নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশ কয়েকবার ইঙ্গিত দিয়েছেন—ডিসেম্বরে দেশে ফিরবেন তিনি। সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশে ফেরার জন্য নতুন পাসপোর্টের আবেদনও করেছেন। তার এমন সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতি, মৃত্যুদণ্ডের রায় এবং নিরাপত্তাঝুঁকি মাথায় নিয়ে তিনি সত্যিই দেশে ফিরবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে।
২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। দীর্ঘ সময় ধরে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে অনেকটা দূরে থাকলেও সাম্প্রতিক সময়ে দেশে ফেরার বিষয়ে তার বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
প্রশ্ন উঠেছে, এটি কি কেবল রাজনৈতিক বার্তা, নাকি সত্যিই দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম মনে করেন, শেখ হাসিনা এখন যা করছেন, তা স্টান্টবাজি। তিনি বলেন, ‘হাসিনা আর দেশে ফিরবেন না।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সরকারের একজন মন্ত্রী নাম প্রকাশ না করার শর্তে বলেন, হাসিনা দেশে ফেরার মতো পরিস্থিতিতে নেই। সরকারই তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফিরিয়ে আনতে চায়। এ নিয়ে দলের মধ্যে বিশেষ কোনো আলোচনা নেই জানিয়ে তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কিংবা তাদের দোসররা যাতে দেশের অভ্যন্তরে কোনো ধরনের অস্থিরতা তৈরি করতে না পারে, সে বিষয়ে সতর্ক রয়েছে বিএনপি। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তা প্রতিহত করার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করা হবে। এ বিষয়ে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত নির্দেশনা দেওয়া আছে।
এদিকে, সংবিধান সংশোধনসহ নানা ইস্যুতে বিএনপির সঙ্গে বিভেদ রয়েছে জামায়াতে ইসলামী ও এনসিপির (জাতীয় নাগরিক পার্টি)। কিন্তু ক্ষমতাসীন ও ক্ষমতার বাইরে থাকা এ তিন দলই আবার চায় না গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে আসুক। ফলে পারস্পরিক বৈরী অবস্থানের মধ্যেও শেখ হাসিনার ঘোষিত ডিসেম্বরকেন্দ্রিক তৎপরতার দিকে নজর রাখছে তিন দলই। প্রয়োজন হলে তারা কর্মসূচিও দেবে।
বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা প্রতিরোধে অতিরিক্ত কোনো পদক্ষেপ নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। এ ধরনের বিষয় মোকাবিলার দায়িত্ব দেশের প্রচলিত আইন ও বিচারব্যবস্থার। তবে পরিস্থিতি ডিমান্ড করলে দলমত নির্বিশেষে হাসিনাকে প্রতিরোধ করা হবে।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, হাসিনা দেশে ফিরে আসবেন- এমন বক্তব্য মূলত রাজনৈতিক ‘স্টান্টবাজি’। কার্যক্রম নিষিদ্ধ দলটি তাদের কর্মীদের চাঙা করতে এবং দেশের মধ্যে অস্থিরতা তৈরির চেষ্টা ছাড়া আর কিছুই করতে পারবে না। নানা অপতৎপরতার মাধ্যমে চাপ সৃষ্টির কৌশল নেওয়া হচ্ছে। তিনি বলেন, হাসিনার হাতে যখন পুলিশ-প্রশাসনসহ সবকিছুর নিয়ন্ত্রণ ছিল, তখনই তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। এখন তার দেশে ফেরার মতো শক্তি-সামর্থ্য আছে বলে মনে হয় না। ডিসেম্বর ঘিরে যেসব শঙ্কা তৈরি হচ্ছে, তা মোকাবিলায় সরকার রয়েছে। তবে হাসিনা ফিরতে চাইলে জনগণই প্রতিরোধ গড়ে তুলবে।
তিনি বলেন, হাসিনা আসতে চাইলে সরকারের সঙ্গে আঁতাত করে আসতে হবে। সরকার সেটা করবে বলে মনে হয় না। সর্বশেষ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্যে তা স্পষ্ট হয়েছে। আর যদি ‘টুস করে ঢুকে পড়ে’ তাহলে জনগণ জুলাইয়ের মতোই ঐক্যবদ্ধ আছে এবং থাকবে। বিমানবন্দর বা স্থলবন্দর-যেখান দিয়েই তিনি ঢুকুক, জনগণ তাকে ধরে ফাঁসির মঞ্চে নিয়ে যাবে। কারও কমান্ডের অপেক্ষায় থাকবে না। তাকে মোকাবিলায় সরকারি দল-বিরোধী দল বলে কিছু থাকবে না। জামায়াতে ইসলামী জনগণের সঙ্গে থাকবে।
জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম বলেন, আওয়ামী লীগ দেশে ফ্যাসিবাদের আস্তানা তৈরি করেছিল। যে কারণে দেশের জনগণই রক্ত দিয়ে তাদের প্রতিহত করেছে। ২০০৬ সালের ২৮ অক্টোবর থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত তারা পল্টনে লগি-বৈঠা, পিলখানায় ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা, শাপলা চত্বরে গণহত্যা এবং সর্বশেষ ৩৬ জুলাই মিলিয়ে হাজার হাজার মানুষকে হত্যা করেছে। অসংখ্য মানুষ গুম, খুন ও গুপ্তহত্যার শিকার হয়েছেন। তাদের পরিবারের সদস্যরাই হাসিনাকে প্রতিহত করার জন্য যথেষ্ট। আমরা জনগণের এই প্রতিরোধের সঙ্গে আগে যেভাবে ছিলাম, আগামী দিনেও থাকব, ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, শেখ হাসিনা দেশে আসতে চাইলে তাকে আইনি ও বিচারিক প্রক্রিয়ায়ই আসতে হবে। তিনি তো সাজাপ্রাপ্ত আসামি। জনগণ তার সাজা কার্যকর দেখতে চায়।
এনসিপির রাজনৈতিক পর্ষদ সদস্য আরিফুল ইসলাম আদিব যুগান্তরকে বলেন, হাসিনা ফিরে আসার কথা বললেও আমি নিশ্চিত তিনি আসবেন না। যদি আসেন, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে।
মন্তব্য (০)