• লিড নিউজ
  • জাতীয়

‎স্বার্থান্বেষী মহলের কার্যকলাপ জুলাই চেতনাকে কালিমালিপ্ত করার অপপ্রয়াস: শিক্ষা উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ স্বার্থান্বেষী মহলের কার্যকলাপ জুলাই আন্দোলনের চেতনাকে কালিমালিপ্ত করার অপপ্রয়াসই বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা ড. সি. আর. আবরার।

‎আজ এক বিবৃতিতে তিনি বলেন, এর ফলে বাংলাদেশ বিরোধী ফ্যাসিস্ট অপশক্তির ষড়যন্ত্র সফল হওয়ার আশংকাও দেখা দিতে পারে।

‎ড. সি আর আবরার বলেন, শহীদ শরিফ ওসমান হাদির শাহাদতের হৃদয়বিদারক ঘটনায যখন সমগ্র জাতি শোকাহত, তখন এই ঘটনার অপসুযোগ নিয়ে কিছু সংখ্যক উগ্র, অবিবেচক গোষ্ঠী দেশের বিভিন্ন স্থানে অরাজকতা ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত রয়েছে।

‎এই গোষ্ঠী বাংলাদেশের দীর্ঘদিনের একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান ‘ছায়ানটে’র ভবন আক্রমণ করেছে, তাতে অগ্নিসংযোগ করেছে এবং এই প্রতিষ্ঠানের অনেক সংগীত ও শিক্ষা উপকরণ ধ্বংস করেছে। ‘ছায়ানটে’র পরিচালনায়  ওই ভবনে ‘নালন্দা’ নামে যে বিদ্যালয়ের কার্যক্রম পরিচালিত হয়, এই আক্রমণে সেটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই।

‎এই সঙ্গে আমি সাংস্কৃতিক সংগঠন ‘উদীচী’র কার্যালয়ে আক্রমণ ও অগ্নিসংযোগেরও নিন্দা জানাই।

‎বাংলাদেশের দু’টি সংবাদপত্র ‘প্রথম আলো’ এবং ‘দ্যা ডেইলি স্টার’-এর কার্যালয়ে সংঘটিত আক্রমণ এবং এদেশের প্রবীণ ও সাহসী সাংবাদিক নুরুল কবীরকে অপদস্থ করার হীন কর্মকাণ্ডে আমি গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করছি।

‎স্বার্থান্বেষী মহলের এই ধরনের কার্যকলাপ জুলাই আন্দোলনের চেতনাকে কালিমালিপ্ত করার অপপ্রয়াসই শুধু নয়, এর ফলে বাংলাদেশ বিরোধী ফ্যাসিস্ট অপশক্তির ষড়যন্ত্র সফল হওয়ার আশংকাও দেখা দিতে পারে।

মন্তব্য (০)





  • company_logo