• শিক্ষা

জাবিপ্রবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি তদন্তে

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি: জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) শাখা ছাত্রদলের সদস্যসচিব যীনাত মিয়া আজিজুলের বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শন, একাডেমিক ক্ষতির হুমকি ও নিরাপত্তাহীনতা সৃষ্টির অভিযোগের সত্যতা পায়নি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। অভিযোগের পক্ষে দাখিল করা প্রমাণাদি ও সাক্ষীদের বক্তব্য যাচাই করে ঘটনার সঙ্গে অভিযোগের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. মোহাম্মদ সাদীকুর রহমানের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়,'ব্যবস্থাপনা বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. রেজওয়ান হাসান একই বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্যসচিব যীনাত মিয়া আজিজুলের বিরুদ্ধে গত ১২ অক্টোবর অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে বিভাগের চেয়ারম্যানের উপস্থিতিতে অভিযোগের পক্ষে দাখিল করা প্রমাণাদি ও আনুষঙ্গিক বিষয় যাচাই করে প্রক্টরিয়াল বডি। যাচাইয়ে দাখিল করা প্রমাণাদির সঙ্গে অভিযোগের ঘটনার কোনো সম্পর্ক পাওয়া যায়নি। পাশাপাশি সাক্ষীদের বক্তব্যেও অভিযোগের সঙ্গে সামঞ্জস্য মেলেনি।'

বিবৃতিতে আরও বলা হয়,'প্রমাণবিহীন অভিযোগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা বিঘ্নিত করতে পারে। এ ধরনের অভিযোগ সংবাদমাধ্যমে প্রকাশের আগে যথাযথ যাচাই-বাছাই করার জন্য বিশ্ববিদ্যালয় সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছে প্রশাসন।'

অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্যসচিব যীনাত মিয়া আজিজুল বলেন,‘আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক চক্রান্ত করা হয়েছিল। আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরপেক্ষভাবে তদন্ত করে অভিযোগের কোনো সত্যতা পায়নি।’

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. মোহাম্মদ সাদীকুর রহমান বলেন, ‘অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত করা হয়েছে। তবে তদন্তে অভিযোগের পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি।’ সংবাদ প্রকাশের আগে অভিযোগের সত্যতা ও প্রাসঙ্গিক তথ্য গভীরভাবে যাচাই-বাছাই করার জন্য বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান তিনি।

মন্তব্য (০)





  • company_logo