ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ ‘আমাদের দেশে হেল্পলাইন আছে ঠিকই, কিন্তু তা মানুষের প্রকৃত প্রয়োজনে কতটা কাজে আসছে?’ বলে মন্তব্য করেছেন ডা. তাসনিম জারা। ২৪ নভেম্বর রাত ১০টা ১৩ মিনিটে ভেরিফায়েড আইডিতে এমন পোস্ট করেন এনসিপির সাবেক এই নেত্রী।
ডা. তাসনিম জারা লিখেছেন, ‘একজন গর্ভবতী নারীকে স্বামী মারধর করে ঘর থেকে বের করে দেন। কোলের শিশুকে নিয়ে, স্বামীর কাছ থেকে কোনো খরচ না পেয়ে, তিনি ফোন করেন সরকারের হেল্পলাইন ১০৯-এ। তাকে বলা হলো, একজন আইনজীবীর সঙ্গে যোগাযোগ করুন আর সদরঘাটের কাছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে যান। কার সঙ্গে দেখা করবেন, কোথা থেকে শুরু করবেন, কিছুই জানতেন না তিনি।
এবার ভাবুন অন্তঃসত্ত্বা অবস্থায় ঘর থেকে বের করে দেওয়া এমন একজন নারী, যার মা-বাবা বেঁচে নেই, পাশে দাঁড়ানোর মতো কোনো আত্মীয়-স্বজনও নেই। তিনি একেবারেই একা। তিনি কোথায় যাবেন, কোথায় থাকবেন? আদালত পর্যন্ত যাওয়ার ভাড়া, মামলা চলার দিনগুলোতে থাকা-খাওয়ার খরচই বা তিনি কোথা থেকে জোগাড় করবেন?
আমাদের দেশে হেল্পলাইন আছে ঠিকই, কিন্তু তা মানুষের প্রকৃত প্রয়োজনে কতটা কাজে আসছে? ১০৯ হেল্পলাইনে শুধু ২০২২ সালেই ৭ লাখের বেশি কল এসেছিল। তার ৯৫ শতাংশ ক্ষেত্রেই কলদাতাকে শুধু ‘তথ্য’ দেওয়া হয়েছে। সেবা দেওয়া হয়নি। ভালো তথ্য দেওয়া নিঃসন্দেহে দরকারি, কিন্তু যে মানুষটি চরম বিপদে পড়ে একা লড়ছেন, তার কাছে শুধু একটি ঠিকানা বা তথ্য পৌঁছে দিলেই কি দায়িত্ব শেষ হয়ে যায়?
যে মানুষের পাশে পরিবার আছে, আর্থিক সামর্থ্য আছে, তিনি হয়তো নিজের ব্যবস্থা নিজেই করে নিতে পারেন। কিন্তু হেল্পলাইনের উদ্দেশ্যই হচ্ছে সেই মানুষগুলোর সেবা নিশ্চিত করা, যারা একা এই লড়াইটা লড়তে পারবেন না। সে ক্ষেত্রে এমন দায়সারা সমাধান গ্রহণযোগ্য নয়।
যেসব দেশে এই ব্যবস্থা কার্যকরভাবে কাজ করে, সেখানে চিত্রটা একদম আলাদা। যেমন ইংল্যান্ডে নির্যাতনের শিকার কেউ হেল্পলাইনে ফোন করলে তাকে কেবল তথ্য দিয়ে বিদায় করা হয় না। রাষ্ট্র সেখানে বিপদগ্রস্ত মানুষটিকে নিরাপদ জায়গায় পৌঁছে দেওয়ার দায়িত্ব নেয়।
আমাদের দেশে অনেক কিছুরই সামর্থ্য তৈরি হচ্ছে, শুধু সমাজের সবচেয়ে দরিদ্র, অসহায় ও বিপদাপন্ন মানুষগুলোকে সুরক্ষা দেওয়ার জায়গাটাতেই যত কার্পণ্য। আট কোটির বেশি নারীর এই দেশে নির্যাতনের শিকার নারীদের জন্য আশ্রয়কেন্দ্র সব মিলিয়ে তিন ডজনের মতো।
মানুষের জন্য ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে এই বিষয়গুলো তুলে ধরেছি।’
নিউজ ডেস্কঃ শহীদ শরিফ ওসমান হাদির প্রথম শাহাদাতবার্ষিকী...
নিউজ ডেস্কঃ বন্দি প্রত্যর্পণ চুক্তির বাইরে ছাত্র-জনতার...
নিউজ ডেস্কঃ গোপালগঞ্জকে কেন্দ্র করে দেশে যে অরাজক পরিস্...
নিউজ ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখ...
নিউজ ডেস্কঃ বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর...

মন্তব্য (০)