ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের মধুখালীতে মধুমতী নদীতে অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী বর্ণাঢ্য নৌকা বাইচ প্রতিযোগিতা। মাদকমুক্ত সমাজ গড়ার এই সামাজিক অঙ্গীকারে নদীপাড়ে হাজারো মানুষের ঢল নামে। প্রতিযোগিতা শেষে সন্ধ্যায় কামারখালী বাজারে আয়োজন করা হয় এক মনোজ্ঞ মাদকবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্ট।
বুধবার (৭ অক্টোবর) বিকেলে মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নে মধুমতী নদীর বুকে এই উৎসবমুখর নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। এতে ফরিদপুর ও পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে আগত মোট ১১টি বাইচের নৌকা অংশ নেয়। নদীর দুই কূলে উপস্থিত হাজার হাজার উৎসুক নারী-পুরুষ দর্শনার্থীর করতালি ও উল্লাসে পুরো এলাকা উৎসবের নগরীতে পরিণত হয়।
মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাসুদুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল আওয়াল আকনের সঞ্চালনায় অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধান করেন সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত।
প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ফরিদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মাজহারুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে বলেন, “মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে তিলে তিলে ধ্বংস করে দেয়। তরুণ সমাজকে এই ভয়াবহতার হাত থেকে রক্ষা করতে হলে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়; পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজকে একসাথে এগিয়ে আসতে হবে। যুবসমাজকে খেলাধুলা ও বিনোদনের মধ্যে সম্পৃক্ত রেখে মাদকের বিরুদ্ধে কঠোর সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে তরুণদের সঠিক পথে থাকার ও সুস্থ ধারার সামাজিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্য বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকদেব রায়, মধুখালী উপজেলা বিএনপির সভাপতি মোঃ শাহাবুদ্দিন আহমেদ সতেজ, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলিম মানিক, মধুখালী পৌর বিএনপির সভাপতি মোঃ হায়দার আলী মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন বিশ্বাস এবং দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মোঃ কে এম রকিবুল ইসলাম রিপন। এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্যবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নৌকা বাইচ শেষে কামারখালী বাজারে আয়োজিত মাদকবিরোধী কনসার্টে সংগীত পরিবেশন করেন জাতীয় পর্যায়ের জনপ্রিয় সংগীতশিল্পী আকাশ মাহমুদ। সুরের মূর্ছনা ও ঝরঝরে পরিবেশনায় পুরো কনসার্টস্থল আমোদিত হয়ে ওঠে, যা উপস্থিত সর্বস্তরের দর্শকের মাঝে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করে।
নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্ট...
নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...
নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...
নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলা ও উপজেলা পর্যায়ের প্রিন্ট ও ইল...

মন্তব্য (০)