• লিড নিউজ
  • শিক্ষা

স্কুল ফিডিং কর্মসূচিতে গাফিলতি হলে কঠোর ব্যবস্থা: মন্ত্রণালয়

  • Lead News
  • শিক্ষা

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি’ শীর্ষক প্রকল্পের আওতায় কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বিতরণকৃত খাবারের মান নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছে সরকার। এ কর্মসূচি বাস্তবায়নে এবং খাবারের মান যাচাইয়ে কোনো প্রকার গাফিলতি, শৈথিল্য বা অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় মামলাসহ আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

‎প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে এ নির্দেশনা দেয়া হয়। আদেশটি দেশের প্রকল্পভুক্ত ১৫০টি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের কাছে পাঠানো হয়েছে।

‎মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো থেকে খাবার গ্রহণের পূর্বেই সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের তা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে নিতে হবে। কোনো অবস্থাতেই নিম্নমানের ও ত্রুটিপূর্ণ খাবার গ্রহণ বা বিতরণ করা যাবে না।

‎খাদ্যের গুণগত মান নিশ্চিত করতে প্রধান শিক্ষকদের জন্য বেশ কিছু সুনির্দিষ্ট নির্দেশনাবলি দেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে, বনরুটি তাজা, নরম ও সঠিকভাবে মোড়কজাত কিনা পরীক্ষা করতে হবে। প্যাকেট অক্ষত এবং পচন, ফাংগাস বা দুর্গন্ধমুক্ত হতে হবে। প্যাকেটের গায়ে উৎপাদন, মেয়াদোত্তীর্ণের তারিখ এবং নেট ওজন (১২০ গ্রাম) উল্লেখ থাকা বাধ্যতামূলক।

‎নির্দেশনায় বলা হয়, ডিম ফাটা, দুর্গন্ধযুক্ত বা পিচ্ছিল হতে পারবে না। কলা দাগ ও পোকামুক্ত হতে হবে। বেশি পাকা বা পচা কলা কোনোভাবেই বিতরণ করা যাবে না। ইউএইচটি মিল্ক এবং ফর্টিফাইড বিস্কুটের ক্ষেত্রে প্যাকেজিং অক্ষত থাকার পাশাপাশি উৎপাদন-মেয়াদোত্তীর্ণের তারিখ এবং নেট ওজন যাচাই করতে হবে।

‎মন্ত্রণালয় জানিয়েছে, সম্প্রতি বিভিন্ন উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পচা বনরুটি, পচা ডিম, আকারে ছোট ও পচা কলা বিতরণসহ নানা প্রকার অভিযোগ পাওয়া যাচ্ছে। এতে মানসম্মত খাদ্য সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় প্রকল্পের মূল উদ্দেশ্য যেমন ব্যাহত হচ্ছে, তেমনি কোমলমতি শিশুদের বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি হচ্ছে।

‎এ প্রেক্ষিতেই আদেশে স্পষ্ট বলা হয়েছে, কোনো সরবরাহকারী প্রতিষ্ঠান নিম্নমানের বা ত্রুটিপূর্ণ খাবার দিলে প্রধান শিক্ষকরা তা গ্রহণ করবেন না এবং তাৎক্ষণিকভাবে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবেন। এ কাজে কোনো ধরনের অবহেলা বা অনিয়ম সহ্য করা হবে না।

মন্তব্য (০)





  • company_logo