• লিড নিউজ
  • শিক্ষা

‎উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন করতে চায় ইউজিসি

  • Lead News
  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ উচ্চশিক্ষা খাতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে যৌথ অংশীদারিত্ব সম্প্রসারণ এবং আন্তর্জাতিক মানসম্পন্ন দ্বৈত ডিগ্রি কর্মসূচি বাস্তবায়ন করতে চায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। এই লক্ষ্যে একটি জাতীয় কাঠামো (ন্যাশনাল ফ্রেমওয়ার্ক) প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়।

‎শনিবার (২০ জুন) সকালে বাকৃবি ও ইউজিসির যৌথ আয়োজনে এ বিষয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) এক গুরুত্বপূর্ণ আলোচনা ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভার প্রতিপাদ্য ছিল ‘ডেভেলপমেন্ট অব আ ন্যাশনাল ফ্রেমওয়ার্ক ফর জয়েন্ট পার্টনারশিপ ইন হায়ার এডুকেশন সেক্টর বিটুইন বাংলাদেশ অ্যান্ড ইউনাইটেড স্টেটস অব আমেরিকা’

‎বিশেষজ্ঞ ড. গ্রেস মুকুপা বলেন, বাংলাদেশের জন্য কোনো বিদেশি মডেল চাপিয়ে দেওয়া নয়, বরং দেশের বিদ্যমান নীতিমালা, শিক্ষা কাঠামো ও প্রাতিষ্ঠানিক বাস্তবতাকে বিবেচনায় রেখে একটি টেকসই ও আন্তর্জাতিক মানসম্পন্ন রূপরেখা তৈরি করাই এ উদ্যোগের লক্ষ্য। তিনি বলেন, এমন একটি কাঠামো গড়ে তোলা হচ্ছে যা ভবিষ্যতে বাংলাদেশ নিজেই পরিচালনা, সম্প্রসারণ এবং উন্নয়ন করতে সক্ষম হবে।

‎তিনি জানান, প্রাথমিকভাবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি কাঠামোবদ্ধ ‘টু প্লাস টু’ মডেল চালুর পরিকল্পনা রয়েছে। এ ব্যবস্থায় একজন শিক্ষার্থী প্রথম দুই বছর বাংলাদেশে অধ্যয়ন করবেন এবং পরবর্তী দুই বছর যুক্তরাষ্ট্রের অংশীদার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা সম্পন্ন করবেন। সফলভাবে কোর্স সমাপ্তির পর শিক্ষার্থীরা উভয় বিশ্ববিদ্যালয় থেকে পৃথক ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।

‎অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক এ. কে ফজলুল হক ভূঁইয়া বলেন, বর্তমান বিশ্বে উচ্চশিক্ষাকে আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা সময়ের দাবি। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথ অংশীদারিত্ব এবং ডুয়াল ডিগ্রি কার্যক্রম চালু হলে আমাদের শিক্ষার্থীরা বিশ্বমানের শিক্ষা, গবেষণা ও দক্ষতা অর্জনের আরও বিস্তৃত সুযোগ পাবে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এ ধরনের উদ্যোগকে স্বাগত জানায় এবং এর সফল বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে।

‎সভায় উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণ ও বৈশ্বিক মানের সঙ্গে সামঞ্জস্য প্রতিষ্ঠার বিভিন্ন নীতিগত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এর মধ্যে অন্যতম ছিল বাংলাদেশের জাতীয় যোগ্যতা কাঠামো (বিএনকিউএফ) অনুযায়ী অর্জিত ক্রেডিটকে যুক্তরাষ্ট্রের কার্নেগি ইউনিট পদ্ধতির সঙ্গে সমন্বয় করা। পাশাপাশি পাঠ্যক্রমের সামঞ্জস্য, ক্রেডিট স্থানান্তর এবং শিক্ষার্থীদের একাডেমিক অর্জনের আন্তর্জাতিক স্বীকৃতি নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলব্রাইট স্পেশালিস্ট এবং উচ্চশিক্ষা নীতি বিশেষজ্ঞ ড. গ্রেস মুকুপা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ. কে ফজলুল হক ভূঁইয়া, উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমান, ভেটেরিনারি অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান, কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আমিরুল ইসলাম, অ্যানিমেল হাজবেন্ড্রি অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. রুহুল আমিন।

‎অনুষ্ঠানের সমন্বয়ক অধ্যাপক ড. মো. সামছুল আলম, আইআইএফএস-এর পরিচালক অধ্যাপক ড. মো. মাহবুব আলম, রেজিস্ট্রার ড. হেলাল উদ্দীন, ট্রেজারার অধ্যাপক ড. হুমায়ুন কবির, জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক ড. মো. জহিরুল আলম এবং ইন্টারন্যাশনাল ডেস্কের পরিচালক অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন অনুষদের শিক্ষার্থী প্রতিনিধি এবং বিদেশী শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

পবিপ্রবিতে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল, উৎসবমুখর ক্যাম্পাস

পবিপ্রবি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্...

image

নজরুল বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সে...

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কা...

image

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল, সম্ভাব্য সময় জানালো...

নিউজ ডেস্কঃ চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী...

image

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা পরবর্তী নির্দ...

নিউজ ডেস্কঃ সাম্প্রতিক বন্যা-পরবর্তী পরিস্থিতি এবং পরীক...

image

এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে সরকারের ৫ উদ্যোগ

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত...

  • company_logo