ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্ক : দর্শকনন্দিত ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র এবারের পর্ব ধারণ করা হয়েছে মেঘালয় ছোঁয়া প্রকৃতির অপরূপ লীলাভূমি সীমান্তবর্তী জেলা নকশিকাঁথার জামালপুরে। অনুষ্ঠানের মূল মঞ্চ নির্মাণ করা হয়েছিল বকশীগঞ্জ উপজেলার গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত সবুজ বনানী ও নৈসর্গিক লেক পরিবেষ্টিত ‘লাউচাপড়া অবসর বিনোদনকেন্দ্রের উন্মুক্ত চত্বরে’। প্রযোজনা প্রতিষ্ঠান অগুন অডিও ভিশন জানিয়েছে, এবারের পর্বে থাকছে দুটি গান। একটিতে কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী পান্থ কানাই ও তশিবা বেগম। লিটন অধিকারী রিন্টুর কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ। আরেকটি জেলা পরিচিতিমূলক নৃত্যগীত। দ্বৈতকণ্ঠে গেয়েছেন মিজান মাহমুদ রাজীব ও সিঁথি সাহা। মনিরুজ্জামান পলাশের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা। গানটির সঙ্গে নৃত্য পরিবেশনায় ছিলেন স্থানীয় বাঙালি ও গারো শিল্পীরা।
ইত্যাদির নিয়মিত আয়োজন দর্শকপর্বে নির্বাচিত চার দর্শক জামালপুরের চারজন স্মরণীয়-বরণীয় সাংস্কৃতিক ব্যক্তিত্বের কালজয়ী চারটি গানের অংশবিশেষ পরিবেশন করেন। এ ছাড়া নিয়মিত পর্বগুলোর মতো এবারও রয়েছে বেশ কিছু প্রতিবেদন। জামালপুরের অর্থনীতি ও সংস্কৃতির অনন্য প্রতীক ‘নকশিকাঁথা’ এবং ঐতিহ্যবাহী খাবার ‘মিল্লি বা পিঠালি’র ওপর প্রতিবেদনের পাশাপাশি জামালপুর জেলার ইতিহাস, ঐতিহ্য ও প্রত্নসম্পদের ওপর একটি তথ্যভিত্তিক চিত্র তুলে ধরা হয়েছে। দেশের অন্যতম প্রাচীন ও বৃহত্তম জামালপুরের ‘তুলসীপুর ঘোড়ার হাট’-এর ওপর রয়েছে একটি প্রতিবেদন। জামালপুরে নদীভাঙনে বাস্তুচ্যুত পরিবার, অভাবের তাড়নায় বাল্যবিবাহের ক্ষতিগ্রস্ত পরিবার-এসব নিয়ে রয়েছে একটি মানবিক প্রতিবেদন। এ ছাড়া জামালপুরের জন্ম নেওয়া চারজন কালজয়ী গুণী ব্যক্তিত্বের অবদানের কথা গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয়েছে। সবশেষে, শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে নিজেদের পরিশ্রমে স্বাবলম্বী হওয়া ফেরদৌস হাসান বাপ্পী ও ওসনাই খাতুন দম্পতির অদম্য জীবন সংগ্রামের গল্প নিয়ে থাকছে এক মানবিক প্রতিবেদন।
এবারের বিদেশি প্রতিবেদন পর্বে থাকছে প্রাচীন ঐতিহ্য ও আধুনিক প্রযুক্তির অপূর্ব মেলবন্ধনে গড়ে ওঠা চীনের নয়নাভিরাম ‘সুঝৌ’ সিটির ওপর একটি বিশেষ চিত্রায়ন। থাকছে কাশেম টিভির রিপোর্টার এবং নাতির প্রাণবন্ত আলাপ। এ ছাড়া ইত্যাদির নিয়মিত আয়োজন চিঠিপত্র পর্ব ছাড়াও রয়েছে স্বল্প প্রাণ ভাইরাল গান, ডিজিটাল ট্রলের ট্রমা, ভক্তের অন্ধ ভক্তি, ফাঁপা পূর্তির ফূর্তি, সম্মান দিলে সম্মান মিলে, অনলাইন সোলজার, তৈল বিদ্যা প্রশিক্ষণকেন্দ্র, লাইভ টকের ঝুঁকি, পরজীবী মানুষসহ বেশ কয়েকটি নাট্যাংশ। বরাবরের মতো ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। অনুষ্ঠানে এ পর্বটি আগামী ২৫ সেপ্টেম্বর বাংলাদেশ টেলিভিশনে রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচার হবে।
নিউজ ডেস্ক : পুরোনো হিন্দি সিনেমায় নারী ও প্রেম বিষয়টি যেভাব...
নিউজ ডেস্ক : জনপ্রিয় নাট্যধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট&r...
বিনোদন ডেস্ক : ছোটপর্দার পরিচিত মুখ অভিনেত্রী মৌসুমী হামিদ। ...
বিনোদন ডেস্ক : ছোটপর্দার আলোচিত অভিনেতাদের একজন সাইদুর রহমান পাভেল। &lsq...
বিনোদন ডেস্ক : টালিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক বড়পর...

মন্তব্য (০)