুব একটা ভরসা পাচ্ছে না তেহরান। ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সাফ জানিয়ে দিয়েছেন, নির্বাচনের ফলাফলে যুক্তরাষ্ট্রের ইরান নীতি বদলে যাবে বলে যারা ভাবছেন, তারা বড় ভুল করছেন।

ইতিহাস বলছে, ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকে ইরানকে কোণঠাসা করার বিষয়ে যুক্তরাষ্ট্রের দুই প্রধান দল—রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের অবস্থান প্রায় একই রকম। ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জিমি কার্টারের আমলেই ইরানের ওপর প্রথম নিষেধাজ্ঞা শুরু হয়। পরবর্তীতে বিল ক্লিনটন ও বারাক ওবামার সময়েও ইরানের ওপর সবচেয়ে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপানো হয়েছিল। বিশ্লেষক মারিয়াম জামশিদির মতে, উভয় দলই বরাবর ইরানকে দমিয়ে রাখতে চেয়েছে।

তবে বিশ্লেষক নেগার মোরতাজাভি মনে করেন, দুই দলের নীতি পুরোপুরি এক নয়। এর প্রমাণ ২০১৫ সালে বারাক ওবামার উদ্যোগে ইরানের সঙ্গে ঐতিহাসিক পারমাণবিক চুক্তি। ওবামা কূটনীতির পথে হাঁটলেও ট্রাম্প ক্ষমতায় এসে সেই চুক্তি বাতিল করেন এবং এখন সরাসরি যুদ্ধে জড়িয়েছেন। অন্যদিকে জো বাইডেন সরাসরি যুদ্ধ না বাড়ালেও ট্রাম্পের আরোপিত নিষেধাজ্ঞাগুলোই ধরে রেখেছিলেন। বারবার প্রতিশ্রুতি দিয়েও নিষেধাজ্ঞা না তোলায় আমেরিকার ওপর থেকে তেহরানের বিশ্বাস পুরোপুরি উঠে গেছে।

বর্তমানে ডেমোক্রেটিক পার্টির ভেতরে যুদ্ধবিরোধী নতুন প্রজন্মের নেতাদের প্রভাব বাড়ছে। কিন্তু হোয়াইট হাউস এখনো ট্রাম্পের দখলে থাকায় ডেমোক্র্যাটদের পক্ষে পররাষ্ট্রনীতিতে বড় কোনো বদল আনা সহজ হবে না। কংগ্রেসের ক্ষমতা ব্যবহার করে তারা যুদ্ধের খরচ আটকে দেওয়ার চেষ্টা করতে পারে, কিন্তু ট্রাম্পের ভেটো ক্ষমতা ঠেকানো তাদের জন্য কঠিন হবে। তাছাড়া শীর্ষ ডেমোক্র্যাট নেতারা কীভাবে যুদ্ধ থামাবেন, তার কোনো পরিষ্কার পরিকল্পনা এখনো দেননি। তাই যুদ্ধ থামলেও ইরানের ওপর অর্থনৈতিক চাপ ও নিষেধাজ্ঞা বজায় রাখার পুরনো মার্কিন নীতি থেকে ডেমোক্র্যাটরা আদৌ সরে আসবে কি না, তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে।

 

মন্তব্য (০)





image

২০২৭ সালে বাংলাদেশ সফরে আসতে চান ইউটিউবার আইশোস্পিড

১

নিউজ ডেস্কঃ জনপ্রিয় মার্কিন ইউটিউবার ও লাইভস্ট্রিমার ড...

image

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির’ চূড়ান্ত অনুমোদন দিলেন এরদ...

২

নিউজ ডেস্কঃ পাকিস্তান ও সৌদি আরবের সঙ্গে স্বাক্ষরিত &ls...

image

সৌদির তেল শোধনাগারে হামলা, বিদেশি নাগরিক নিহত

৩

নিউজ ডেস্ক : সৌদি আরবের উপকূলীয় প্রদেশ জাজানের এক তেল শোধনাগ...

image

কুয়েতে হামলার কথা অস্বীকার করল ইরান

৪

আন্তর্জাতিক ডেস্ক :  কুয়েতে ড্রোন হামলায় দুই ইতালীয় নাগরিক নিহত হওয়ার ঘট...

image

তিন সপ্তাহ পর হঠাৎ বাড়ল তেলের দাম

৫

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালা...

  • company_logo