• খেলাধুলা

‘পাকিস্তানের সঙ্গে কোনো টুর্নামেন্টেই খেলা উচিত নয়’

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের ট্রফি বিতর্কে সরব হলেন ভারতের সাবেক ক্রিকেটার মদন লাল। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) চেয়ারম্যান ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির কাছ থেকে ভারতীয় নারী দলের ট্রফি না নেওয়ার ঘটনার পর পাকিস্তানের বিপক্ষে ভারতের ক্রিকেট খেলা চালিয়ে যাওয়া উচিত কি না, সেই প্রশ্ন তুলেছেন ১৯৮৩ বিশ্বকাপজয়ী এই সাবেক পেসার।

রোববার শ্রীলংকাকে হারিয়ে নারী এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয় ভারত। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নাকভির কাছ থেকে ট্রফি গ্রহণ করেননি হারমানপ্রিত কৌরের নেতৃত্বাধীন ভারতীয় দল। গত বছর পুরুষদের এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে হারিয়েও একই অবস্থান নিয়েছিল ভারতীয় দল। সেবারও নাকভির কাছ থেকে ট্রফি নেয়নি তারা।

এই ঘটনার পর সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রতিক্রিয়া জানান মদন লাল। তার বক্তব্য, ভারত যদি পাকিস্তানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে এমন অবস্থানই ধরে রাখে, তাহলে ক্রিকেটেও একই নীতি অনুসরণ করা উচিত।

মদন লাল লিখেছেন, আবারও সেই একই পুরনো গল্প। আমরা যদি এভাবেই আচরণ করতে থাকি, তাহলে কোনো ট্রফিতেই পাকিস্তানের সঙ্গে আমাদের খেলা উচিত নয়। আমি জানি এটা বোর্ডের সিদ্ধান্ত। 

ভারতীয় দলের ট্রফি না নেওয়ার সিদ্ধান্তের ব্যাখ্যাও এসেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে। নারী এশিয়া কাপের ফাইনালের পর ভারতীয় দলের সঙ্গে মাঠে ছিলেন বিসিসিআই সচিব দেভাজিৎ সাইকিয়া ও সহ-সভাপতি রাজিব শুক্লা। পরে সাইকিয়া সংবাদ সংস্থা আইএএনএসকে জানান, পহেলগাম হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্কের পরিস্থিতি বদলে গেছে এবং দেশের মানুষের পক্ষ থেকেও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক না রাখার চাপ রয়েছে।

তবে বহুজাতিক টুর্নামেন্টে অংশ নেওয়ার ক্ষেত্রে ভারতের সরকারি নীতি অনুযায়ী প্রতিটি দলের বিপক্ষেই খেলতে হয় বলে জানান সাইকিয়া। কিন্তু ট্রফি গ্রহণের বিষয়টি আলাদা বলে ব্যাখ্যা করেন তিনি।

সাইকিয়ার ভাষ্য অনুযায়ী, আমাদের পুরুষ দল দেড় বছর আগে এশিয়া কাপ জিতেছিল... তবে গত বছরের এপ্রিলে পহেলগাম হামলার পর থেকে পুরো পরিস্থিতিটাই পাল্টে যায়। আমাদের নাগরিকদের পক্ষ থেকে আমাদের ওপর চাপ আছে যে, আমরা যেন আমাদের প্রতিবেশী দেশের সঙ্গে কোনো সম্পর্ক না রাখি এবং তাদের সঙ্গে ক্রিকেট না খেলি। যদিও আমাদের সরকারের একটি নীতি আছে যে, বহুজাতিক টুর্নামেন্টগুলোতে আমাদের অবশ্যই প্রতিটি দেশের বিরুদ্ধে খেলতে হবে।” 

তিনি আরও বলেন, কিন্তু তার মানে এই নয় যে আমাদের জন্য রাখা প্রতিটি শর্ত আমরা মেনে চলব। আমাদের সামরিক সংঘাত এখনও চলছে। আমাদের দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করা প্রধান নেতাদের একজনের কাছ থেকে আমরা ট্রফি গ্রহণ করতে পারি না। গত বছর পুরুষ দলের নেওয়া সিদ্ধান্তের সঙ্গে এবার নারী দলও সংহতি প্রকাশ করেছে।

মন্তব্য (০)





  • company_logo