জামালপুর প্রতিনিধি : জামালপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শুরু হচ্ছে আগামী ২১ জানুয়ারি। নির্বাচন কমিশনের প্রকাশিত ধাপভিত্তিক তালিকা অনুযায়ী, জেলার সাতটি উপজেলার ৬৭টি ইউনিয়নে চার ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রশাসনিক হিসাবে জেলায় মোট ইউনিয়ন ৬৮টি। তবে দেওয়ানগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের বর্তমান মেয়াদ পাঁচ বছর পূর্ণ না হওয়ায় সেটি এবারের নির্বাচনী তালিকায় অন্তর্ভুক্ত হয়নি। ওই ইউনিয়নে পরবর্তী সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এ তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
প্রথম ধাপে আগামী ২১ জানুয়ারি ১ হাজার ২৬ ইউপিতে ভোট হবে। এ ক্ষেত্রে জেলা নির্বাচন কর্মকর্তারা নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনের তফশিল ঘোষণা করবেন বলে জানা গেছে।
নির্বাচন কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী, প্রথম ধাপের ভোট ২০২৭ সালের ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপের ভোট ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপের ভোট ২৯ এপ্রিল এবং চতুর্থ ধাপের ভোট ১৩ মে অনুষ্ঠিত হবে।
ইসির তালিকা অনুযায়ী, প্রথম ধাপে জামালপুরের মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলার ১৮টি ইউনিয়নে ভোট হবে। এর মধ্যে মেলান্দহ উপজেলার ১১টি ইউনিয়ন হলো আদ্রা, চরবানিপাকুরিয়া, দুরমুট, ফুলকোচা, ঘোষেরপাড়া, ঝাউগড়া, কুলিয়া, মাহমুদপুর, নাংলা, নয়ানগর ও শ্যামপুর।
মাদারগঞ্জ উপজেলার সাতটি ইউনিয়ন হলো আদারভিটা, বালিজুড়ী, চরপাকেরদহ, গুনারীতলা, জোড়খালী, করইচড়া ও সিধুলী।
দ্বিতীয় ধাপে জামালপুর সদর ও ইসলামপুর উপজেলার মোট ২৭টি ইউনিয়নে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে। জামালপুর সদর উপজেলার ১৫টি ইউনিয়ন হলো কেন্দুয়া, শরিফপুর, লক্ষ্মীরচর, তুলশীরচর, ইটাইল, নরুন্দী, ঘোড়াধাপ, বাঁশচড়া, রানাগাছা, শ্রীপুর, শাহবাজপুর, তিতপল্লা, মেষ্টা, দিগপাইত ও রশিদপুর।
ইসলামপুর উপজেলার ১২টি ইউনিয়ন হলো বেলগাছা, চরগোয়ালিনী, চরপুটিমারী, চিনাডুলি, গাইবান্ধা, গোয়ালেরচর, ইসলামপুর, কুলকান্দী, নোয়ারপাড়া, পলবান্ধা, পার্থশী ও সাপধরী।
তৃতীয় ধাপে সরিষাবাড়ী উপজেলার আটটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউনিয়নগুলো হলো আওনা, ভাটারা, ডোয়াইল, কামরাবাদ, মহাদান, পিংনা, পোগলদিঘা ও সাতপোয়া।
চতুর্থ ধাপে বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়নে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে। বকশীগঞ্জ উপজেলার সাতটি ইউনিয়ন হলো বগারচর, বকশীগঞ্জ, বাট্টাজোড়, ধানুয়া কামালপুর, মেরুরচর, নিলক্ষিয়া ও সাধুরপাড়া।
অন্যদিকে, দেওয়ানগঞ্জ উপজেলার নির্বাচনের তালিকায় থাকা সাতটি ইউনিয়ন হলো বাহাদুরাবাদ, চরআমখাওয়া, চিকাজানী, চুকাইবাড়ী, ডাংধরা, হাতীভাঙ্গা ও পাররামরামপুর। উপজেলার দেওয়ানগঞ্জ সদর ইউনিয়নের বর্তমান পরিষদের পাঁচ বছর মেয়াদ পূর্ণ না হওয়ায় এটি এবারের তালিকায় রাখা হয়নি। মেয়াদ পূর্ণ হলে পরবর্তী সময়ে এ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
উপজেলাভিত্তিক হিসাবে জামালপুর সদর উপজেলায় ১৫টি, মেলান্দহে ১১টি, ইসলামপুরে ১২টি, দেওয়ানগঞ্জে আটটি, সরিষাবাড়ীতে আটটি, মাদারগঞ্জে সাতটি এবং বকশীগঞ্জে সাতটি ইউনিয়ন রয়েছে। সব মিলিয়ে জেলায় ইউনিয়নের সংখ্যা ৬৮টি।
তবে এবারের প্রকাশিত নির্বাচনী তালিকায় দেওয়ানগঞ্জ সদর ইউনিয়ন বাদ থাকায় চার ধাপে ৬৭টি ইউনিয়নে ভোটগ্রহণের পরিকল্পনা করা হয়েছে।
নির্বাচন কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী, প্রথম ধাপে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল এবং চতুর্থ ধাপে ১৩ মে ভোট অনুষ্ঠিত হবে। এর বাইরে পঞ্চম ধাপের ভোটের তারিখ ২৭ মে নির্ধারণ করা হয়েছে। তবে ওই ধাপে জামালপুর জেলার কোনো ইউনিয়নের নাম নেই।
নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা ভোটগ্রহণের প্রায় ৪২ থেকে ৪৫ দিন আগে স্থানীয় পর্যায়ে নির্বাচনের তফসিল ঘোষণা করবেন। তফসিল ঘোষণার পর মনোনয়নপত্র জমা, যাচাই-বাছাই, প্রার্থিতা প্রত্যাহার ও প্রতীক বরাদ্দের বিস্তারিত সময়সূচি জানা যাবে।
এদিকে নির্বাচনের ধাপভিত্তিক তালিকা প্রকাশের পর জেলার সম্ভাব্য প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে প্রথম ধাপে থাকা মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলার ইউনিয়নগুলোতে নির্বাচনী তৎপরতা শুরু হয়েছে।
মন্তব্য (০)