• তথ্য ও প্রযুক্তি

সাম্প্রতিক প্রযুক্তি বিভ্রাটের মধ্যে জিমেইল সচল থাকার ঘোষণা গুগলের

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

তথ্যপ্রযুক্তি ডেস্ক: সাম্প্রতিক সময়ে একের পর এক প্রযুক্তি সেবায় বিভ্রাটের খবরের মধ্যে নিজেদের ই-মেইল সেবা জিমেইল সচল থাকার কথা জানিয়েছে গুগল। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে প্রতিষ্ঠানটি জানায়, জিমেইলে বড় ধরনের কোনো সেবা-বিভ্রাটের প্রমাণ তারা পাচ্ছে না। গুগল ব্যবহারকারীদের জিমেইলের অনলাইন স্ট্যাটাস ড্যাশবোর্ড থেকে সেবাটির তাৎক্ষণিক অবস্থা যাচাই করার পরামর্শও দিয়েছে।

‎মঙ্গলবার এক্সে জিমেইল সেবা বন্ধ থাকার বিষয়ে বিভিন্ন পোস্ট ছড়িয়ে পড়ার পর গুগল এ ঘোষণা দেয়। একই সময়ে অ্যাপলের কয়েকটি সেবায় প্রকৃতপক্ষেই বিভ্রাট দেখা দিয়েছিল। ফলে জিমেইল নিয়েও ব্যবহারকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। কেউ কেউ সেবা ব্যবহারে সমস্যার কথা জানালেও অনেকে কোনো সমস্যা হচ্ছে না বলে জানান।
‎
‎জিমেইল নিয়ে উদ্বেগের সূত্রপাত হয় বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টরের একটি পোস্ট থেকে। এই ওয়েবসাইটে ব্যবহারকারীরা বিভিন্ন অনলাইন সেবায় সমস্যার কথা জানাতে পারেন। তবে ডাউনডিটেক্টরের তথ্য কোনো সেবায় প্রকৃতপক্ষে কতটা বা কী ধরনের বিভ্রাট ঘটেছে, তা নিশ্চিত করার আনুষ্ঠানিক উৎস নয়।
‎
‎প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সেবার নির্ভরযোগ্যতা নিয়ে ব্যবহারকারীদের উদ্বেগ যে বাড়ছে, গুগলের এই ঘোষণা তারই ইঙ্গিত দিচ্ছে। গত এক সপ্তাহে অ্যাপল ও মাইক্রোসফটের বিভিন্ন সেবায় বিভ্রাট দেখা গেছে। এছাড়া যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) নেটওয়ার্কে সমস্যার কারণে দেশজুড়ে উড়োজাহাজ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছিল। কয়েকটি ব্যাংক ও উড়োজাহাজ সংস্থাও সেবা বিঘ্নিত হওয়ার কথা জানিয়েছে।
‎
‎তবে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক জে ক্লেটন মঙ্গলবার ফক্স বিজনেস নেটওয়ার্ককে বলেছেন, দেশটিতে সমন্বিত কোনো সাইবার হামলার প্রমাণ পাওয়া যায়নি। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত কোনো তৎপরতারও ইঙ্গিত নেই বলে জানান তিনি।
‎
‎ক্লেটনের মতে, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রযুক্তি ব্যবস্থা হালনাগাদ করার কাজের সঙ্গে সাম্প্রতিক সমস্যাগুলোর সম্পর্ক থাকতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের উন্নতির ফলে নতুন সফটওয়্যার মডেলগুলো আগের চেয়ে বেশি দক্ষতার সঙ্গে প্রযুক্তি ব্যবস্থার অজানা নিরাপত্তা দুর্বলতা শনাক্ত করতে পারছে। ফলে প্রতিষ্ঠানগুলো বড় পরিসরে সফটওয়্যার হালনাগাদ ও নিরাপত্তা প্যাচ যুক্ত করছে।

মন্তব্য (০)





  • company_logo