ছবিঃ সংগৃহীত
তথ্যপ্রযুক্তি ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ব্যক্তিগত পছন্দ অনুযায়ী পডকাস্ট তৈরির প্রযুক্তি নিজেদের সেবায় যুক্ত করার উদ্যোগ নিয়েছে অ্যাপল। এ লক্ষ্যে এআইভিত্তিক অডিও স্টার্টআপ হাক্সের (Huxe) কয়েকজন কর্মীকে নিয়োগের প্রস্তাব দেওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানটির প্রযুক্তি ব্যবহারের জন্য মেধাস্বত্বের লাইসেন্স নিচ্ছে আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি।
ইউরোপীয় কমিশনের কাছে জমা দেওয়া এক নথিতে এ চুক্তির কথা জানিয়েছে অ্যাপল। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, এ চুক্তির মাধ্যমে হাক্সের কিছু কর্মী ও প্রযুক্তি নিজেদের কাজে ব্যবহারের সুযোগ পাবে অ্যাপল। তবে পুরো প্রতিষ্ঠানটি অধিগ্রহণ করছে না তারা। প্রযুক্তি খাতে এ ধরনের চুক্তিকে ‘রিভার্স অ্যাকুই-হায়ার’ বলা হয়। এ পদ্ধতিতে কোনো প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ কর্মীদের নিয়োগ দেওয়ার পাশাপাশি তাদের তৈরি প্রযুক্তি ব্যবহারের অধিকারও নেওয়া হয়।
হাক্স প্রতিষ্ঠা করেছিলেন এমন কয়েকজন ডেভেলপার, যারা এর আগে গুগলের নোটবুকএলএম প্রকল্পে এআই ব্যবহার করে অডিও আলোচনা বা পডকাস্ট তৈরির সুবিধা উন্নয়নে কাজ করেছেন। নোটবুকএলএমের এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীর দেওয়া তথ্য ও নথির ভিত্তিতে কথোপকথনের ধরনে অডিও তৈরি করা যায়। ফলে দীর্ঘ নথি বা জটিল বিষয় না পড়েও অডিও শুনে তা বোঝার সুযোগ পান ব্যবহারকারীরা।
চলতি বছরের ২১ মে হাক্স তাদের সেবা বন্ধের ঘোষণা দেয়। প্রতিষ্ঠানটি জানায়, অ্যাপল ও গুগলের অ্যাপ স্টোর থেকে তাদের অ্যাপ সরিয়ে নেওয়া হবে। একই সঙ্গে সেবা বন্ধ করে ব্যবহারকারীদের তথ্য মুছে ফেলা হবে। সে সময় হাক্স জানিয়েছিল, তাদের দল নতুন কাজে যুক্ত হচ্ছে এবং হাক্স পণ্যের উন্নয়ন আর চালিয়ে নেওয়া হবে না।
এরপর ৯ জুন ইউরোপীয় কমিশনকে চুক্তির বিষয়ে জানায় অ্যাপল। তবে হাক্সের কোনো কর্মীদের নিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে বা তারা সেই প্রস্তাব গ্রহণ করেছেন কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। একইভাবে হাক্সের প্রযুক্তি ব্যবহার করে অ্যাপল নতুন কোনো সুবিধা চালু করবে কি না, তা-ও নিশ্চিত করেনি প্রতিষ্ঠানটি।
তবে ধারণা করা হচ্ছে, অ্যাপলের পডকাস্ট অ্যাপে এআইনির্ভর ব্যক্তিগত অডিও তৈরির সুবিধা যুক্ত করার ক্ষেত্রে হাক্সের প্রযুক্তি কাজে লাগতে পারে। এর মাধ্যমে ব্যবহারকারীর আগ্রহ, পছন্দ ও প্রয়োজন অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে অডিও কনটেন্ট তৈরি করা সম্ভব হতে পারে। যদিও এ বিষয়ে অ্যাপল এখনো আনুষ্ঠানিক কোনো পরিকল্পনা প্রকাশ করেনি।
এআই ব্যবহার করে অডিও কনটেন্ট তৈরির ক্ষেত্রে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর আগ্রহও দিন দিন বাড়ছে। এর আগে স্পটিফাইও এআই ব্যবহার করে পডকাস্ট তৈরির সুবিধা চালুর উদ্যোগের কথা জানিয়েছে। ফলে ব্যক্তিগত পছন্দ অনুযায়ী অডিও কনটেন্ট তৈরির বাজারে প্রতিযোগিতা আরও বাড়তে পারে। তবে এআইনির্ভর ব্যক্তিগত অডিও প্রচলিত পডকাস্টের বিকল্প হয়ে উঠবে কি না, তা এখনো স্পষ্ট নয়।
তথ্যপ্রযুক্তি ডেস্ক: প্রতিদ্বন্দ্বী সামাজিক যোগাযোগমাধ্...
তথ্যপ্রযুক্তি ডেস্কঃ হয়ত আপনার নিজের কোনো ধারণা নিয়ে সং...
তথ্য প্রযুক্তি ডেস্ক : নিরাপত্তাব্যবস্থা চা...
তথ্যপ্রযুক্তি ডেস্ক: কর্মক্ষেত্রের নানা কাজ সহজ করতে নতুন এআ...
তথ্য প্রযুক্তি ডেস্ক : একসময় অনলাইনে কাজ শেখার জন্য দীর্ঘ প্রশিক্ষণ, নিয়...

মন্তব্য (০)