• তথ্য ও প্রযুক্তি

চ্যাটজিপিটির চেয়ে মিউজের ডাউনলোড বেশি

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

তথ্য প্রযুক্তি ডেস্ক : মেটার নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অ্যাপ মিউজ মোবাইলে যাত্রা শুরুর প্রথম দিকে চ্যাটজিপিটির তুলনায় দ্রুত ব্যবহারকারী টানছে। মোবাইল অ্যাপ বিশ্লেষণ প্রতিষ্ঠান অ্যাপটোপিয়ার এক হিসাব থেকে এ তথ্য জানা গেছে।

অ্যাপটোপিয়ার হিসাবে, মিউজ চালুর পর প্রথম ১২ দিনে যুক্তরাষ্ট্র ও কানাডায় আইফোনের (আইওএস) ব্যবহারকারীরা অ্যাপটি ১৮ লাখ বার ডাউনলোড করেছেন। একই সময়ে চ্যাটজিপিটির ডাউনলোডের সংখ্যা ছিল ১৩ লাখ। 

শুরুতেই বেশি ডাউনলোড মিউজের

চ্যাটজিপিটির মোবাইল অ্যাপ চালুর সময় এটি বিশ্বজুড়ে আইওএস ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছিল। অন্যদিকে মিউজ আইওএস ও অ্যান্ড্রয়েড—দুই অপারেটিং সিস্টেমেই পাওয়া গেলেও আপাতত এর ব্যবহার সীমিত যুক্তরাষ্ট্র ও কানাডায়।

দুই অ্যাপের তুলনাকে আরও বাস্তবসম্মত করতে অ্যাপটোপিয়া ওই দুই দেশে চালুর পর প্রথম ১২ দিনের আইওএস ডেটা বিশ্লেষণ করেছে। এতে দেখা গেছে, মিউজের ডাউনলোড প্রায় ১৮ লাখ, আর চ্যাটজিপিটির ১৩ লাখ। অ্যাপটোপিয়ার আরেক হিসাব অনুযায়ী, বিশ্বজুড়ে চালুর প্রথম ১২ দিনে মিউজের ইনস্টল সংখ্যা ২৮ লাখে পৌঁছেছে।

অ্যাপলের যুক্তরাষ্ট্রের অ্যাপ স্টোরের র‍্যাঙ্কিংয়েও দ্রুত ওপরে উঠেছে মিউজ। চালুর পরপরই অ্যাপটি দ্বিতীয় অবস্থানে ছিল। পরে উঠে আসে শীর্ষে। এর আগে অ্যাপ বিশ্লেষণা প্রতিষ্ঠান অ্যাপফিগার্সের এক হিসাবেও মিউজের ডাউনলোড সংখ্যা ১০ লাখ ছাড়ানোর কথা বলা হয়েছিল।

দৈনিক সক্রিয় ব্যবহারকারীতেও এগিয়ে

অ্যাপটোপিয়ার হিসাবে, দৈনিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যাতেও মিউজ শুরুতেই চ্যাটজিপিটির চেয়ে এগিয়ে রয়েছে। যুক্তরাষ্ট্রে মিউজের দৈনিক সক্রিয় মোবাইল ব্যবহারকারী ছিল প্রায় ছয় লাখ ৪২ হাজার। একই সময়ের হিসাবে চ্যাটজিপিটির দৈনিক সক্রিয় ব্যবহারকারী ছিল দুই লাখ ৩১ হাজার। শুধু আইওএস ব্যবহারকারীদের হিসাব ধরলেও মিউজ এগিয়ে ছিল। এ ক্ষেত্রে মিউজের দৈনিক সক্রিয় ব্যবহারকারী ছিল আনুমানিক তিন লাখ ৫৯ হাজার। তবে এসব সংখ্যা অ্যাপটোপিয়ার অনুমান, মেটার প্রকাশ করা আনুষ্ঠানিক তথ্য নয়। 

মেটার বড় ইকোসিস্টেম সুবিধা দিতে পারে মিউজকে

মেটার মালিকানাধীন ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মতো জনপ্রিয় প্ল্যাটফর্ম রয়েছে। এসব প্ল্যাটফর্ম মিউজের ব্যবহারকারী বাড়াতে সহায়তা করতে পারে। মিউজ ফেসবুক ও ইনস্টাগ্রামের সঙ্গে যুক্ত করা যায়। অ্যাপটি হোয়াটসঅ্যাপের মধ্যেও ব্যবহার করা যায়। ফলে মেটার নিজস্ব একাধিক প্ল্যাটফর্মের মাধ্যমে মিউজ প্রচারের সুযোগ রয়েছে।

এখনো আনুষ্ঠানিক তথ্য দেয়নি মেটা

অ্যাপ স্টোরের র‍্যাঙ্কিংয়ে দ্রুত ওপরে উঠলেও মিউজের ব্যবহারকারী সংখ্যা নিয়ে এখনো বিস্তারিত কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেনি মেটা।

প্রাথমিক এসব হিসাব থেকে মিউজের প্রতি ব্যবহারকারীদের আগ্রহের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে দীর্ঘমেয়াদে অ্যাপটির সাফল্য নির্ভর করবে ব্যবহারকারীরা চালুর পরও এটি নিয়মিত ব্যবহার করেন কি না এবং মেটা কতটা বড় পরিসরে অ্যাপটি ছড়িয়ে দিতে পারে, তার ওপর।

আপাতত অ্যাপটোপিয়ার দেওয়া তথ্যকে মিউজের শুরুর সময়ের পারফরম্যান্সের একটি ধারণা হিসেবে দেখা যায়। মোবাইল এআইয়ের বাজারে দীর্ঘমেয়াদে অ্যাপটির অবস্থান কী হবে, তা নিশ্চিতভাবে বলার মতো তথ্য এখনো পাওয়া যায়নি।

সূত্র: সামা টিভি

মন্তব্য (০)





  • company_logo