• খেলাধুলা

বাংলাদেশ সিরিজে ইতিহাস গড়ার অপেক্ষায় স্টার্ক

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজ মিচেল স্টার্কের জন্য হতে পারে একাধিক ব্যক্তিগত মাইলফলক স্পর্শ করার উপলক্ষ। মাত্র দুটি উইকেট পেলেই টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় ভারতের কিংবদন্তি কপিল দেবকে পেছনে ফেলবেন অস্ট্রেলিয়ার এই অভিজ্ঞ বাঁহাতি পেসার।

এ মুহূর্তে স্টার্কের টেস্ট উইকেট সংখ্যা ৪৩৩, যেখানে কপিল দেবের ঝুলিতে রয়েছে ৪৩৪টি উইকেট। ফলে একটি উইকেট নিলেই কপিলের সমান হয়ে যাবেন তিনি, আর দুটি শিকার করলেই তাকে ছাড়িয়ে যাবেন। এরপর তার লক্ষ্য হবে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ডেল স্টেইনের ৪৩৯ উইকেটের রেকর্ড। সেই মাইলফলক অতিক্রম করতে পারলে টেস্ট ইতিহাসের সর্বোচ্চ উইকেটশিকারিদের সেরা দশেও জায়গা করে নেবেন স্টার্ক।

তবে ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের লক্ষ্যকেই বেশি গুরুত্ব দিচ্ছেন ৩৬ বছর বয়সি এই তারকা পেসার। তার মতে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখাই অস্ট্রেলিয়ার প্রধান উদ্দেশ্য।

রেকর্ড প্রসঙ্গে স্টার্ক বলেন, ‘এটি প্রমাণ করে আমি দীর্ঘ সময় ধরে খেলছি। যাদের পাশে আমার নাম উচ্চারিত হচ্ছে, তারা সবাই কিংবদন্তি। এটি অবশ্যই সম্মানের, কিন্তু এখনও খেলছি বলে এসব নিয়ে খুব বেশি ভাবছি না। আপাতত সামনে থাকা ম্যাচগুলোতেই মনোযোগ দিতে চাই।’

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের বিপক্ষে সিরিজ শেষেই তাদের সামনে অপেক্ষা করছে ব্যস্ত সূচি। অক্টোবরে দক্ষিণ আফ্রিকার মাটিতে তিন টেস্টের সিরিজ, এরপর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে চার টেস্ট এবং বছরের শেষ দিকে ভারতের বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফির পাঁচ ম্যাচের লড়াই খেলবে তারা।

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে দুর্দান্ত ছন্দে রয়েছেন স্টার্ক। আট টেস্টে ৪৬ উইকেট নিয়ে তিনি এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেটশিকারি। এছাড়া ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ অ্যাশেজ সিরিজেও দুই দলের মধ্যে সর্বোচ্চ ৩১টি উইকেট নিয়েছিলেন এই বাঁহাতি পেসার।

বয়স বাড়লেও নিজের পারফরম্যান্সে তার প্রভাব পড়তে দেননি স্টার্ক। অভিজ্ঞতার সঙ্গে নতুন কৌশল যোগ করে আরও কার্যকর বোলার হয়ে উঠেছেন বলে জানান তিনি। স্টার্কের ভাষায়, ‘৩৬ বছর বয়সে এসে এবং ১৬ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলার পর কিছু না কিছু উন্নতি হবেই। দীর্ঘ সময় এই পর্যায়ে টিকে থাকতে হলে প্রতিনিয়ত শিখতে, মানিয়ে নিতে এবং নিজের খেলাকে আরও সমৃদ্ধ করতে হয়।’

নিজের বোলিংয়ে পরিবর্তন প্রসঙ্গে তিনি বলেন, ‘ওয়াবল সিম, আরও ধারাবাহিকতা এবং কয়েকটি নতুন বিষয় যোগ করেছি। এগুলো নিয়ে আমার পরিকল্পনা ও ভাবনা এখন অনেক পরিষ্কার।’

মন্তব্য (০)





  • company_logo