ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূন্য থাকা এক হাজার ৫৫৪টি পদে নিয়োগের দাবি জানিয়েছেন চাকরিপ্রত্যাশীরা। অপেক্ষমাণ তালিকা তৈরি করে এসব পদে নিয়োগ না দিলে কাফনের কাপড় পরে আমরণ অনশনসহ কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি থেকে এ হুঁশিয়ারি দেন নিয়োগপ্রত্যাশীরা। কর্মসূচিতে দেশের ৬৪ জেলা থেকে আসা প্রার্থীরা অংশ নেন।
আন্দোলনকারীরা জানান, ২০২৫ সালের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্তদের যোগদান শেষে এক হাজার ৫৫৪টি পদ শূন্য রয়েছে।
নিয়োগসংক্রান্ত পরিপত্র অনুযায়ী, আড়াই হাজারের বেশি প্রার্থীর অপেক্ষমাণ তালিকা তৈরি করে সেখান থেকে এসব পদ পূরণের সুযোগ রয়েছে।
তাদের দাবি, ২০২৩ সালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর দুই দফায় অপেক্ষমাণ তালিকা প্রকাশ করেছিল। কিন্তু এবার কেন তা করা হচ্ছে না, সে বিষয়ে কর্তৃপক্ষের কাছ থেকে কোনো সুনির্দিষ্ট নির্দেশনা পাওয়া যাচ্ছে না।
মানববন্ধনে এক চাকরিপ্রত্যাশী বলেন, দেশের ৬৪ জেলা থেকে আমরা এখানে এসেছি। অনেক নারী প্রার্থী ছোট সন্তান কোলে নিয়ে রাজপথে নেমেছেন। প্যানেল করে অপেক্ষমাণ তালিকা থেকে নিয়োগ দেওয়া আমাদের ন্যায্য দাবি। এটি কারও করুণা বা দয়া নয়।
তিনি আরও বলেন, দাবি আদায় না হলে আমরা রাজপথ ছাড়ব না। প্রয়োজনে কাফনের কাপড় পরে আমরণ অনশনে বসব। সময় থাকতে কর্তৃপক্ষকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানাচ্ছি।
এদিকে, দাবি আদায়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন আন্দোলনকারীরা। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ২০২৫ সালের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফলের ভিত্তিতে দেশের ৬১ জেলায় ১৪ হাজার ৩৮৪ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছিল। তবে তাদের মধ্যে দেড় হাজারের বেশি প্রার্থী বিভিন্ন কারণে চাকরিতে যোগদান করেননি। ফলে উল্লেখযোগ্যসংখ্যক পদ শূন্য রয়েছে।
আন্দোলনকারীরা জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৫ সালের ২৫ আগস্ট জারি করা পরিপত্রে অপেক্ষমাণ তালিকা থেকে নিয়োগের সুযোগ রাখা হয়েছে। পরিপত্রের অনুচ্ছেদ (গ) অনুযায়ী, সুপারিশপ্রাপ্ত কেউ যোগদান না করলে কিংবা যোগদানের পর পদত্যাগ করলে সংশ্লিষ্ট বিভাগীয় পদোন্নতি কমিটির (ডিপিসি) সভায় অপেক্ষমাণ তালিকা ও উত্তীর্ণ প্রার্থীদের ফল উপস্থাপন করে শূন্য পদে নিয়োগের সুপারিশ করা যাবে।
এছাড়া পরিপত্রের অনুচ্ছেদ (খ) অনুযায়ী, প্রথম নিয়োগের সুপারিশের তারিখ থেকে অপেক্ষমাণ তালিকার মেয়াদ এক বছর বহাল থাকবে।
চাকরিপ্রত্যাশীদের দাবি, নতুন করে নিয়োগ পরীক্ষা আয়োজন না করে অপেক্ষমাণ তালিকা থেকে নিয়োগ দেওয়া হলে সরকারের অর্থ ও সময় সাশ্রয় হবে। একই সঙ্গে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট কমবে।
কর্মসূচি থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসার দাবি জানান আন্দোলনকারীরা। পাশাপাশি দ্রুত অপেক্ষমাণ তালিকা প্রকাশ ও শূন্য পদে নিয়োগের সুনির্দিষ্ট ঘোষণা চান তারা।
এর আগে একই দাবিতে ৩ নভেম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে এবং ১৬ নভেম্বর রাজধানীর শাহবাগে কর্মসূচি পালন করেন নিয়োগবঞ্চিত প্রার্থীরা।
নিউজ ডেস্ক: শেখ হাসিনার বিচার বাংলাদেশের আইন অনুযায়ীই হবে। এ বিষয়ে ...
নিউজ ডেস্ক : উজানে ফারাক্কা বাঁধ চালুর আগের তুলনায় এখন পদ্মা...
নিউজ ডেস্ক: রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্...
নিউজ ডেস্ক: গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিএনপির ...
নিউজ ডেস্ক: রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের প...

মন্তব্য (০)