ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ) জ্বালানির মূল্য বৃদ্ধির ফলে বাসের ভাড়া দূরপাল্লার পথে কিলোমিটার প্রতি ২০ পয়সা এবং রাজধানীসহ শহরে ১৮ পয়সা বৃদ্ধির প্রস্তাব করেছে। এই প্রস্তাব সড়ক পরিবহণ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকালে বিআরটিএর বনানী কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। যেখানে বাস মালিক-শ্রমিকসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতিনিধিরা অংশ নেন।
বিআরটিএ সূত্র বলছে, ভাড়া কত বাড়বে সিদ্ধান্ত চূড়ান্ত করবে সড়ক পরিবহণ মন্ত্রণালয়। এরপরই প্রজ্ঞাপন আকারে তা প্রকাশ করা হবে।
বাসের ভাড়া নির্ধারণের ক্ষেত্রে ব্যয় বিশ্লেষণ কমিটি রয়েছে। জ্বালানির মূল্য বৃদ্ধির সঙ্গে অন্যান্য খরচ যুক্ত করা হয়। তবে এবার অন্যান্য খরচ যুক্ত না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। অর্থাৎ জ্বালানি তেলের দাম যতটা বেড়েছে, ততটুকুই ভাড়া বাড়ানো হবে। সাধারণত, জ্বালানি তেলের দাম এক টাকা বাড়লে বাসের ভাড়া কিলোমিটার প্রতি বৃদ্ধি পায় এক পয়সা। এবার ডিজেলের মূল্য লিটারে ২০ টাকা বেড়েছে।
বিআরটিএর প্রধান কার্যালয়ে ভাড়া বাড়ানোর বিষয়ে বৈঠকের আগে পরিবহণ মালিক–শ্রমিক নেতারা মন্ত্রণালয়ে সড়ক পরিবহণ ও রেলমন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে দেখা করে ভাড়া বাড়ানোর আবেদন জানান।
জানা গেছে, দূরপাল্লার পথে কিলোমিটার প্রতি বাস ভাড়া ২০ পয়সা বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিআরটিএ। আর শহরে কিলোমিটার প্রতি ভাড়া বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে ১৮ পয়সা।
বৈঠক শেষে বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির সাধারণ সম্পাদক এ এস এম আহমেদ খোকন জানান, বৈঠকে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষিতে ভাড়া বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। দু’একদিনের মধ্যে প্রজ্ঞাপন জারি হতে পারে।
সংগঠনের মহাসচিব মো. সাইফুল আলম বলেন, আগেরবার শুধু জ্বালানির মূল্য বৃদ্ধির বিষয়টি আমলে নিয়ে ভাড়া বাড়ানো হয়েছিল। এর মধ্যে যন্ত্রাংশ অন্যান্য খরচ বেড়েছে। সেগুলো ধরে ভাড়া বাড়ানোর দরকার ছিল। কিন্তু মানুষের কষ্টের কথা চিন্তা করে তারা জ্বালানির মূল্য বৃদ্ধির হারে বাসের ভাড়া বাড়ানোর বিষয়ে একমত হয়েছেন। যত দ্রুত সম্ভব প্রজ্ঞাপন জারি করা দরকার বলে তিনি মন্তব্য করেন।
রোববার (২০ সেপ্টেম্বর) রাতে ডিজেলের দাম লিটারে ২০ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা করেছে সরকার।
গত এপ্রিলে ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানো হয়েছিল। তখন বাসের ভাড়া কিলোমিটার প্রতি ১১ পয়সা বৃদ্ধি করা হয়েছিল। বর্তমানে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের ভাড়া কিলোমিটার প্রতি ২ টাকা ৫৩ পয়সা। আর মিনিবাসের ভাড়া ২ টাকা ৪২ পয়সা। অন্যদিকে দূরপাল্লার পথে ৫২ আসনের বাসে কিলোমিটার প্রতি ভাড়া ২ টাকা ২৩ পয়সা। তবে দূরাল্লার পথে অনেক নন–এসি বাসের আসন কমিয়ে ৪০ বা এর চেয়ে কমে নামিয়ে আরমাদায়ক করা হয়েছে। সেগুলোতে ভাড়া আরও বেশি হবে। এ ছাড়া যুক্ত হবে সেতু ও সড়কের টোল।
নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে ...
নিউজ ডেস্ক : লিটারপ্রতি জ্বালানি তেলের দাম এক লাফে ২০ টাকা ব...
নিউজ ডেস্ক : গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য রাজধান...
নিউজ ডেস্ক : দেশের ২২টি সরকারি বিশ্ববিদ্যালয়ের চার শতাধিক শি...
নিউজ ডেস্ক : ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) বেলায়েত হোসেন ...

মন্তব্য (০)