• লিড নিউজ
  • শিক্ষা

নৈতিক ও ধর্মীয় শিক্ষার অভাবে সামাজিক অবক্ষয় বাড়ছে: শিক্ষামন্ত্রী

  • Lead News
  • শিক্ষা

ছবিঃ সিএনআই

নিজস্ব প্রতিবেদক : নৈতিক শিক্ষার অভাবে সমাজে মূল্যবোধের অবক্ষয় ও পারস্পরিক শ্রদ্ধাবোধ কমে যাচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন আয়োজিত ‘হিফযুল কুরআন অ্যাওয়ার্ড ও কুরআন উৎসব ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

শিক্ষামন্ত্রী বলেন, নৈতিক শিক্ষা, ইসলামি শিক্ষা ও ধর্মীয় শিক্ষা থেকে দূরে সরে যাওয়ার কারণে সমাজে অবক্ষয় দেখা দেয়। এ অবক্ষয় রোধে শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে।

তিনি বলেন, দ্বীনি শিক্ষা থেকে পিছিয়ে যাওয়া জাতির জন্য কোনো কল্যাণ বয়ে আনবে না। ধর্মীয় মূল্যবোধ ছাড়া আগামীর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়। তাই দেশের শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় মূল্যবোধ অন্তর্ভুক্ত করার কোনো বিকল্প নেই। এ জন্য ধর্মীয় শিক্ষার ওপর আরও গুরুত্ব দিতে হবে।

মন্ত্রী আরও বলেন, বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে টিকে থাকতে হলে শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন জরুরি। ধর্মীয় শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তিসহ আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। এ সময় তিনি মাদ্রাসা শিক্ষার আধুনিকায়নে সরকারের নেওয়া বিভিন্ন প্রকল্পের কথাও উল্লেখ করেন।

তৃতীয় ভাষা শেখার গুরুত্ব তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তৃতীয় ভাষা শিক্ষার ওপর গুরুত্ব দিয়েছেন। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বাংলাদেশের বিপুলসংখ্যক প্রবাসী কর্মরত রয়েছেন। তাঁরা আরবি ভাষায় দক্ষতা অর্জন করতে পারলে কর্মক্ষেত্রে আরও ভালো সুযোগ তৈরি হবে এবং দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।

অনুষ্ঠানে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন পরিচালিত বিভিন্ন প্রতিষ্ঠানের হিফয সম্পন্নকারী ১ হাজার ৭৫৭ জন শিক্ষার্থীকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল্লাহ আল মামুন।

মন্তব্য (০)





  • company_logo