ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্ক রাজধানীর মগবাজারে নিজের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় মুখ খুলেছেন সংগীতশিল্পী আসিফ আকবর। অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি গাড়িটি লক্ষ্য করে গুলি চালালেও অক্ষত রয়েছেন এই গায়ক। তার ধারণা, দুর্বৃত্তরা তাকেই লক্ষ্যবস্তু করেছিল। তবে ঘটনার সময় গাড়িতে না থাকায় প্রাণে বেঁচে গেছেন তিনি।
শনিবার (২৪ অক্টোবর) ভোর পৌনে ৫টার দিকে মগবাজারের বিশাল সেন্টারের সামনে পার্ক করা আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। ঘটনার সময় গাড়িতে ছিলেন না এই সংগীতশিল্পী। এ ঘটনায় কেউ হতাহত হননি।
এ ঘটনার পর শনিবার বিকেলে নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে আসিফ আকবর বলেন, তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। সকালে পুলিশের সঙ্গে প্রয়োজনীয় কাজ শেষ করে বাসায় ফিরে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছিলেন। পরে বিকেলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তার বাসায় গিয়ে ঘটনার বিষয়ে কথা বলেন।
কেন তাকে লক্ষ্য করা হতে পারে, সে বিষয়ে কথা বলতে গিয়ে আসিফ আকবর জানান, তার প্রতিদিনের যাতায়াতের সময় সম্পর্কে হামলাকারীদের ধারণা থাকতে পারে। তিনি সাধারণত রাত ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে অফিসে যান এবং ফজরের নামাজের আগে কিংবা পরে বাসায় ফেরেন।
গায়কের ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় তিনি অফিসেই ছিলেন। সিসিটিভি ক্যামেরার দৃশ্য দেখার সময় ঘটনাটি তার নজরে আসে। তবে গুলির শব্দ তিনি শুনতে পাননি।
আসিফ আকবর বলেন, যারা এ ঘটনা ঘটিয়েছেন, তারা ভালো করেই জানেন তিনি কখন অফিসে যান এবং কখন বের হন। তার ধারণা, ওই সময়ের হিসাব করেই তাকে লক্ষ্য করা হয়ে থাকতে পারে। তবে ঠিক কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা তিনি বলতে পারছেন না।
ঘটনার বিবরণ দিতে গিয়ে এই সংগীতশিল্পী জানান, তিনি আর কিছুক্ষণ পরেই নিচে নামতেন। সে সময় গাড়ির আশপাশে তার উপস্থিতি থাকলে পরিস্থিতি অন্য রকম হতে পারত বলে আশঙ্কা করছেন তিনি।
তবে ব্যক্তিগত কোনো বিরোধ, শত্রুতা কিংবা অন্য কোনো কারণে এ ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে নিশ্চিত নন এই সংগীতশিল্পী। কাউকে সন্দেহ করার মতো নির্দিষ্ট তথ্যও তার কাছে নেই।
এদিকে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানিয়েছেন, মগবাজারে আসিফ আকবরের একটি ব্যক্তিগত কার্যালয় রয়েছে। বিশাল সেন্টারের সামনে পার্ক করা তার গাড়ি লক্ষ্য করে ভোরে গুলি চালানো হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
পুলিশের অভ্যন্তরীণ প্রতিবেদন অনুযায়ী, বিশাল সেন্টার মার্কেটের নিচে পার্কিংয়ের জায়গায় গাড়িটি রাখা ছিল। ভোর পৌনে ৫টার দিকে অজ্ঞাতনামা এক ব্যক্তি সিএনজিচালিত অটোরিকশায় করে এসে গাড়িটি লক্ষ্য করে একটি গুলি ছোড়েন। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় হাতিরঝিল থানা-পুলিশ। পরে গাড়ির পেছনের জানালা খুলে ভেতর থেকে একটি গুলির কার্তুজ উদ্ধার করা হয়।
তবে কারা এ ঘটনায় জড়িত এবং কী উদ্দেশে গুলি চালানো হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার নেপথ্য কারণ অনুসন্ধানে তদন্ত করছে পুলিশ।
বিনোদন ডেস্ক : প্রায় ১১ বছর আগে যৌথ প্রযোজনার সিনেমা ‘...
বিনোদন ডেস্ক : সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব...
বিনোদন ডেস্ক : জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্র...
বিনোদন ডেস্ক : মডেল ও অভিনেত্রী মেঘনা আলম বলেছেন, তার কারাবা...

মন্তব্য (০)