• লাইফস্টাইল

‎শীতে রুক্ষ ত্বক ভালো রাখবেন যেভাবে

  • লাইফস্টাইল

ছবিঃ সংগৃহীত

‎লাইফস্টাইল ডেস্কঃ শীত এলেই আবহাওয়ার পরিবর্তনের প্রভাব পড়ে ত্বকে। বাতাসে আর্দ্রতা কমে যাওয়ায় ত্বক শুষ্ক ও রুক্ষ হয়ে যেতে পারে। অনেকের ক্ষেত্রে দেখা দেয় চুলকানি, ফাটা ত্বক ও ব্রণের মতো সমস্যাও। এ সময় নিয়মিত ত্বকের যত্নের পাশাপাশি খাদ্যাভ্যাস ও জীবনযাপনে কিছু পরিবর্তন আনা জরুরি। কয়েকটি সহজ অভ্যাস মেনে চললে শীতেও ত্বকের স্বাভাবিক আর্দ্রতা ও সতেজতা ধরে রাখা সম্ভব।
‎
‎ত্বক ভালো রাখতে প্রতিদিনের জীবনযাপনে যেসব অভ্যাস গড়ে তুলতে পারেন—
‎
‎ঠোঁটের মৃত কোষ দূর করুন
‎
‎ত্বকের যত্নে মৃত কোষ দূর করার বিষয়টি কমবেশি সবারই জানা। তবে শীতকালে মুখের ত্বকের পাশাপাশি ঠোঁটেরও যত্ন নেওয়া প্রয়োজন। এ সময় ঠোঁট বেশি শুষ্ক ও রুক্ষ হয়ে যায়। নিয়মিত ঠোঁটের মৃত কোষ দূর করলে রুক্ষতা কমে এবং ঠোঁট কোমল ও মসৃণ থাকে। এ জন্য ঠোঁট পরিষ্কারের উপযোগী স্ক্রাব ব্যবহার করতে পারেন। চাইলে মুখের ত্বক পরিষ্কারের স্ক্রাবও ব্যবহার করা যায়। তবে ঠোঁটের ত্বক সংবেদনশীল হওয়ায় খুব আলতোভাবে পরিষ্কার করতে হবে।
‎
‎অ্যান্টি–অক্সিডেন্টসমৃদ্ধ খাবার খান
‎
‎ত্বক সুস্থ রাখতে পুষ্টিকর খাবারের বিকল্প নেই। খাদ্যতালিকায় অ্যান্টি–অক্সিডেন্টসমৃদ্ধ খাবার রাখুন। এসব উপাদান শরীরকে অক্সিডেটিভ স্ট্রেসের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষায় সহায়তা করে। ডালিম, পালংশাক, ব্লুবেরি, স্ট্রবেরি ও ডার্ক চকলেটে অ্যান্টি–অক্সিডেন্ট রয়েছে। তাই প্রতিদিনের খাবারে ফল ও শাকসবজি রাখার চেষ্টা করুন।
‎
‎ত্বকের আর্দ্রতা ধরে রাখুন
‎
‎শীতকালে বাতাসে আর্দ্রতা কম থাকায় ত্বক দ্রুত শুষ্ক হয়ে যায়। এ সমস্যা এড়াতে গোসলের পরপরই ময়েশ্চারাইজার ব্যবহার করুন। ত্বকের ধরন অনুযায়ী উপযুক্ত ময়েশ্চারাইজার বেছে নেওয়া জরুরি। পাশাপাশি অতিরিক্ত গরম পানি দিয়ে গোসল না করাই ভালো। কারণ, গরম পানি ত্বকের স্বাভাবিক তৈলাক্ত স্তর কমিয়ে শুষ্কতা বাড়াতে পারে।
‎
‎মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখুন
‎
‎মানসিক চাপের প্রভাব ত্বকেও পড়তে পারে। দীর্ঘদিন মানসিক চাপে থাকলে শরীরে হরমোনের পরিবর্তন ঘটে, যা ব্রণসহ বিভিন্ন ত্বকের সমস্যা বাড়াতে পারে। তাই মানসিক চাপ কমাতে নিয়মিত শরীরচর্চা করুন। পাশাপাশি পছন্দের কাজে সময় কাটানো, ডায়েরি লেখা কিংবা কোথাও বেড়িয়ে আসতে পারেন।
‎
‎পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন
‎
‎ত্বক সুস্থ রাখতে পর্যাপ্ত ঘুম প্রয়োজন। ঘুমের সময় শরীরের কোষ পুনরুদ্ধার ও মেরামতের প্রক্রিয়া চলে। নিয়মিত ঘুমের ঘাটতি হলে ত্বকে ক্লান্তির ছাপ পড়তে পারে। তাই প্রতিদিন অন্তত সাত থেকে আট ঘণ্টা ঘুমানোর অভ্যাস গড়ে তুলুন। ঘুমের নির্দিষ্ট সময়সূচি মেনে চলাও জরুরি।
‎
‎সানস্ক্রিন ব্যবহার করুন
‎
‎শীতকালে রোদের তীব্রতা কম মনে হলেও সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বকের ক্ষতি করতে পারে। এ কারণে বাইরে বের হওয়ার আগে সানস্ক্রিন ব্যবহার করা প্রয়োজন। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী এসপিএফ ৩০ বা তার বেশি মাত্রার ব্রড-স্পেকট্রাম সানস্ক্রিন ব্যবহার করতে পারেন। পাশাপাশি ছাতা, টুপি ও শরীর ঢাকা পোশাক ব্যবহার করুন।
‎
‎ভিটামিন সি-সমৃদ্ধ খাবার খান
‎
‎ত্বকের সুস্থতা বজায় রাখতে ভিটামিন সি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি কোলাজেন তৈরিতে সহায়তা করে। কোলাজেন ত্বকের নমনীয়তা ও দৃঢ়তা ধরে রাখতে প্রয়োজনীয়। লেবু, কমলা, পেয়ারা, আমলকীসহ বিভিন্ন ফলে ভিটামিন সি পাওয়া যায়। তাই প্রতিদিনের খাদ্যতালিকায় এসব ফল রাখতে পারেন।
‎
‎পর্যাপ্ত পানি পান করুন
‎
‎শীতকালে অনেকেরই পানি পান করার প্রবণতা কমে যায়। তবে শরীরের পানির চাহিদা পূরণ করা এ সময়ও জরুরি। পানিশূন্যতা দেখা দিলে ত্বক শুষ্ক ও নিষ্প্রভ হয়ে যেতে পারে। তাই তৃষ্ণা কম পেলেও নিয়মিত পানি পান করুন। পাশাপাশি অতিরিক্ত ক্যাফেইন ও অ্যালকোহল গ্রহণের অভ্যাস থাকলে তা কমিয়ে আনুন।
‎
‎শীতকালে ত্বকের যত্ন নিতে দামি প্রসাধনীর প্রয়োজন হয় না সব সময়। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা, ত্বকের আর্দ্রতা বজায় রাখা, পুষ্টিকর খাবার খাওয়া ও পর্যাপ্ত ঘুমের মতো অভ্যাসই ত্বক সুস্থ রাখতে সহায়ক হতে পারে। তবে ত্বকে দীর্ঘস্থায়ী চুলকানি, প্রদাহ বা অন্য কোনো সমস্যা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

মন্তব্য (০)





image

ট্যাবলেট খেলেই নির্মূল হবে অগ্ন্যাশয়ের ক্যানসার, আসছে নতু...

১

নিউজ ডেস্ক : অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসায় নতুন সম্ভাবনার কথ...

image

‎বাড়িতে তৈরি করুন খুসকি দূর করার শ্যাম্পু

২

লাইফস্টাইল ডেস্ক: শীতকাল এলেই মাথার চুল রুক্ষ-শুষ্ক হয়ে পড়...

image

‎শীতে সর্দি-কাশিতে অ্যান্টিবায়োটিক নয়, ভরসা রাখুন তিন র...

৩

লাইফস্টাইল ডেস্ক: শীতের হিমেল হাওয়া গায়ে লাগতেই অনেকের শুর...

image

ফ্যাটি লিভার-ক্যানসারের জন্যও দায়ী প্রদাহ, এই ৩ লক্ষণে আজ...

৪

নিউজ ডেস্ক : সকালবেলা ঘুম থেকে উঠেও শরীরজুড়ে ক্লান্তি, ঘন ঘন...

image

‎আজ শুভ দাম্পত্য দিবস, জীবনসঙ্গীকে দিন একটু বাড়তি সময়

৫

‎লাইফস্টাইল ডেস্ক: দাম্পত্য জীবনে ভালোবাসা, বিশ্বাস আর প...

  • company_logo