ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিকভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে বলে জানিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।
তিনি বলেন, বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটিয়ে বিপুলসংখ্যক মানুষের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত সরকারের কোনো ক্ষতি করা যাবে না।
মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
ইশরাক বলেন, বন্দিবিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবি জানানো হচ্ছে। একই সঙ্গে ইন্টারপোলের রেড নোটিশের মাধ্যমেও তাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। একজন দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে আসামি হিসেবে বাংলাদেশে ফেরত আনার বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে দেখছে বলেও মন্তব্য করেন তিনি।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে ইশরাক বলেন, প্রায় ১৮ কোটি মানুষের দেশে আনসার ও ভিডিপি বাদে পুলিশ বাহিনীর সদস্যসংখ্যা প্রায় দুই লাখ। এত বিপুলসংখ্যক মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর করা সম্ভব নয়। এ কারণে সরকার রাজনৈতিকভাবেও পরিস্থিতি মোকাবিলার সিদ্ধান্ত নিয়েছে।
তিনি জানান, গত সোমবার সংসদীয় ও দলীয় বৈঠকে প্রধানমন্ত্রী এ বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছেন। নির্দেশনা অনুযায়ী, সংসদ সদস্যরা নিজ নিজ এলাকায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে রাজনৈতিকভাবে প্রতিরোধ গড়ে তুলবেন এবং রাজপথে সক্রিয় থাকবেন।
সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, কয়েক দিন আগে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে যে অসন্তোষ ও রাজনৈতিক অস্থিরতা তৈরির চেষ্টা হয়েছিল, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা সফলভাবে নিয়ন্ত্রণ করেছে। এ জন্য বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানানো হয়েছে।
আওয়ামী লীগের ডাকা হরতাল প্রসঙ্গে ইশরাক বলেন, এ কর্মসূচির কোনো গ্রহণযোগ্যতা নেই। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচারপ্রক্রিয়ার মধ্য দিয়ে দলটির রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারিত হবে। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী, আওয়ামী লীগ নামে দলটি ভবিষ্যতে রাজনীতি করতে পারবে কি না, সেটিও নির্ধারিত হবে বলে মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, দেশের বাইরে অবস্থানরত দলটির নেতাদের নির্দেশনায় বিচ্ছিন্নভাবে নাশকতামূলক কর্মকাণ্ড চালানো হচ্ছে। তবে এসব তৎপরতায় কোনো রাজনৈতিক সাফল্য আসবে না বলেও দাবি করেন তিনি।
মঙ্গলবার সকালে রাজধানীর বিভিন্ন সড়কে যানজটের কথা উল্লেখ করে ইশরাক বলেন, সাধারণ মানুষ হরতাল কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিচ্ছে না।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। পাশাপাশি রাজনৈতিকভাবেও পরিস্থিতি মোকাবিলা করা হচ্ছে। চোরাগোপ্তা হামলা ও নাশকতায় জড়িত এবং অতীতে গণহত্যার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
সভায় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানমসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বগুড়া প্রতিনিধি : পলাতক সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শ...
নিউজ ডেস্ক : পলাতক অপরাধীরা আইনের শাসন এড়িয়ে জাতীয় পরিচয়পত্র...
নিউজ ডেস্কঃ কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হাম...
নিউজ ডেস্কঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলী...
নিউজ ডেস্কঃ জুলাই গণআন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত প্রধানম...

মন্তব্য (০)