• জাতীয়

বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর গত আট-নয় মাসে দেশে কোনো গুম কিংবা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। 

একই সঙ্গে সরকারের ইতিবাচক উদ্যোগ ও পরিবর্তনগুলো গণমাধ্যমে তুলে ধরার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (১৬ নভেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইন এডিটরস ফোরামের নির্বাহী কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমানও বক্তব্য দেন।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার বাক্‌স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। সরকার কোনো সংবাদ প্রকাশ বা বর্জনের জন্য গণমাধ্যমের ওপর চাপ প্রয়োগ করে না। সাংবাদিকরা স্বাধীনভাবে ও খোলামনে সংবাদ পরিবেশন করবেন। তবে সংবাদ হতে হবে বাস্তবভিত্তিক ও দায়িত্বশীল।

তিনি বলেন, বর্তমান সরকার গণতন্ত্রে বিশ্বাসী। জনগণের ভোটাধিকার নিশ্চিত ও সমুন্নত রাখতে সরকার কাজ করছে। এ ক্ষেত্রে গণমাধ্যমের দায়িত্ব ও অবদান অপরিসীম। জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনে গণমাধ্যম যে ভূমিকা রেখেছে, তা অব্যাহত রাখতে হবে। গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় সরকার গণমাধ্যমের সহযোগিতা প্রত্যাশা করে।

ইয়াসের খান চৌধুরী বলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পর থেকেই অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যম সংগঠনের সঙ্গে ধারাবাহিকভাবে মতবিনিময় করছে সরকার। গণমাধ্যম প্রতিনিধিদের বক্তব্য শোনা, তাদের সমস্যা ও দাবি-দাওয়া জানা এবং সেগুলো পর্যালোচনা করে সমাধানের উদ্যোগ নেওয়াই এসব সভার মূল উদ্দেশ্য।

তিনি বলেন, ‘আমরা আপনাদের কথা শোনার জন্যই আজ আমন্ত্রণ জানিয়েছি। আপনাদের দাবি-দাওয়াগুলো লিপিবদ্ধ করেছি। আমরা আপনাদের সঙ্গে একসঙ্গে কাজ করতে চাই।’

১২ মে ২০২৫ তারিখে প্রকাশিত সরকারি প্রজ্ঞাপনের প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী বলেন, ওই প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ প্রজ্ঞাপনের বিষয়বস্তু ও বিধিনিষেধের প্রতি গণমাধ্যমকে দায়িত্বশীল থাকার আহ্বান জানান তিনি।

দেশের স্থিতিশীলতা বিনষ্ট কিংবা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে—এমন সংবাদ প্রকাশের ক্ষেত্রে গণমাধ্যমকে সতর্ক থাকার পরামর্শ দেন প্রতিমন্ত্রী। বিশেষ করে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম, প্রচার-প্রচারণা ও সংশ্লিষ্ট বিষয় সংবাদে তুলে ধরার ক্ষেত্রে বিদ্যমান আইন ও সরকারি প্রজ্ঞাপন বিবেচনায় রাখার আহ্বান জানান তিনি।

অনলাইন সংবাদমাধ্যমে দ্রুত সংবাদ প্রকাশের প্রবণতা প্রসঙ্গে তিনি বলেন, অনেক সময় বিদেশের কোনো ঘটনা নিয়ে এমন শিরোনাম দেওয়া হয়, যেখানে ঘটনার স্থান বা দেশের নাম স্পষ্ট থাকে না। এতে পাঠক বিভ্রান্ত হন এবং বাংলাদেশের কোনো ঘটনা ঘটেছে বলে আতঙ্কিত হতে পারেন। এ ধরনের বিভ্রান্তি এড়াতে সংবাদ ও শিরোনামে যথাযথ প্রেক্ষাপট উল্লেখ করতে হবে।

বিগত ১৭ বছরে গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ, সংবাদমাধ্যম ও গণমাধ্যম প্রতিষ্ঠান বন্ধ, সাংবাদিকদের হয়রানি, গুম ও হত্যার মতো ঘটনা সাংবাদিকদের মধ্যে ভীতির পরিবেশ তৈরি করেছিল উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সময় প্রয়োজন। তবে বর্তমান সরকার গণমাধ্যমের ওপর কোনো ধরনের নিয়ন্ত্রণ বা চাপ প্রয়োগে বিশ্বাস করে না।

তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আপনারা খোলামনে লিখবেন, তবে যা বাস্তব, তা-ই লিখবেন। সরকারের ভুল-ত্রুটি থাকলে তা তুলে ধরবেন। এতে কোনো বাধা নেই। একইভাবে দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে সরকারের যেসব উদ্যোগ রয়েছে, সেগুলোও তুলে ধরবেন।’

অনলাইন সংবাদমাধ্যমের নিবন্ধন ও স্বীকৃতির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, অনলাইন পোর্টালগুলোর নিবন্ধন, স্বীকৃতি ও সুযোগ-সুবিধার বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এ নিয়ে কয়েক সপ্তাহ ধরে পর্যালোচনা চলছে। অনলাইন সংবাদমাধ্যমগুলোকে কীভাবে নিবন্ধনের আওতায় আনা যায়, সে বিষয়ে একটি কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, যাচাই-বাছাইয়ের মাধ্যমে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তবে বিষয়টি রাতারাতি বাস্তবায়ন সম্ভব নয়। এ ক্ষেত্রে বাজেট ও জনস্বার্থের বিষয়গুলো বিবেচনায় নিতে হবে। তথ্য ও সম্প্রচারমন্ত্রীর সঙ্গেও এ বিষয়ে আলোচনা হয়েছে এবং ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা চলছে।

মতবিনিময় সভায় অনলাইন এডিটরস ফোরামের নেতারা নিবন্ধিত অনলাইন গণমাধ্যমে সরকারি বিজ্ঞাপন প্রদান, অনলাইন সংবাদমাধ্যমের ঠিকানা পরিবর্তনের প্রক্রিয়া সহজ করা এবং ফেসবুক থেকে অর্জিত আয়ের অংশ পাওয়াসহ বিভিন্ন দাবি তুলে ধরেন। এ সময় তারা প্রতিমন্ত্রীর কাছে একটি লিখিত প্রস্তাবনা হস্তান্তর করেন।

সভায় অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক ও রাজনীতি.কমের সম্পাদক শরিফুজ্জামান পিন্টু, সদস্য সচিব ও ঢাকা স্ট্রিমের সম্পাদক গোলাম ইফতেখার মাহমুদ, প্রধান পৃষ্ঠপোষক ও সোনালী নিউজের প্রকাশক মোহাম্মদ ইউনূছ, সদস্য ও ঢাকা মেইলের নির্বাহী সম্পাদক হারুণ জামিল, খবরের সংযোগের সম্পাদক নজরুল ইসলাম, দেশ সমাচারের সম্পাদক শাহাদাত হোসেন, রাইজিং বিডির নির্বাহী সম্পাদক তাপস রায় এবং জাগো নিউজের সম্পাদক কে এম জিয়াউল হক বক্তব্য দেন।

মন্তব্য (০)





image

‎আধুনিক শ্রেণিকক্ষ ও শিক্ষক প্রশিক্ষণে বাংলাদেশকে সহযোগিত...

১

নিউজ ডেস্কঃ দেশের সামগ্রিক শিক্ষাব্যবস্থার গুণগত মানোন্নয়ন, ...

image

অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের...

২

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ থে...

image

দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ ...

৩

নিউজ ডেস্কঃ দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও জননিরাপত্তা অবকাঠাম...

image

চার মাসে জুতা রপ্তানি বেড়েছে ৯.৩৭ শতাংশ, আয় ৪৫৭ মিলিয়ন ডলার

৪

নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের জুতা রপ্তানিতে ইতি...

image

মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু

৫

নিউজ ডেস্কঃ মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা কা...

  • company_logo