• খেলাধুলা

১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : এশিয়ান গেমসে বাংলাদেশ নারী ফুটবল দলের হতাশাজনক পারফরম্যান্স আরও একবার দেখা গেল। গ্রুপ পর্বে টানা দ্বিতীয় ম্যাচে বড় ব্যবধানে হেরেছে পিটার বাটলারের দল।

বৃহস্পতিবার জাপানের ওসাকার নাগাই স্টেডিয়ামে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার কাছে ৬-০ গোলে পরাজিত হয়েছে বাংলাদেশ।

ম্যাচের প্রথমার্ধে দুটি গোল হজম করেছিল লাল-সবুজের দল। বিরতির পর আরও চারবার বাংলাদেশের জালে বল পাঠায় দক্ষিণ কোরিয়া। এর আগে টুর্নামেন্টের প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার বিপক্ষে ১০-০ গোলে হেরেছিল বাংলাদেশ। ফলে দুই ম্যাচে প্রতিপক্ষের কাছে ১৬ গোল হজম করে কোয়ার্টার ফাইনালে যাওয়ার পথ কঠিন হয়ে গেছে।

উত্তর কোরিয়ার বিপক্ষে অভিজ্ঞ খেলোয়াড়দের বাইরে রেখে একাদশ সাজিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন কোচ পিটার বাটলার। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে অবশ্য আগের সিদ্ধান্ত থেকে সরে এসে একাদশে ছয়টি পরিবর্তন আনেন তিনি। দলে ফেরেন ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, শামসুন্নাহার সিনিয়র ও জুনিয়র এবং অভিজ্ঞ গোলরক্ষক রূপনা চাকমা। রক্ষণে ফেরানো হয় শিউলি আজিমকেও।

অভিজ্ঞদের নিয়ে মাঠে নামার পর ম্যাচের শুরুটা বেশ ভালোভাবেই সামাল দেয় বাংলাদেশ। প্রথম ১৫ মিনিটে দক্ষিণ কোরিয়ার আক্রমণ ঠেকিয়ে সংগঠিত ফুটবল খেলতে দেখা যায় তাদের। কিন্তু ১৬ মিনিটে কর্নার থেকে আসা বলে কিম মিনজি গোল করলে এগিয়ে যায় দক্ষিণ কোরিয়া।

গোল খেয়েও হাল ছাড়েনি বাংলাদেশ। গোলরক্ষক রূপনা চাকমার কয়েকটি গুরুত্বপূর্ণ সেভে প্রতিপক্ষকে আটকে রাখা সম্ভব হয়। ৩৩ মিনিটেও কর্নার থেকে তৈরি হওয়া সুযোগ দারুণভাবে ঠেকিয়ে দেন তিনি। তবে বিরতির আগে আবারও আক্রমণে উঠে দক্ষিণ কোরিয়া। ৪২ মিনিটে ইউন সুজংয়ের ক্রস থেকে জং দাবিন হেডে গোল করে ব্যবধান ২-০ করেন।

দ্বিতীয়ার্ধের শুরুতে কিছুটা আক্রমণাত্মক হয়ে ওঠে বাংলাদেশ। মনিকা ও ঋতুপর্ণারা বল নিয়ন্ত্রণে রেখে আক্রমণ গড়ার চেষ্টা করেন। ৫৬ ও ৫৮ মিনিটে আনিকা সিদ্দিকীর মাধ্যমে দুটি ভালো সুযোগও তৈরি হয়। কিন্তু দক্ষিণ কোরিয়ার গোলরক্ষকের দৃঢ়তায় কোনোবারই গোল পাওয়া হয়নি।

এরপর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেয় দক্ষিণ কোরিয়া। ৬৫ মিনিটে চোই ইউরির গোলে ব্যবধান ৩-০ হয়। এরপর ৭৭ মিনিটে জি সো-ইউন এবং মাত্র দুই মিনিট পর হিয়ন সুলগি গোল করলে বাংলাদেশের প্রতিরোধ আরও ভেঙে পড়ে। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে কো ইউজিনের গোলের মাধ্যমে ৬-০ ব্যবধানের জয় নিশ্চিত করে দক্ষিণ কোরিয়া।

পুরো ম্যাচে বাংলাদেশের বল দখল ছিল প্রায় ৩০ শতাংশ। প্রতিপক্ষের গোলমুখে মাত্র একটি শট নিতে পেরেছে তারা। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার ছয়টি শট ঠেকিয়ে দলকে আরও বড় ব্যবধানে হারার হাত থেকে বাঁচানোর চেষ্টা করেছেন রূপনা চাকমা।

এশিয়ার অন্যতম শক্তিশালী নারী ফুটবল দল দক্ষিণ কোরিয়া। পাঁচবার বিশ্বকাপে খেলা দলটি এশিয়ান গেমসে অংশ নিয়েছে নয়বার এবং জিতেছে তিনটি ব্রোঞ্জপদক। এমন অভিজ্ঞ প্রতিপক্ষের বিপক্ষে বাংলাদেশের শক্তি ও সামর্থ্যের পার্থক্য আরও একবার স্পষ্ট হয়েছে।

তবে এশিয়ান গেমসে বাংলাদেশের অভিযান এখনও শেষ হয়নি। আগামী ২১ সেপ্টেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে মিয়ানমারের মুখোমুখি হবে তারা। সেই ম্যাচে জয় পেলে তৃতীয় সেরা দুই দলের একটি হিসেবে কোয়ার্টার ফাইনালে ওঠার সমীকরণে টিকে থাকার সুযোগ থাকবে বাংলাদেশের।

মন্তব্য (০)





image

ইয়ামালকে শুভকামনা জানালেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক : এক সপ্তাহ আগেও ব্যালন ডি’অর জয়ের দৌড়ে কোনো একজনকে...

image

উলিপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ খেলা অন...

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে প্রথম কমিউনিটি পুলি...

image

‘পাকিস্তানের সঙ্গে কোনো টুর্নামেন্টেই খেলা উচিত নয়’

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের ট্রফি বিতর্কে সরব হলেন ভারতের সাবেক ক্রিকেট...

image

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিউজ ডেস্ক : সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সিদ্ধা...

image

শচীনকে পেরিয়ে টেলরের নতুন বিশ্ব রেকর্ড

স্পোর্টস ডেস্ক : প্রায় ১২ বছর পর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক...

  • company_logo