নিউজ ডেস্ক: কারখানায় উৎপাদন বন্ধ বা বিশৃঙ্খলা সৃষ্টি হলে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার বিষয়ে মালিকপক্ষের হুঁশিয়ারি সত্ত্বেও রোববার (১৫ নভেম্বর) প্রায় ১২১টি পোশাক কারখানার শ্রমিকেরা উৎপাদনকাজে যোগ দেননি।
এর মধ্যে নতুন করে ১০টি কারখানা শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ নিয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হওয়া কারখানার সংখ্যা দাঁড়িয়েছে ৬৫টিতে।
কারখানা মালিকেরা জানিয়েছেন, সাভারের আশুলিয়াসহ শ্রমিক অসন্তোষপ্রবণ এলাকায় বেশ কিছু কারখানা বন্ধ ঘোষণার পর পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে এলেও গাজীপুরে অসন্তোষ বেড়েছে।
এদিকে আজ সোমবার (১৬ নভেম্বর) মজুরি বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে মালিকপক্ষ ন্যূনতম মজুরির প্রস্তাব জমা দিতে পারে।
মালিকপক্ষ কত টাকা মজুরির প্রস্তাব দেবে, সে বিষয়ে কেউ মুখ খুলতে চাইছেন না। তবে সংশ্লিষ্ট একাধিক সূত্রের সঙ্গে কথা বলে জানা গেছে, মালিকপক্ষের প্রস্তাবিত ন্যূনতম মজুরি ১৫ হাজার টাকার আশপাশে হতে পারে।
অন্যদিকে শ্রমিকপক্ষ ইতোমধ্যে ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে। বর্তমানে পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা।
উভয় পক্ষের প্রস্তাব যাচাই-বাছাই করে মজুরি বোর্ড চূড়ান্ত সুপারিশ সরকারের কাছে জমা দেয়। সাধারণত মালিকপক্ষের প্রাথমিক প্রস্তাবের চেয়ে চূড়ান্ত সুপারিশে মজুরির পরিমাণ বেশি থাকে।
তবে মালিকপক্ষের প্রস্তাব জমা দেওয়ার পর নতুন করে শ্রমিক অসন্তোষ বাড়তে পারে বলে সরকারসহ সংশ্লিষ্টদের মধ্যে আশঙ্কা রয়েছে।
অতীতেও মজুরি নির্ধারণের সময় মালিক ও শ্রমিকপক্ষের প্রস্তাবের মধ্যে বড় ব্যবধান দেখা গেছে। তবে এবার চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের কারণে উদ্বেগ বেড়েছে।
ইতোমধ্যে পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বাবু অভিযোগ করেছেন, বিশৃঙ্খলা সৃষ্টি করে অযৌক্তিক মজুরির দাবি তোলা হচ্ছে। তবে চলমান অসন্তোষ দ্রুত নিরসনের স্বার্থে নভেম্বরের মধ্যেই নতুন মজুরির বিষয়ে সিদ্ধান্ত চান মালিকপক্ষের প্রতিনিধিরা।
বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান বলেন, "আমরা চাই, মজুরির বিষয়টি যাতে চলতি নভেম্বরের মধ্যে ফয়সালা হয়।"
নাম প্রকাশ না করার শর্তে বিজিএমইএর এক নেতাও একই মত জানিয়েছেন।
গাজীপুরে নতুন নতুন কারখানায় অসন্তোষ
কারখানা মালিকেরা জানিয়েছেন, শ্রমিক আন্দোলনের মুখে সাভারের বেশ কিছু কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার পর গাজীপুরে উৎপাদন বন্ধ হওয়া কারখানার সংখ্যা বেড়েছে। দেশের সবচেয়ে বেশি তৈরি পোশাক কারখানা রয়েছে গাজীপুরে।
বিজিএমইএ সভাপতি বলেন, "আগের দিনের ৫৫টি কারখানাসহ সব মিলিয়ে ৬৫টি কারখানা শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।"
কারখানা মালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার গাজীপুরে ইকোটেক্স লিমিটেড, ফারইস্ট ড্রেসেস, অ্যাপেক্স ফ্যাশনস, আহসান অ্যাপারেলস, ডিভাইন গার্মেন্টস, লিজ ফ্যাশন ইন্ডাস্ট্রি ও লিডাসহ বেশ কয়েকটি কারখানায় উৎপাদন বন্ধ রাখতে হয়েছে।
এর মধ্যে ইকোটেক্স লিমিটেডে প্রায় ২০ হাজার শ্রমিক-কর্মচারী রয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে উৎপাদন বন্ধ হওয়া একটি কারখানার জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, "আমরা কারখানা খুলতে চেয়েছিলাম। কিন্তু বাইরের কারখানার শ্রমিকেরা এসে মূল গেট ভেঙেছেন। সে জন্য আমরা বন্ধ করে দিতে বাধ্য হয়েছি।"
তিনি বলেন, "আমাদের কারখানার সব শ্রমিক যে কাজ করতে চেয়েছেন, তা নয়। এখানেও প্রায় ১৫ শতাংশ শ্রমিক ঝামেলা করছেন। তারা গিয়ে অন্য কারখানায় হামলা করছেন বলে জানতে পেরেছি।"
চেষ্টা করেও কারখানা চালু রাখতে পারেননি জানিয়ে ওই কর্মকর্তা বলেন, "গত ১৭ অক্টোবরের পর থেকে এ পর্যন্ত সাত দিন আমাদের কারখানা বন্ধ রাখতে হয়েছে।"
তিনি আরও বলেন, "আজ আমরা বাধ্য হয়ে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কারখানা বন্ধ ঘোষণা করেছি।"
মন্তব্য (০)