তথ্য প্রযুক্তি ডেস্ক : সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুক এখন আমাদের দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। আমাদের অজস্র ছবি, ভিডিও, ব্যক্তিগত স্মৃতি এবং জীবনের নানা মুহূর্তের গল্প জমা থাকে এখানে। কিন্তু মৃত্যুর পর একজন ব্যবহারকারীর ফেসবুক অ্যাকাউন্টের ঠিক কী ঘটে, তা কি আমরা অনেকেই জানি?
এ ক্ষেত্রে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা ব্যবহারকারীদের জন্য দুটি বিকল্প বা অপশন রেখে দিয়েছে: হয় প্রোফাইলটি ‘মেমোরিয়ালাইজড’ (স্মারক হিসেবে সংরক্ষণ) করে রাখা, কিংবা চিরতরে মুছে ফেলা।
মৃত্যুর পর ফেসবুক প্রোফাইলে কী ঘটে?
ফেসবুক বা মেটার নিয়ম অনুযায়ী, মৃত্যুর পর অ্যাকাউন্টটির কী হবে, তা একজন ব্যবহারকারী আগেই ঠিক করে রাখতে পারেন। তিনি মৃত্যুর পর প্রোফাইলটি চিরতরে মুছে ফেলার নির্দেশ দিয়ে যেতে পারেন। নতুবা, ফেসবুক মৃত্যুর খবর পাওয়ার পর এবং প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে প্রোফাইলটিকে ‘মেমোরিয়ালাইজড’ বা স্মারক হিসেবে সংরক্ষণ করতে পারে।
মেমোরিয়ালাইজড প্রোফাইলে কী থাকে?
কারো মৃত্যুর পর তার প্রোফাইল মেমোরিয়ালাইজড করা হলে নামের পাশে ‘রিমেম্বারিং’ (Remembering) শব্দটি যোগ হয়। এর মাধ্যমে বোঝা যায় যে অ্যাকাউন্টটির মালিক আর বেঁচে নেই। এই ধরনের প্রোফাইলের কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে:
উল্লেখ্য, কোনো পেজের একমাত্র অ্যাডমিনের প্রোফাইল মেমোরিয়ালাইজড করা হলে এবং যথাযথ অনুরোধ পাওয়া গেলে পেজটি ফেসবুক থেকে সরিয়ে নেওয়া হতে পারে। একইভাবে, কোনো গ্রুপের একমাত্র অ্যাডমিনের প্রোফাইল মেমোরিয়ালাইজড হলে বৈধ অনুরোধের ভিত্তিতে গ্রুপটি স্থগিত করা হতে পারে।
আপনার মেমোরিয়ালাইজড প্রোফাইল কে দেখভাল করবে?
মৃত্যুর পর ফেসবুক প্রোফাইল দেখভালের জন্য একজন বিশ্বস্ত ব্যক্তিকে ‘লিগ্যাসি কনট্যাক্ট’ হিসেবে মনোনীত করা যেতে পারে। প্রোফাইলটি মেমোরিয়ালাইজড হওয়ার পর এই ব্যক্তি নির্দিষ্ট কিছু কাজ করতে পারেন।
লিগ্যাসি কনট্যাক্ট যা করতে পারেন:
তবে ‘লিগ্যাসি কনট্যাক্ট’ মৃত ব্যক্তির অ্যাকাউন্টে সরাসরি লগইন করতে পারবেন না বা তার নামে অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারবেন না।
মৃত্যুর পর অ্যাকাউন্ট মুছে ফেলার সুযোগও রয়েছে
যারা চান না যে মৃত্যুর পর তাদের ব্যক্তিগত তথ্য, ছবি, পোস্ট বা অন্যান্য কনটেন্ট ফেসবুকে থেকে যাক, তাদের জন্য রয়েছে ‘ডিলিট আফটার ডেথ’ (Delete after death) বা মৃত্যুর পর মুছে ফেলার অপশন।
যদি এই অপশনটি আগে থেকেই বেছে রাখা হয় এবং মৃত্যু নিশ্চিত করার প্রয়োজনীয় প্রমাণ পাওয়ার পর ফেসবুক অ্যাকাউন্টটি মুছে ফেলার প্রক্রিয়া শুরু করে, তবে প্রোফাইলটির মেসেজ, ছবি, পোস্ট, কমেন্ট, রিঅ্যাকশন এবং অন্যান্য তথ্য চিরতরে মুছে ফেলা হবে।
ফেসবুক ব্যবহারকারীদের এই সিদ্ধান্তের কথা পরিবার বা বিশ্বস্ত মানুষদের জানিয়ে রাখার পরামর্শ দিয়ে থাকে।
নিজের প্রোফাইলের ক্ষেত্রে কীভাবে এই সিদ্ধান্ত নেবেন?
খুব সহজেই ফেসবুক অ্যাপ বা ওয়েবসাইট থেকে কয়েকটি ধাপে এই সেটিংস পরিবর্তন করা সম্ভব:
১. ফেসবুকে আপনার প্রোফাইল পিকচারের ওপর ক্লিক করুন।
২. ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ (Settings & privacy) থেকে ‘সেটিংস’ (Settings) বেছে নিন।
৩. ‘মেটা অ্যাকাউন্ট সেন্টার’ (Meta account centre) অংশে গিয়ে ‘ম্যানেজ অ্যাকাউন্ট’ (Manage account) নির্বাচন করুন।
৪. আপনি যে প্রোফাইলের সেটিংস পরিবর্তন করতে চান, তার পাশে থাকা ‘ম্যানেজ’ (Manage) অপশনে ক্লিক করুন।
৫. ‘মেমোরিয়ালাইজেশন’ (Memorialization) অপশনে প্রবেশ করুন।
৬. আপনার পছন্দের অপশন—‘মেমোরিয়ালাইজ প্রোফাইল’ বা ‘ডিলিট আফটার ডেথ’ বেছে নিন।
৭. সিদ্ধান্ত নিশ্চিত করতে পরবর্তী নির্দেশনাবলী অনুসরণ করুন।
তবে মেটার মতে, এই নতুন সেটিংসটি হয়তো এখনো সব ব্যবহারকারীর অ্যাকাউন্টে চালু হয়নি।
অপ্রাপ্তবয়স্কদের জন্য বিশেষ নিয়ম
ফেসবুকের নিয়ম অনুযায়ী, যে সমস্ত ব্যবহারকারী অপ্রাপ্তবয়স্ক, তারা কোনো লিগ্যাসি কনট্যাক্ট বেছে নিতে পারেন না। অঞ্চলভেদে কোন বয়সের পর কাউকে আর অপ্রাপ্তবয়স্ক হিসেবে গণ্য করা হবে না, তার নিয়ম আলাদা হতে পারে।
কোনো অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারী যদি ‘ডিলিট আফটার ডেথ’ অপশনটি বেছে নেন, তবে সাবালক না হওয়া পর্যন্ত তিনি এই সেটিংস পরিবর্তন করতে পারবেন না।
মন্তব্য (০)