ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) যুক্তরাজ্যে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি আয় ৬ দশমিক ৯২ শতাংশ বেড়েছে। এ সময়ে দেশটির বাজারে ১৬৪ কোটি ৮ লাখ মার্কিন ডলারের পোশাক রপ্তানি হয়েছে। গত অর্থবছরের একই সময়ে রপ্তানি আয়ের পরিমাণ ছিল ১৫৩ কোটি ৩৯ লাখ ১০ হাজার ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি আয় বেড়েছে ১০ কোটি ৬১ লাখ ৭০ হাজার ডলার।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি আগের অর্থবছরের একই মাসের তুলনায় ২ দশমিক ৪৪ শতাংশ কমেছিল। তবে পরবর্তী তিন মাসে রপ্তানিতে ধারাবাহিক প্রবৃদ্ধি হয়েছে। আগস্টে রপ্তানি বেড়েছে ১০ দশমিক ৫৩ শতাংশ, সেপ্টেম্বরে ১১ দশমিক ৭১ শতাংশ এবং অক্টোবরে ১০ দশমিক ৭২ শতাংশ।
চলতি অর্থবছরের প্রথম চার মাসে যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি থেকে মাসে গড়ে ৪১ কোটি ডলার আয় হয়েছে। গত অর্থবছরের একই সময়ে মাসিক গড় রপ্তানি আয় ছিল ৩৮ কোটি ৩০ লাখ ডলার। এ ছাড়া মাত্র চার মাসে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি আয় গত ২০২৫-২৬ অর্থবছরের মোট রপ্তানি আয়ের ৩৭ দশমিক ৪ শতাংশে পৌঁছেছে। ওই অর্থবছরে দেশটিতে বাংলাদেশের মোট পোশাক রপ্তানি আয় ছিল ৪৩৯ কোটি ডলার।
একক দেশ হিসেবে চলতি অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে বাংলাদেশের তৈরি পোশাকের দ্বিতীয় বৃহত্তম বাজার ছিল যুক্তরাজ্য। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের পরেই দেশটির অবস্থান।
বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের (বিএভি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মহিউদ্দিন রুবেল বলেন, যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানির অন্যতম বড় সুবিধা হলো শুল্কমুক্ত প্রবেশাধিকার। দেশটির ডেভেলপিং কান্ট্রিজ ট্রেডিং স্কিমের (ডিসিটিএস) আওতায় বাংলাদেশ বর্তমানে পূর্ণাঙ্গ শুল্কমুক্ত সুবিধা পাচ্ছে।
স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পর নির্ধারিত রূপান্তরকাল শেষে বাংলাদেশ ‘এনহ্যান্সড প্রেফারেন্সেস’ বা বর্ধিত অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধার আওতায় আসবে।
তিনি বলেন, এ সুবিধার আওতায় আমদানি করা কাপড় ব্যবহার করে বাংলাদেশে তৈরি পোশাকও নির্ধারিত ‘সিঙ্গেল স্টেজ ট্রান্সফরমেশন’ বা এক ধাপের উৎপাদন প্রক্রিয়ার শর্ত পূরণ সাপেক্ষে যুক্তরাজ্যের বাজারে শুল্কমুক্ত প্রবেশের সুযোগ পাবে। ফলে এলডিসি উত্তরণের পরও দেশটির বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের প্রতিযোগিতামূলক সক্ষমতা ধরে রাখার সুযোগ থাকবে।
মহিউদ্দিন রুবেল মনে করেন, নতুন এই বাণিজ্য সুবিধা বাংলাদেশের পোশাক রপ্তানিকারকদের জন্য আরও সম্ভাবনার দ্বার খুলবে। বিশেষ করে, এ সুযোগ কাজে লাগিয়ে প্রচলিত সুতি পোশাকের পাশাপাশি উচ্চমূল্যের পোশাক এবং কৃত্রিম তন্তু বা ম্যান-মেড ফাইবারভিত্তিক পণ্যের উৎপাদন ও রপ্তানি বাড়ানো সম্ভব। এর মাধ্যমে পণ্যের বহুমুখীকরণ, মূল্য সংযোজন এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতার সক্ষমতা বাড়বে।
একই সঙ্গে যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করার সুযোগ তৈরি হবে।
নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য বাধ...
নিউজ ডেস্ক: বাংলাদেশ ব্যাংক কোনো প্রকার জামানত ছাড়াই সর্বোচ্চ ৫০ হাজার ট...
নিউজ ডেস্কঃ দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ ...
নিউজ ডেস্ক: কারখানায় উৎপাদন বন্ধ বা বিশৃঙ্খলা সৃষ্টি হলে অনির্দিষ্টকালের...
নিউজ ডেস্কঃ তিন হাজার কোটি টাকা অভিহিত মূল্যের ১৮২ দিন ...

মন্তব্য (০)