• আন্তর্জাতিক

ট্রাম্পের নতুন শুল্ক চাল কি চীনকে কোণঠাসা করতে?

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ চীনের ওপর নির্ভরতা কমিয়ে বৈশ্বিক বাণিজ্যব্যবস্থায় যুক্তরাষ্ট্রের প্রভাব বাড়াতে নতুন করে শুল্কনীতি গ্রহণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের বৃহত্তম উৎপাদনকেন্দ্র চীনের অর্থনৈতিক শক্তি দুর্বল করতে দেশটির পাশাপাশি অন্যান্য বাণিজ্যিক অংশীদারদের ওপরও চাপ বাড়াচ্ছে ওয়াশিংটন। 

নতুন এ শুল্ক আরোপের ফলে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য উত্তেজনা আবারও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন, জাপান ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশের সঙ্গেও বাণিজ্যিক টানাপোড়েন বাড়তে পারে।

যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতি আপাতত ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে চলমান বাণিজ্যিক সমঝোতার সীমার মধ্যেই রয়েছে। তবে ভবিষ্যতে আরও শুল্ক বাড়ানোর সুযোগও রেখেছে ট্রাম্প প্রশাসন। আগামী মাসে মায়ামিতে দুই দেশের নেতাদের চতুর্থ বৈঠক এবং ১০ জানুয়ারি বাণিজ্য চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে এ পদক্ষেপকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

ট্রাম্প প্রশাসন চীনের পণ্যের ওপর আরও ২০ শতাংশ শুল্ক বাড়ানোর পরিকল্পনা করেছে। এর সঙ্গে যুক্ত হবে ট্রাম্পের প্রথম মেয়াদে আরোপ করা ২৫ শতাংশ শুল্ক। দুই দেশের মধ্যে হওয়া সাময়িক সমঝোতায় এ সীমা নির্ধারণ করা হয়েছিল। সমঝোতা ভেঙে গেলে দ্বিতীয় মেয়াদে চীনা পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের মোট শুল্কের হার ৪০ শতাংশে পৌঁছাতে পারে।

ক্যাপিটাল ইকোনমিকসের প্রধান এশিয়া অর্থনীতিবিদ মার্ক উইলিয়ামস বলেন, বাণিজ্যযুদ্ধ আবার শুরু হলে যুক্তরাষ্ট্রের হাতে নতুন পদক্ষেপগুলো চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে কাজ করবে। তৃতীয় দেশগুলোর বাণিজ্যসংক্রান্ত প্রতিবেদনে চীনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার বিষয়টি ট্রাম্প প্রশাসনের আগের প্রচেষ্টারই প্রতিফলন। এর মাধ্যমে অন্য দেশগুলোকে চীনের বিরুদ্ধে বাণিজ্যিক সুরক্ষা জোরদার এবং দেশটির ওপর নির্ভরতা কমাতে উৎসাহিত করা হচ্ছে।

নতুন শুল্ক আরোপের আগে আট মাস ধরে বিশ্বজুড়ে অন্যায্য বাণিজ্যচর্চা নিয়ে তদন্ত করেছে যুক্তরাষ্ট্র। এতে বিভিন্ন দেশের অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার বিষয়টি পর্যালোচনা করা হয়। চীনের পাশাপাশি বাণিজ্য চুক্তি রয়েছে অথবা যাদের সঙ্গে চুক্তি নিয়ে আলোচনা চলছে, এমন দেশগুলোর ওপরও চাপ সৃষ্টি করছে ওয়াশিংটন। ভিয়েতনাম নিয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির প্রতিবেদনে চীনের প্রসঙ্গ ২৫০ বারের বেশি এবং ইউরোপীয় ইউনিয়নবিষয়ক প্রতিবেদনে ৩০০ বারের বেশি উল্লেখ করা হয়েছে।

চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক কি আবার সংঘাতের দিকে?

২০২৫ সালের এপ্রিলে ট্রাম্পের ‘লিবারেশন ডে’ শুল্কনীতিকে অবৈধ ঘোষণা করে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। এরপর বৈশ্বিক বাণিজ্যব্যবস্থা নতুন করে সাজানোর উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। ওই সময় প্রায় সব বাণিজ্যিক অংশীদারের ওপর শুল্ক বাড়ানো হলেও চীনই সবচেয়ে শক্তভাবে পাল্টা জবাব দিয়েছিল। দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি শুল্ক তিন অঙ্কের ঘরে পৌঁছেছিল। পাশাপাশি বিরল খনিজ পরিশোধনে নিজেদের আধিপত্য কাজে লাগিয়ে রপ্তানি নিয়ন্ত্রণের মাধ্যমে গাড়ি ও প্রতিরক্ষা শিল্পসহ বিভিন্ন বৈশ্বিক খাতকে চাপে ফেলে বেইজিং।

পরবর্তী সময়ে দুই দেশের শীর্ষ নেতাদের বৈঠকে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হয়। চলতি মাসে ট্রাম্পকে উষ্ণ অভ্যর্থনা জানান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বিমানবন্দরে প্রটোকল ভেঙে আলিঙ্গন করে তাকে স্বাগত জানান শি। এ আয়োজনের মাধ্যমে দুই দেশের সম্পর্কের ইতিবাচক বার্তা দেওয়া হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এ সপ্তাহে যুক্তরাষ্ট্রে বিরল খনিজ রপ্তানির ওপর নিয়ন্ত্রণ স্থগিত রাখার মেয়াদ বাড়িয়েছে বেইজিং। পাশাপাশি চায়না সাউদার্ন এয়ারলাইন্স জানিয়েছে, তাদের সহযোগী প্রতিষ্ঠান জিয়ামেন এয়ারলাইন্স বোয়িংয়ের ৫০টি ৭৩৭ ম্যাক্স ৮ উড়োজাহাজ কেনার চুক্তি করেছে। এসব ঘটনাকে দুই দেশের বাণিজ্যিক সমঝোতা কার্যকর থাকার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

তবে শুল্ক বাড়ানোর সুযোগ থাকলেও এর মূল্যস্ফীতির প্রভাব নিয়ে সতর্ক যুক্তরাষ্ট্র। সম্প্রতি কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের রিপাবলিকান পার্টির বড় পরাজয়ের পেছনে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ভোটারদের অন্যতম প্রধান অসন্তোষ হিসেবে উঠে এসেছে।

সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটির গবেষক চেন বো বলেন, চীন যেমন যুক্তরাষ্ট্রের সঙ্গে আরেকটি বাণিজ্যযুদ্ধে জড়াতে চায় না, তেমনি ওয়াশিংটনও তা চায় না। উভয় পক্ষই একটি সমঝোতায় পৌঁছাতে আগ্রহী।

চীনের সঙ্গে অন্য দেশগুলোর উত্তেজনা বাড়ার আশঙ্কা

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র চীনের ওপর শুল্ক বাড়ালে বেইজিংয়ের সঙ্গে ওয়াশিংটনের বাণিজ্য ঘাটতি কমে। তবে একই সময়ে অন্য দেশগুলোর সঙ্গে চীনের বাণিজ্য ঘাটতি বাড়তে পারে। এতে নিজেদের শিল্প ও কর্মসংস্থান রক্ষায় সংশ্লিষ্ট দেশগুলোর ওপর চাপ তৈরি হয়।

চীনের দুর্বল অভ্যন্তরীণ ভোগব্যয় এবং রপ্তানিনির্ভরতা বাড়তে থাকায় দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি অন্য দেশগুলোর জন্য চাপ তৈরি করছে বলে সমালোচকদের অভিযোগ। 

ম্যাককুয়ারি ক্যাপিটালের বৈশ্বিক কৌশলবিদ ভিক্টর শেভেটস বলেন, যুক্তরাষ্ট্রের অসংগতিপূর্ণ বাণিজ্যনীতির চেয়েও চীনের অর্থনৈতিক কাঠামো পুনর্গঠনে ব্যর্থতা ভবিষ্যতে বাণিজ্য উত্তেজনা বাড়ানোর বড় কারণ হবে। তার মতে, বর্তমানে ইউরোপীয় ইউনিয়ন চীনের বাণিজ্য ভারসাম্যহীনতার সবচেয়ে বেশি চাপের মুখে থাকলেও ভবিষ্যতে অন্য দেশগুলোকেও একই পরিস্থিতির মুখোমুখি হতে হবে। ফলে শুল্ক ও শুল্কবহির্ভূত বাণিজ্যিক বিধিনিষেধ আরও বাড়তে পারে।

ইউরোপীয় ইউনিয়ন ইতোমধ্যে চীনা গাড়ি আমদানির ক্ষেত্রে কিছু পণ্যে কোটা আরোপে বেইজিংকে রাজি করিয়েছে। ব্রাসেলস আরও বাণিজ্যিক পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে। 

গবেষণা প্রতিষ্ঠান প্লেনামের অংশীদার বো ঝেংইউয়ানের মতে, চীন সব সময় সব বাণিজ্যিক ক্ষেত্রে নিজের অবস্থান ধরে রাখতে পারে না। অংশীদার দেশগুলোর সঙ্গে সমঝোতায় পৌঁছাতে বেইজিংকে আরও ছাড় দিতে হতে পারে। ফলে ট্রাম্পের নতুন শুল্কনীতি শুধু যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কেই নয়, পুরো বৈশ্বিক বাণিজ্যব্যবস্থায় নতুন মেরুকরণ তৈরি করতে পারে।

 

মন্তব্য (০)





image

নতুন বার্তা দিলেন মোজতবা খামেনি

১

নিউজ ডেস্কঃ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামে...

image

ইউক্রেন যুদ্ধ আর না বাড়ানোর হুঁশিয়ারি ট্রাম্প-রুটের

২

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ন্যাটোর মহাস...

image

ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র

৩

আন্তর্জাতিক ডেস্ক : দূরপাল্লার হামলার সক্ষমতা বাড়া...

image

ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

৪

নিউজ ডেস্কঃ  ভারতীয় পণ্যের ওপর সর্বোচ্চ ২৫ শতাংশ শুল্ক ...

image

‎মিশরে তেলবাহী ট্যাংকার বিস্ফোরণে প্রাণহানি বেড়ে ৩১

৫

‎আন্তর্জাতিক ডেস্ক: মিশরের গিজা প্রদেশে তেলবাহী একটি ট্য...

  • company_logo