• বিনোদন

রণবীরকে সরিয়ে বলিউডের নতুন ‘ডন’ সালমান খান

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : ফারহান আখতারের প্রযোজনা সংস্থার সঙ্গে জোট বেঁধেছিলেন বলিউড অভিনেতা রণবীর সিং। ‘ডন ৩’ সিনেমায় অভিনয়ের জন্য অগ্রিম পারিশ্রমিকও নিয়েছিলেন তিনি। এরপরও সিনেমা থেকে সরে দাঁড়ানো নিয়ে তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছে। শেষ মুহূর্তে ‘ডন ৩’ সিনেমা ছাড়ার মাসুলও গুনছেন রণবীর সিং।

সেই ইস্যুতে ‘ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ’ ‘অসহযোগিতার নির্দেশিকা’ জারি করেছে। যার অর্থ ভবিষ্যতে ‘ধুরন্ধর’ অভিনেতার কোনো প্রজেক্টের ক্ষেত্রে কলাকুশলীদের অসহযোগিতার মুখে পড়ার সম্ভাবনা প্রবল। 

বলিপাড়ায় চলমান বিতর্কে এবার নাটকীয় মোড় নিয়েছে। বলি ইন্ডাস্ট্রির কানাঘুষা— অভিনেতা রণবীরের জুতায় পা গলাচ্ছেন ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, ফারহান আখতারের সঙ্গে একটি বিগ বাজেট পিরিয়ড ড্রামা নিয়ে আলোচনা সেরেছেন সালমান খান। এ দুই তারকা গত এক মাস ধরে নিয়মিত বৈঠক করছেন এবং একটি সম্ভাব্য সিনেমা নিয়ে আলোচনা চলছে। তবে বিষয়টি প্রাথমিক পর্যায়ে রয়েছে বলেই জানা গেছে।

এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো চুক্তিসই হয়নি। সালমানের নাকি সিনেমার স্ক্রিপ্টও পছন্দ হয়েছে। এটি একটি বিশাল স্কেলের পিরিয়ড অ্যাকশন ড্রামা হতে চলেছে। দুটি ভাগে হয়তো সিনেমা মুক্তি পাবে।

‘ডন ৩’ বিতর্কের মাঝে ফারহান-সালমান সাক্ষাৎ সব জল্পনা জোরালো করেছে তা বললে অত্যুক্তি হবে না। যদিও এখন পর্যন্ত সিনেমার কাহিনি কিংবা গল্প সম্পর্কে কিছু জানা যায়নি। 

ফারহান বা সালমানের তরফেও মেলেনি কোনো ইঙ্গিতপূর্ণ বার্তা। তবে এই জল্পনা সত্যি হলে বলিউড যে শাহেনশাহ অমিতাভ বচ্চন ও বাদশাহ শাহরুখ খানের পর নতুন ‘ডন’ হিসেবে সালমানকে পেতে চলেছেন, তা বলাই বাহুল্য।

এদিকে সিনেমার পোস্টার মুক্তির পরই অভিনেতার আইনজীবীর তরফে প্রযোজককে ফৌজদারি মামলার হুঁশিয়ারি দেওয়া হয়। যদিও সেই হুমকিকে বুড়ো আঙুল দেখিয়ে শুক্রবার মুক্তি পেয়েছে ‘কালা হিরণ: দ্য ব্যাটল ফর লিগ্যাসি’র টিজার। একাধিক মিডিয়া রিপোর্ট মোতাবেক, দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সালমান খান। 

টিজার প্রকাশ্যে আসতেই বিন্দুমাত্র বিলম্ব না করে সিনেমা মুক্তির স্থগিতাদেশের আবেদন করেছেন তিনি। ভাইজানের অভিযোগ— ‘কালা হিরণ: দ্য ব্যাটল ফর লিগ্যাসি’ নামক এ সিনেমাটি তার ব্যক্তিত্ব ও পাবলিক ইমেজকে কলুসিত করছে।

এ মুহূর্তে ‘কালা হিরণ’ সিনেমা নিয়ে যথেষ্ট চাপে রয়েছেন ভাইজান। ২০১৮ সালে দোষী সাব্যস্ত হওয়ায় দুই রাত জেলেও থাকতে হয় সালমানকে। সেই সময়ে জামিনে ছাড়া পেলেও আজও কৃষ্ণসার হরিণ হত্যা মামলা বিচারাধীন। বাস্তবের গল্প পর্দায় ফুটিয়ে তুলছেন পরিচালক ভরত শ্রীনাথ। জীবনের ‘কলঙ্কিত অধ্যায়’-এর নিরিখে তৈরি চিত্রনাট্য নিয়ে অস্বস্তিতে ষাটোর্ধ্ব বলি সুপারস্টার।

মন্তব্য (০)





  • company_logo