• বিনোদন

‘আমি সঠিক পথেই আছি’, এআই ভিডিও বিতর্কে পরীমনি

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি এখন আর সিনেমার পর্দায় খুব একটা দেখা যায় না। তবে অভিনয়ে না থাকলেও শোরুম উদ্বোধন কিংবা সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে রয়েছে তার সরব উপস্থিতি। তবে বেশি আলোচনায় থাকেন ব্যক্তিগত ইস্যু নিয়ে। কিছু দিন পরপরই কোনো না কোনো প্রসঙ্গে খবরের শিরোনামে আসেন তিনি। সম্প্রতি আলোচনার কেন্দ্রে এসেছে ভুয়া এআই ভিডিওর সূত্র ধরে।

সোমবার (১৯ অক্টোবর) একটি শোরুম উদ্বোধন করতে গিয়েছিলেন পরীমনি। সেখানেই গণমাধ্যমের মুখোমুখি হয়ে এআই ভিডিও নিয়ে কথা বলেন তিনি। আক্ষেপ করে তার জীবনে বারবার ঝামেলা সৃষ্টি হওয়া নিয়ে অভিনেত্রী বলেন, ‘আমার কপালে মনে হয় এটাই লেখা— সারাজীবন ঝামেলা হবে, ঝামেলা নিয়েই যাব। এটা আমি মেনে নিয়েছি। আমার ভালো লাগে, এনজয় করি।’

কৃত্তিম বুদ্ধিমত্তা বা এআইয়ের মতো প্রযুক্তি ব্যবহার করে নারীদের হয়য়ানির ঘটনা দিন দিন বেড়েই চলেছে। তাই এ বিষয়ে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন এ অভিনেত্রী। 

পরীমনি বলেন, 'বিষয়টি অনেক সেনসিটিভ। আমার মতো মানুষ এটা গায়েই লাগানোর কথা না। প্রথম তিন-চার দিন তো পাত্তা দিইনি।' তিনি বলেন, 'যখন দেখলাম— এটা আর এভয়েড করতে পারছি না, তখন গিয়ে কথা বললাম। কোনো সাধারণ মেয়ের ক্ষেত্রে হলে অনেকে সুইসাইডও করে ফেলত। সেসব নিয়ে অহরহ নিউজ হয়েছে। সুতরাং এ বিষয়ে নিয়ে সোচ্চার হওয়া জরুরি।'

এ অভিনেত্রী বলেন, কিছু অসভ্য এআই দিয়ে তার ‘আপত্তিকর’ ভিডিও নির্মাণ করে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ছড়িয়ে দিয়েছে। দিন কয়েক আগে একটি টিভি চ্যানেলের ইনস্টাগ্রাম পেজ হ্যাক করে সেখানেও ভিডিওটি ছড়িয়ে দেওয়া হয়। এ নিয়ে জোর চর্চা চলছিল সামাজিক মাধ্যমে, এর একটা বিহিত হওয়া দরকার বলেও জানান পরীমনি।

এর আগে সামাজিক মাধ্যম ফেসবুক লাইভে এসেও স্পষ্টভাবে অপরাধীদের বিরুদ্ধে কথা বলেন অভিনেত্রী। এ নিয়ে অনেকেই তার সাহসের প্রশংসা করেন। পরীমনি বলেন, ‘সবাই যখন আমার সাহসকে সম্মান জানান, তখন আরও সাহস পাই। মনে হয়, আমি সঠিক পথেই আছি।’

মন্তব্য (০)





  • company_logo