• লিড নিউজ
  • জাতীয়

দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও জননিরাপত্তা অবকাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে ২৫টি উন্নয়ন প্রকল্পের কাজ বর্তমানে চলমান রয়েছে এবং ২০৩০-৩১ অর্থবছরের মধ্যে বাস্তবায়নের জন্য আরও ৬৭টি প্রকল্প প্রস্তাব করা হয়েছে।

‎স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বাসসকে জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নেওয়া এসব উদ্যোগের মূল লক্ষ্য হলো বাহিনীর অপারেশনাল সক্ষমতা বাড়ানো, জরাজীর্ণ অবকাঠামোর আধুনিকায়ন, আধুনিক নজরদারি প্রযুক্তি যুক্ত করা এবং জননিরাপত্তা ও পুনর্বাসন সেবা সম্প্রসারণ করা।
‎
‎দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো আধুনিকায়নে এসব উদ্যোগ গ্রহণ সরকারের বৃহত্তর প্রচেষ্টার প্রতিফলন ।
‎
‎এগুলো নির্বাচনি ইশতেহার এবং ২০২৬-২০৩১ মেয়াদি পঞ্চবার্ষিকীর কৌশলগত কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
‎
‎প্রকল্প বাস্তবায়নে দক্ষতা বাড়াতে পরিকল্পনা কমিশন একটি সমন্বিত কর্মসূচিভিত্তিক পদ্ধতি অনুসরণ করছে।
‎
‎কাজের বিচ্ছিন্নতা কমানো এবং সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করতে একই ধরনের প্রকল্পগুলোকে একীভূত করে বড় কর্মসূচির আওতায় আনা হচ্ছে।
‎
‎স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন সাতটি সংস্থা বর্তমানে ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় ২৫টি প্রকল্প বাস্তবায়ন করছে। এর মধ্যে ১৭টিই অবকাঠামো সংক্রান্ত প্রকল্প।
‎
‎চলমান এসব প্রকল্পের জন্য সরকার ২ হাজার ৩৩৯ কোটি ২১ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। এর মধ্যে দেশীয় উৎস থেকে ২ হাজার ২৯৬ কোটি ৯১ লাখ টাকা এবং প্রকল্প সহায়তা হিসেবে ৪২ কোটি ৩০ লাখ টাকা রয়েছে।
‎
‎তবে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত অর্থ ব্যয়ের পরিমাণ দাঁড়িয়েছে মাত্র ১১০ কোটি ৬৩ লাখ টাকায়। এই ধীরগতি প্রকল্প বাস্তবায়নের কাজ আরও জোরদার করার গুরুত্বকে সামনে নিয়ে এসেছে।
‎
‎চলমান প্রকল্পগুলোর বাইরে সংশোধিত এডিপি কাঠামোর আওতায় নয়টি অধিদপ্তর ও সংস্থা নতুন আরও ৬৭টি প্রকল্পের প্রস্তাব দিয়েছে। ২০৩০-৩১ সালের মধ্যে এসব প্রকল্পের কাঙ্ক্ষিত সুফল পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
‎
‎প্রস্তাবিত বিনিয়োগের একটি বড় অংশই রয়েছে বাংলাদেশ পুলিশের জন্য। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অপারেশনাল সক্ষমতা পুনরুদ্ধার ও অবকাঠামোগত উন্নয়নের ওপর সরকারের বিশেষ গুরুত্বের বিষয়টি এতে ফুটে উঠেছে।
‎
‎স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি মাসের ৪ নভেম্বর অনুষ্ঠিত একনেক সভায় দুটি বড় ক্রয় প্রস্তাব অনুমোদন পেয়েছে। এর আওতায় ৪ হাজার ৩২৮ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ৪ হাজার ৮২৯টি অপারেশনাল যানবাহন এবং ২ হাজার ২৮০ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে ১ হাজার ১টি বিশেষায়িত যানবাহন কেনা হবে।
‎
‎এ ছাড়া ১ হাজার ৯০০ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ১২৫টি জরাজীর্ণ থানা পুনর্নির্মাণ এবং ৮০০ কোটি টাকা ব্যয়ে পুলিশ ফাঁড়ি, তদন্ত কেন্দ্র, নৌ পুলিশ স্থাপনা ও হাইওয়ে থানাসহ আরও ১৫০টি স্থাপনা পুনর্নির্মাণের প্রস্তাবগুলো পুনর্মূল্যায়ন করছে সরকার।
‎
‎আধুনিকায়নের এই পরিকল্পনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও নির্বাচিত আঞ্চলিক ইউনিটগুলোর জন্য স্মার্ট পুলিশিং উদ্যোগও অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে ইমিগ্রেশন সুবিধার আধুনিকায়নও এর অংশ।
‎
‎সীমান্ত এলাকায় নজরদারি ও অপারেশনাল প্রস্তুতি জোরদার করতে অবকাঠামোগত সম্প্রসারণ এবং প্রযুক্তিনির্ভর সক্ষমতা বৃদ্ধির সমন্বয়ে কাজ করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
‎
‎বিজিবির চলমান উদ্যোগগুলোর মধ্যে রয়েছে ৭৩টি আধুনিক বর্ডার আউটপোস্ট (বিওপি) নির্মাণ এবং গাজীপুরে ৬৩ বিজিবি ব্যাটালিয়নের অবকাঠামো উন্নয়ন।
‎
‎নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বাহিনীটি ড্রোন, অ্যান্টি-ড্রোন সিস্টেম এবং উন্নত ল্যাবরেটরি সরঞ্জাম যুক্ত করারও পরিকল্পনা করছে।
‎
‎এ ছাড়া একটি 'স্কুল অব সার্ভিল্যান্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার' প্রতিষ্ঠার প্রস্তাব অনুমোদনের চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
‎
‎চুয়াডাঙ্গায় বিজিবি প্রশিক্ষণ কেন্দ্র এবং নীলডুমুরে ১৭ বিজিবি ব্যাটালিয়নের আরও অবকাঠামোগত উন্নয়নের পরিকল্পনাও নেওয়া হয়েছে।
‎
‎এদিকে সমুদ্র নিরাপত্তা জোরদার ও নৌযান রক্ষণাবেক্ষণের সক্ষমতা বাড়াতে দুটি বড় প্রকল্প বাস্তবায়ন করছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ ছাড়া ১৩টি উচ্চগতির বোট কেনার একটি পৃথক প্রস্তাব অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
‎
‎উন্নয়ন এজেন্ডার আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হলো জরুরি সাড়াদান বা রেসপন্স সক্ষমতা বাড়ানো।
‎
‎ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ২০টি ফায়ার স্টেশন নির্মাণ বা পুনর্নির্মাণ, অ্যাম্বুলেন্স সেবা সম্প্রসারণ এবং কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের কাছে চকরিয়া ও উখিয়ায় নতুন স্থাপনাসহ অতিরিক্ত অবকাঠামো তৈরির পরিকল্পনা করেছে।
‎
‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকার কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র সম্প্রসারণ এবং সাতটি বিভাগীয় শহরে চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র স্থাপনের প্রস্তুতি নিচ্ছে।
‎
‎পাশাপাশি খুলনা, রংপুর ও ময়মনসিংহে পরীক্ষার সুবিধাসহ ডিজিটাল ফরেনসিক ল্যাবরেটরি স্থাপনের পরিকল্পনাও রয়েছে।
‎
‎কারাগারের অবকাঠামো উন্নয়নও সরকারের অন্যতম অগ্রাধিকার। প্রস্তাবিত প্রকল্পগুলোর আওতায় ময়মনসিংহ কারাগার সম্প্রসারণ, জামালপুর, কুমিল্লা ও নরসিংদী জেলা কারাগার পুনর্নির্মাণ এবং রংপুর ও রাজশাহী কেন্দ্রীয় কারাগার পুনর্নির্মাণ করা হবে। ঐতিহাসিক পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগার কমপ্লেক্স সংরক্ষণের বিষয়টিও এই পরিকল্পনায় রয়েছে।
‎
‎অন্যদিকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি) তাদের দ্বিতীয় পর্যায়ের কর্মসূচির আওতায় আরও ১২টি অস্ত্রাগার নির্মাণের বিষয়টি বিবেচনা করছে। এর পাশাপাশি আনসার-ভিডিপি একাডেমির ব্যাপক অবকাঠামোগত উন্নয়নের পরিকল্পনাও রয়েছে।
‎
‎এই কর্মসূচির বিশাল ব্যাপ্তি বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামোকে নতুন রূপ দেওয়ার প্রচেষ্টাকেই প্রতিফলিত করে।

মন্তব্য (০)





image

‎আধুনিক শ্রেণিকক্ষ ও শিক্ষক প্রশিক্ষণে বাংলাদেশকে সহযোগিত...

১

নিউজ ডেস্কঃ দেশের সামগ্রিক শিক্ষাব্যবস্থার গুণগত মানোন্নয়ন, ...

image

অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের...

২

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ থে...

image

চার মাসে জুতা রপ্তানি বেড়েছে ৯.৩৭ শতাংশ, আয় ৪৫৭ মিলিয়ন ডলার

৩

নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের জুতা রপ্তানিতে ইতি...

image

বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ...

৪

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএ...

image

মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু

৫

নিউজ ডেস্কঃ মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা কা...

  • company_logo