• জাতীয়

‘বিডিআর হত্যাকাণ্ডের পর ১০ সদস্যকে হত্যা করেন জিয়াউল আহসান’

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ পিলখানায় বিডিআর বিদ্রোহের পর সারা দেশে পলাতক বিডিআর সদস্যদের ধরার জন্য ‘অপারেশন রেবেল হান্ট’ পরিচালনা করা হয়। সে সময় তৎকালীন কর্নেল জিয়াউল আহসান (বর্তমানে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল) ৮ থেকে ১০ বিডিআর সদস্যকে হত্যা করেন বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জবাননন্দি দিয়েছেন তার রানার (বডিগার্ড) ইমরুল কায়েস।

আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ চলমান রাষ্ট্র বনাম মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের মামলায় যুক্তিতর্ক উপস্থাপনকালে এসব তথ্য দেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

এর আগে গত ২১ জুন আওয়ামী লীগ সরকারের সময় শতাধিক ব্যক্তিকে গুম করে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধী অপরাধের অভিযোগে করা গুমের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের পঞ্চম সাক্ষী হিসেবে এই জবানবন্দি দেন সেনাসদস্য ইমরুল কায়েস।

চিফ প্রসিকিউটর বলেন, এসব সদস্যকে জিয়াউল আহসান দুভাবে হত্যা করেছেন, একটি ছিল ইনজেকশন পুশ করে, আরেকটি ছিল পোস্তগোলা ব্রিজের নিচে আর্মি ক্যাম্প আছে, তার ভেতর দিয়ে বোটে (নৌকা) করে নদীতে নিয়ে সিমেন্টে ভরা বস্তার ওপর রেখে হত্যা করা হতো। এরপর আবার সিমেন্ট ভরা বস্তা রেখে রশি দিয়ে পেঁচিয়ে মাথায় গুলি করে নদীতে ফেলা হতো।

এ সময় ইমরুল কায়েসের জবানবন্দি আদালতকে জানান চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেন, ‘ইমরুল কায়েস বলেছেন, ২০১১ সালে রমজান মাসের শেষের দিকে আমি লাইনে ছিলাম। একদিন ইফতারের পূর্বে আমি জিয়াউল আহসান স্যার আমাকে ফোন দিয়ে উত্তরার নর্থ টাওয়ারের ওখানে যেতে বলেন, সেখানে গিয়ে আমি স্যারকে পাইনি। একটু পর জিয়া স্যার আমাকে সামনে যেতে বলেন। ওই দিন আমি ইফতার করতে পারিনি। নর্থ টাওয়ার থেকে একটু সামনে গিয়ে দেখি চারজন লোককে ক্রসফায়ারে হত্যা করা হয়েছে। যারা নাকি ডাকাতির প্রস্তুতি নিয়েছিল। এই অপারেশনটাও সাজানো ছিল।’

আরেক ঘটনায় ইমরুল বলেন, ‘২০১২ সালের প্রথম দিকে তিনটি মাইক্রোবাসে করে আমরা ১১ জন আসামি নিয়ে জিয়াউল আহসানের নেতৃত্বে পোস্তগোলা আর্মি ক্যাম্পের দিকে যাই। সেখানে নেওয়ার পর ওই ১১ জন আসামিকে বোটে ওঠানো হয়। জিয়া স্যার কাছে ডাকলে গিয়ে দেখি, সেই বোটটি সুন্দরবন অপারেশনে জলদস্যুরা ব্যবহার করেছিল। তখন হঠাৎ এক আসামি পানিতে ঝাঁপ দেয়। জিয়া স্যার আমাকে বলেন, “ইমরুল ধর ধর।” স্যারের আদেশে আমি পানিতে ঝাঁপ দিয়ে ওই আসামিকে ধরি। রশির সাহায্যে আমাকে ও আসামিকে বোটে ওঠানো হয়। ওই সময় ভীষণ অন্ধকার ছিল। তাই আমি আসামিকে চিনতে পারিনি। তবে তার বয়স ২৫ বা ২৬ বছর হবে। পানিতে নামায় আমি অনেক ময়লা পানি খেয়েছি। পরে বমি করে দুর্বল হয়ে যাই। বোটটি নদীল মাঝখানে নিয়ে পূর্বের ন্যায় ওই ১১ জনকে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়। ওই অপারেশনে জিয়া স্যার, মেজর নওশাদ স্যার, স্কোয়াড্রন লিডার সাইফ স্যার, কমান্ডার সোহেল স্যার, এডিজি (অবস) মুজিব স্যার ছিলেন। অপারেশন শেষে আমরা লাইনে চলে আসি।’

জিয়াউলের বডিগার্ড বলেন, ‘২০১২ সালের মাঝামাঝি র‌্যাব-১-এর টিএফআই সেল (টাস্কফোর্স ফর ইন্টারোগেশন) থেকে দুজন আসামি নিয়ে জিয়া স্যারের নেতৃত্বে আমরা সিলেটের জাফলং বর্ডারে যাই। দুজনের হাত বাঁধা এবং মাথায় জমটুপি পরানো ছিল। আনুমানিক রাত ২টার দিকে আমরা সেখানে পৌঁছাই। সেখানে ভারতে থেকে দুজন আসামি নিয়ে সিভিল পোশাকে চার-পাঁচজন লোক এসে তাদের আমাদের কাছে হস্তান্ত করে। আমাদের কাছে থাকা দুজনকে তাদের কাছে হস্তান্ত করি। ভারত থেকে প্রাপ্ত দুজনকে নিয়ে আমার জিয়া স্যারের নেতৃত্বে ঢাকার উদ্দেশে রওনা করি। জাফলং বর্ডার থেকে ২০-৩০ কিলোমিটার আসার পর গাড়ি থেকে একজন আসামিকে নামানো হয়। পরে জিয়াউল আহসান স্যার তাকে গুলি করে রাস্তার পাশে ফেলে দেন। ওই সময় স্যারের নির্দেশে আমি এবং অন্য একজন গাড়ির সিকিউরিটির জন্য গাড়ির সামনে দাঁড়াই। অন্য আসামিকে নিয়ে ১০-১২ কিলোমিটার যাওয়ার পর একইভাবে তাকে জিয়াউল আহসান স্যার গুলি করে হত্যা করেন।’‘২০১২ সালের ১৩ এপ্রিল র‌্যাব হেডকোয়ার্টার থেকে একটি মাইক্রোবাসে করে জিয়া স্যার এবং মেজর নওশাদ স্যার, স্কোয়াড্রন লিডার সাইফ স্যারসহ আমরা মহাখালী ফ্লাইওভারের দিকে যাই। কাকে গাড়িতে পিক করবে, তা আমি জানতাম না। জিয়া স্যার গাড়িতে বসে বিভিন্ন জায়গায় ফোন করছিলেন। টার্গেট কখন আসবে তা জানছেন। একটা পর্যায়ে জানেন যে টার্গেট আসবে না। পরে সেখান থেকে জিয়া স্যারকে বাসায় নামিয়ে দিই এবং স্যারকে বলে আমি পরের দিন থেকে ৯ দিনের ছুটিতে যাই। ছুটিতে থাকা অবস্থায় মিডিয়ার মাধ্যমে জানতে পারি যে ইলিয়াস আলী নামক এক নেতাকে মহাখালী ব্রিজের ওখান থেকে অপহরণ করা হয়েছে। ৯ দিন ছুটি শেষে ২৩ এপ্রিল আমি আমার কর্মস্থলে যোগদান করি। এ সময় আমি র‌্যাব হেডকোয়ার্টারে বেশ থমথমে অবস্থা লক্ষ করি। অন্য সদস্যদের সঙ্গে কথা বলে আমি জানতে পারি যে অস্ত্রের ইন-আউট রেজিস্ট্রার ও সিসিটিভি ফুটেজ জিয়া স্যার নষ্ট করে ফেলেন। সাধারণত ফল-ইন বা রোল কল সকাল ৯টায় হতো (শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি নিয়মিত প্যারেড বা উপস্থিতি যাচাইয়ের প্রক্রিয়া)। কিন্তু ১৮ এপ্রিল থেকে সকাল ৭টায় ফল-ইন বা রোল কল হতো। জিয়া স্যার পরপর কয়েক দিন ফল-ইনের সময় এসেছিলেন। একদিন জিয়া স্যার থাকা অবস্থায় ফোনে কোনো একজনের সঙ্গে কথা বলছিলেন। ওই সময় স্যারের ফোনে অন্য একটি কল আসে। তখন জিয়া স্যার ওই ব্যক্তিকে বলেন, “তুই রাখ, তারেক স্যার ফোন দিয়েছেন।” (প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী)। জিয়া স্যার তখন তারেক স্যারকে বলছিলেন, “স্যার, আপনাদের কথামতো ইলিয়াস আলীকে গলফ করলাম। এখন আপনারা এমন করলে হবে? এর চেয়ে আমি কমান্ডো মানুষ, আমাকে জঙ্গলে পোস্টিং দিয়ে দেন। এটাই আমার জন্য ভালো।”

উপস্থাপনের পর চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম আদালতকে বলেন, এই রানার ইমরুল কায়েস একজন প্রত্যক্ষ সাক্ষী। তিনি নিজে শুনছেন যে জিয়াউল আহসান ও তারেক আহমেদ সিদ্দিকীর যে ডায়ালগ, সেখানে দেয়ার ইজ আ ক্লিয়ার অ্যাডমিশন (একটি স্পষ্ট স্বীকারোক্তি রয়েছে) যে তারা ইলিয়াস আলীকে গলফ (অপহরণের প্রতীকী শব্দ) করেছিলেন।

মঙ্গলবার সকালে নিজ কার্যালয়ে এক ব্রিফিং করেন চিফ প্রসিকিউটর। তখন জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্কের বিষয়ে চিফ প্রসিকিউটর বলেন, তার মতো মানবতাবিরোধী অপরাধী পৃথিবীর ইতিহাসে বিরল। রাষ্ট্রপক্ষ তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং সেই সঙ্গে তার সব সম্পত্তি বাজেয়াপ্ত চায়।

মন্তব্য (০)





image

ডিসেম্বর-জানুয়ারি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই: এসআরবি

১

নিউজ ডেস্কঃ  স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৪)...

image

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর...

২

নিউজ ডেস্কঃ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত ...

image

‎জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলার যুক্তিতর্কে উঠে এল গুম-হত...

৩

নিউজ ডেস্কঃ নদীর বুকে ভাসত না লাশ। ভেসে উঠত না হত্যার চিহ্ন।...

image

আওয়ামী লীগের তাণ্ডব চালানোর চেষ্টা সফল হয়নি: তথ্য উপদেষ্টা

৪

নিউজ ডেস্কঃ গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুতির পর কার্যক্রম নিষিদ্ধ...

image

গার্মেন্টস মালিকরা যত টাকা বেতন দিতে চান শ্রমিকদের

৫

নিউজ ডেস্কঃ  তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মাসিক ...

  • company_logo