বিনোদন প্রতিবেদক : দেশের শোবিজ, সংস্কৃতি ও ব্যবসায়িক অঙ্গনের কৃতী ব্যক্তিদের সম্মাননা জানাতে ঢাকায় বসছে ‘র্যাং ইন্টারন্যাশনাল স্টার অ্যান্ড বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬’ (RISBA 2026 Season 2)-এর দ্বিতীয় আসর।
আগামী ১২ নভেম্বর সন্ধ্যা ৭টায় রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত হবে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
র্যাং প্রোডাকশনের আয়োজনে এবং গোল্ডস্যান্ডস গ্রুপের উপস্থাপনায় অনুষ্ঠানে চলচ্চিত্র, টেলিভিশন, ওটিটি, সংগীত ও ব্যবসাসহ বিভিন্ন অঙ্গনে বিশেষ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মানিত করা হবে।
আয়োজনের বিস্তারিত জানাতে মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজধানীর হোটেল শেরাটনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে অনুষ্ঠানের লক্ষ্য, পরিকল্পনা ও প্রস্তুতির নানা দিক তুলে ধরেন আয়োজক প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সংবাদ সম্মেলনে র্যাং প্রোডাকশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর আহমেদ জানান, শুধু পুরস্কার প্রদানের মধ্যেই এই আয়োজন সীমাবদ্ধ রাখতে চান না তাঁরা। দেশের মেধাবী ও সৃজনশীল মানুষদের কাজের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাঁদের আন্তর্জাতিক পরিসরে পরিচিত করে তোলাও এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।
প্রতিষ্ঠানটির চিফ স্ট্র্যাটেজি অফিসার (সিএসও) শান্তা জাহান বলেন, দীর্ঘদিন ধরে নিজ নিজ ক্ষেত্রে অবদান রেখে চলা ব্যক্তিদের পাশাপাশি সম্ভাবনাময় নতুন মুখদেরও গুরুত্ব দেওয়া হচ্ছে। নবীন প্রতিভার বিকাশে এই পুরস্কার আয়োজন ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানের নির্বাহী পরিচালক এবং গণমাধ্যম, যোগাযোগ ও অনুষ্ঠান বিভাগের পরিচালক ইমারত হোসেন ইমু বলেন, বাংলাদেশের শিল্প-সংস্কৃতি ও সৃজনশীল অঙ্গনে অনেক প্রতিভাবান মানুষ রয়েছেন। তাঁদের অর্জন আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার পাশাপাশি নতুন প্রজন্মকে উৎসাহিত করতে চান আয়োজকেরা।
আয়োজনটি শিল্পী, নির্মাতা, উদ্যোক্তা ও গণমাধ্যমকর্মীদের মধ্যে পারস্পরিক যোগাযোগের নতুন সুযোগ তৈরি করবে বলে মনে করেন ইভেন্ট অ্যান্ড অ্যাক্টিভেশন ডিরেক্টর মোক্তাদির রুবেল। তাঁর আশা, এই মঞ্চ থেকে ভবিষ্যতে বিভিন্ন ক্ষেত্রে যৌথ উদ্যোগ ও সহযোগিতার ক্ষেত্রও সম্প্রসারিত হবে।
অন্যদিকে আমন্ত্রণবিষয়ক পরিচালক শার্না লতা দেবনাথ জানান, দেশি-বিদেশি শিল্পী, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশের সংস্কৃতি, সৃজনশীলতা ও বিভিন্ন খাতের অর্জন আরও বিস্তৃত পরিসরে তুলে ধরার সুযোগ তৈরি হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এবারের আসরে চলচ্চিত্র, নাটক, ওটিটি ও সংগীতের পাশাপাশি ব্যবসায়িক সাফল্য এবং উদ্ভাবনী উদ্যোগকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। সেরা চলচ্চিত্র, অভিনয়শিল্পী, পরিচালক, সংগীতশিল্পী, উদীয়মান প্রতিভা, ব্যবসায়িক সাফল্য ও উদ্ভাবনসহ একাধিক বিভাগে পুরস্কার দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া বিশেষ জুরি পুরস্কার ও আজীবন সম্মাননা প্রদানেরও উদ্যোগ নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন র্যাং প্রোডাকশনের করপোরেট সম্পর্ক ও ব্যবসায়িক উন্নয়ন পরিচালক শুকান্ত সুমন, শিল্পী সমন্বয় ও যোগাযোগ বিভাগের পরিচালক শিপন মিত্র ও সুব্রত দে, যোগাযোগ পরিকল্পনা ও সৃজনশীল বিভাগের প্রধান অনুরাগ আচার্য এবং নৃত্য নির্দেশক ইফতিসহ আয়োজক প্রতিষ্ঠানের অন্য কর্মকর্তারা।
আয়োজকদের প্রত্যাশা, দ্বিতীয় আসরের মধ্য দিয়ে র্যাং ইন্টারন্যাশনাল স্টার অ্যান্ড বিজনেস অ্যাওয়ার্ডস দেশের বিনোদন ও ব্যবসায়িক অঙ্গনের অর্জনকে আরও বৃহত্তর পরিসরে তুলে ধরবে। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সৃজনশীল প্রতিভা ও উদ্যোগের পরিচিতি বাড়াতেও ভূমিকা রাখবে এই আয়োজন।
মন্তব্য (০)